১৩ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ফ্রি শাটল বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই!

প্রকাশ: শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
শাহজালালে ফ্রি শাটল বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের যাতায়াত সহজ করতে চালু করা হয়েছে বিনামূল্যের শাটল বাস সার্ভিস। বয়স্ক, শিশু নিয়ে ভ্রমণকারী পরিবার, শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়। তবে চালুর পর বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, প্রত্যাশিত সাড়া মিলছে না। লাগেজ রাখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, বাসের দীর্ঘ বিরতি এবং প্রচারণার ঘাটতির কারণে অধিকাংশ যাত্রী এখনও হেঁটেই বিমানবন্দর থেকে বের হচ্ছেন।

গত ৮ জুলাই বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এই সেবার উদ্বোধন করেন। পরিকল্পনা অনুযায়ী দুটি বাস টার্মিনাল-১ ও টার্মিনাল-২ থেকে প্রতি ৩০ মিনিট পরপর বিমানবন্দর বাসস্টেশন, জসিম উদ্দীন সড়ক, বিমানবন্দর রেলস্টেশন ও কাওলা হয়ে পুনরায় বিমানবন্দরে ফিরে আসে। পুরো সেবাই বিনামূল্যে।

তবে যাত্রীদের অভিযোগ, বাসের নকশা বিমানবন্দরের যাত্রীদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিদেশফেরত ও বিদেশগামী যাত্রীদের সঙ্গে সাধারণত বড় বড় লাগেজ থাকে। কিন্তু বাসে লাগেজ রাখার আলাদা কোনো র্যাক বা সংরক্ষণ ব্যবস্থা না থাকায় সেগুলো কোলে বা চলাচলের পথেই রাখতে হয়। এতে যাত্রীদের ওঠানামা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়।

সরেজমিনে দেখা গেছে, অনেক সময় বাসে মাত্র একজন বা দু-একজন যাত্রী থাকছে। আবার বাসের জন্য আধা ঘণ্টা অপেক্ষা করতে না চেয়ে বেশিরভাগ যাত্রী ভারী লাগেজ কাঁধে নিয়েই বিমানবন্দর সড়ক বা রেলস্টেশনের দিকে হেঁটে যাচ্ছেন।

অনেক যাত্রী জানান, তারা শাটল বাস সেবা চালুর বিষয়টিই জানতেন না। বিদেশফেরত এক প্রবাসী বলেন, পাঁচ মিনিট হেঁটেই বিমানবন্দর সড়কে পৌঁছানো যায়, তাই আধা ঘণ্টা অপেক্ষা করার কোনো অর্থ নেই। তার মতে, ১০ থেকে ১৫ মিনিট পরপর বাস চললে যাত্রী বাড়বে।

বিমানবন্দর সংশ্লিষ্টদের মতে, শুধু বাস চালু করলেই হবে না, যাত্রীবান্ধব পরিকল্পনাও নিশ্চিত করতে হবে। বাসে লাগেজ রাখার আলাদা ব্যবস্থা, কম সময়ের ব্যবধানে সার্ভিস পরিচালনা এবং বাংলা-ইংরেজি উভয় ভাষায় কার্যকর প্রচারণা চালানো হলে এই সেবা প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য সত্যিকারের স্বস্তির মাধ্যম হয়ে উঠতে পারে। বর্তমানে বিমানবন্দর কর্তৃপক্ষও সেবাটিকে আরও জনপ্রিয় করতে প্রচারণা ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

প্রবাসী ভোটারদের নিবন্ধন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রবাসী ভোটারদের নিবন্ধন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী প্রবাসী ভোটারদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পোস্টাল ভোট সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তিনি এ আসন থেকে পদত্যাগ করেন। এতে এ আসনটি শূন্য হয়।

ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রবাসী ভোটাররা ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত Postal Vote BD অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য যারা নিবন্ধন করেছিলেন, তাদের নতুন করে নিবন্ধন করতে হবে না। বিদেশে থাকা এ সকল ভোটারকে ই-মেইল, প্রযোজ্য ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এবং Postal Vote BD অ্যাপের মাধ্যমে বার্তা বা নোটিফিকেশন দেওয়া হবে। তাদের সম্মতি নিশ্চিত হওয়ার পর বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন না করা ঠাকুরগাঁও-১ আসনের প্রবাসী ভোটাররাও নতুন করে নিবন্ধন করে পোস্টাল ভোট দিতে পারবেন।

একইভাবে দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনানুগ হেফাজতে থাকা ভোটারদেরও পোস্টাল ভোটের সুযোগ রাখা হয়েছে। আগের নির্বাচনে নিবন্ধিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মতি নেওয়ার পর হালনাগাদ ঠিকানায় ব্যালট পাঠানো হবে। আর যারা আগে নিবন্ধন করেননি, তারা নতুন করে নিবন্ধনের সুযোগ পাবেন।

নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেদের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ না থাকায় Postal Vote BD অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। জেলখানায় থাকা বিচারাধীন বন্দিরাও একই প্রক্রিয়ায় পোস্টাল ভোট দিতে পারবেন।

ইসির তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিদেশে থাকা ৩৮৬ জন ভোটার ৩৩টি দেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছিল সৌদি আরব থেকে।

এ ছাড়া ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধন করেছিলেন ৪ হাজার ৪৫ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। এবার ভোটার বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। অর্থাৎ ভোটার বেড়েছে ৮ হাজার ৩২২ জন।

উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে ৯৮৯টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ হবে।

মার্চ থেকে আগস্ট: বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর হিড়িকে রেকর্ড প্রবৃদ্ধি দেশে

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
মার্চ থেকে আগস্ট: বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর হিড়িকে রেকর্ড প্রবৃদ্ধি দেশে

দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি এনে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ। এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের ১ হাজার ৬৭৪ কোটি ডলারের তুলনায় ২২০ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ছয় মাসের মধ্যে পাঁচ মাসেই আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে। এর মধ্যে আগস্টে প্রবৃদ্ধি ছিল সর্বোচ্চ ২২ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে দেশে আসে ৩৭৫ কোটি ডলার প্রবাসী আয়, যা আগের বছরের মার্চের ৩৩০ কোটি ডলারের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। এপ্রিলে আসে ৩১৩ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ১৩ দশমিক ৮ শতাংশ বেশি।

মে মাসে প্রবাসীরা পাঠান ৩৪৩ কোটি ডলার, যা এক বছর আগের একই মাসের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি। জুনে প্রবাসী আয় প্রায় স্থিতিশীল ছিল। এ মাসে আসে ২৮১ কোটি ডলার, যা আগের বছরের জুনে ছিল ২৮২ কোটি ডলার।

জুলাইয়ে আবার প্রবৃদ্ধির ধারা জোরালো হয়। এ মাসে দেশে আসে ২৮৬ কোটি ডলার, যা আগের বছরের জুলাইয়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি। আগস্টে আসে ২৯৬ কোটি ডলার, যা এক বছর আগের একই মাসের ২৪২ কোটি ডলারের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি। ফলে ছয় মাসের মধ্যে আগস্টেই সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে।

ছয় মাসে দেশে প্রবাসী আয়ের প্রধান উৎস দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল সৌদি আরব। দেশটি থেকে এসেছে ৩০৮ কোটি ৮ লাখ ৫০ হাজার ডলার। এরপর যুক্তরাজ্য থেকে ২৯৪ কোটি ২ লাখ ৭০ হাজার ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ২২৬ কোটি ৭২ লাখ ২০ হাজার ডলার, যুক্তরাষ্ট্র থেকে ১৭১ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ডলার এবং মালয়েশিয়া থেকে ১৪৮ কোটি ৭০ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে।

চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এই পাঁচ দেশ থেকেই বাংলাদেশ পেয়েছে মোট ১ হাজার ১৫০ কোটি ডলার প্রবাসী আয়, যা এ সময়ে দেশে আসা মোট রেমিট্যান্সের প্রায় ৬০ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বহিঃখাতের জন্য অত্যন্ত ইতিবাচক। এটি বৈধ ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার মাধ্যমে কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

তিনি বলেন, প্রবাসীদের জন্য বৈধ পথে অর্থ পাঠানো আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। একই সঙ্গে হুন্ডিসহ অবৈধ পথে অর্থ লেনদেন নিরুৎসাহিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

আরিফ হোসেন খান বলেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বৈধ আর্থিক ব্যবস্থার ওপর আস্থার ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে প্রবাসী আয় বৃদ্ধির মধ্যে। তিনি বলেন, রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা, ব্যাংকিং সেবার উন্নয়ন এবং বৈধ বৈদেশিক মুদ্রাবাজারকে আরও শক্তিশালী করতে সরকারের নেওয়া উদ্যোগ এ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, ‘আমাদের প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। প্রবাসী আয় বাড়াতে এবং তাদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরি করতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।’

আরিফ হোসেন খান আশা প্রকাশ করেন, প্রবাসী আয়ের প্রবাহ আরও শক্তিশালী হলে দেশের লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব পড়বে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং বহিঃখাতে আরও স্থিতিশীলতা আসবে।

তিনি বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থার ওপর আস্থা পুনরুদ্ধারে সরকারের চলমান উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি প্রবাসীকে বৈধ পথে তাদের আয় দেশে পাঠাতে উৎসাহিত করবে।

সরকার প্রবাসী কর্মী ও বিদেশে বসবাসরত বাংলাদেশিদের দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, রেমিট্যান্স সেবা আরও দ্রুত, নিরাপদ ও সহজলভ্য করতে নেওয়া উদ্যোগের ফলে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার অবস্থান ও সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, ১৯৭৬ সালে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মী পাঠানোর মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে জনশক্তি রপ্তানির সূচনা হয়। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের অভিবাসন বিস্তৃত হয়েছে। সময়ের সঙ্গে দেশের অর্থনীতিতেও এ খাতের গুরুত্ব বেড়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এখন বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস।

বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে ১ কোটি ৫০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন।

প্রবাসীর ভোগান্তি কমাতে চালু হয়েছে অনলাইন সত্যায়ন ও ‘ই-অ্যাপোস্টিল’ ব্যবস্থা

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রবাসীর ভোগান্তি কমাতে চালু হয়েছে অনলাইন সত্যায়ন ও ‘ই-অ্যাপোস্টিল’ ব্যবস্থা

প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দ্রুত, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। ইতোমধ্যে ১৭টি দেশের ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে মোট ৪১টি দেশে এই সেবা প্রসারে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের লিখিত জবাবে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ই-পাসপোর্ট চালু থাকা মিশনগুলোতে প্রবাসীরা অনলাইনে আবেদন, সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক প্রদান এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ পাচ্ছেন। এনআইডি ও পাসপোর্ট দূতাবাস থেকে ইস্যু না হয়ে ঢাকা থেকে হওয়ায় প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখা হচ্ছে। পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলে জানিয়ে দেয়া হয়।

তিনি জানান, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের সমস্যা দূর করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ঢাকা থেকে কারিগরি দল পাঠিয়ে সমস্যাগুলো দ্রুত সমাধান করা হচ্ছে।

এছাড়া কনস্যুলার সেবা সহজ করতে অনলাইন সত্যায়ন ও ‘ই-অ্যাপোস্টিল’ ব্যবস্থা চালু হয়েছে, যা প্রবাসীদের ভোগান্তি কমানোর পাশাপাশি সময় ও খরচ বাঁচাচ্ছে।

মন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন যাচাই সহজ করতে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে সব মিশনে অভিযোগ নিষ্পত্তিতে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ: সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রণয়ন শেষ

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ: সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রণয়ন শেষ

ঢাকা-চট্টগ্রাম রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের অষ্টম দিনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন কবে চালু হবে— এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এই রুটে ইলেকট্রিক ট্রেন পরিচালনা সম্ভব হবে। এতে ট্রেনের গড় গতি বাড়বে এবং যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে।

ঢাকা-চট্টগ্রাম করিডোরের দূরত্ব কমাতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সরাসরি ‘কর্ডলাইন’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই শহরের দূরত্ব কমার পাশাপাশি ট্রেনের গড় গতি বৃদ্ধি পাবে। ফলে অল্প সময়ে ঢাকা-চট্টগ্রামের মধ্যে যাতায়াত করা যাবে।’

এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম অংশের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে। এর মধ্যে লাকসাম-চট্টগ্রাম ডুয়েলগেজ ডাবল লাইন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

টঙ্গী-আখাউড়া অংশের প্রকল্প প্রস্তাব বা ডিপিপি প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করা যাচ্ছে, এই প্রকল্প দুটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম করিডোরে বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহনের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।’

এর আগে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক জানতে চান, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে ইলেকট্রিক বা বুলেট ট্রেন চালুর কোনো পরিকল্পনা সরকারের আছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন হবে।

জবাবে ঢাকা-চট্টগ্রাম করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে সরকারের সমন্বিত পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

দুর্নীতি-জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
দুর্নীতি-জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

দুর্নীতি ও জালিয়াতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব ছেড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে তাঁর দেওয়া পদত্যাগপত্র দেখেছে রয়টার্স।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন ভ্রমণের সময় আর্থিক প্রতারণা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ এনেছে ডব্লিউএইচও। এ ছাড়া বাংলাদেশে অবৈধভাবে একটি জমি অধিগ্রহণের অভিযোগও তুলেছে সংস্থাটি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন পুতুল।

পদত্যাগপত্রে পুতুল জানিয়েছেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি পান। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি ওই জমি পাওয়ার যোগ্য ছিলেন বলেও উল্লেখ করেন।

২০২৪ সালের শুরুর দিকে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। ২০২৫ সালের মার্চে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করলে জুলাইয়ে সায়মা ওয়াজেদকে বেতন ছাড়া প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ পুতুল লিখেছেন, ‘আমি যে অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছিলাম, আন্তরিকতার সঙ্গে তা করেছি। আপনি যেহেতু কার্যকরভাবে দায়িত্ব পালনে বাধা দিয়ে যাচ্ছেন, তাই ডব্লিউএইচওর নেতৃত্বের প্রতি আমার সব আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছি। তা ছাড়া, বেতন ছাড়া ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের প্রায় এক বছর পার হওয়ায় আমার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে, ডব্লিউএইচও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ওয়াজেদ ছুটিতে আছেন। তবে গোপনীয়তা বজায় রাখার স্বার্থে তাঁর বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল তারা।

এর আগে জুলাইয়ে ডব্লিউএইচওকে দেওয়া এক চিঠিতে সায়মা ওয়াজেদ পুতুল ভ্রমণসংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। চিঠিতে বলা হয়, নিয়মিত ভ্রমণ খরচ ফেরত পাওয়ার আবেদন প্রক্রিয়া করতে গিয়ে একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি ঘটেছে। ওই ঘটনায় ৯০১ ডলার গরমিলের অভিযোগ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান। ওই যোগ্যতার বিষয়টি তিনি ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসকে জানিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সায়মা ওয়াজেদকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরানোর পরিকল্পনাও করেছিল ডব্লিউএইচও। ১২ অক্টোবর ওই পদে নতুন মনোনয়ন ঘোষণা করবে সংস্থাটি। ডিসেম্বরে আবেদন যাচাইয়ের পর ২৪ জানুয়ারি নির্বাচন হবে।

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকেরা বিশ্বের অন্যতম প্রভাবশালী স্বাস্থ্য নীতিনির্ধারক হিসেবে বিবেচিত হন। রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডব্লিউএইচওর নীতি বাস্তবায়ন তাঁদের অন্যতম দায়িত্ব।