ভিডিও কলের প্রেম টিকিয়ে রাখবেন যেভাবে

Loading...

ভিডিও কলের প্রেম টিকিয়ে রাখবেন যেভাবে

প্রেম শুধু হাতে হাত রেখে পাশাপাশি হাঁটার গল্প নয়। হাজার মাইল দূরে থেকেও কাছাকাছি অনুভব করা যায় এখন ভিডিও কলের মাধ্যমে। তবে দূরত্ব, সময়ের অমিল, কিংবা জীবনের ব্যস্ততা সবকিছু মিলিয়ে আজকাল অনেক সম্পর্ক স্ক্রিনের ভেতরেই বেঁচে থাকে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই সম্পর্ক কতটা টিকে?

বিশ্বস্ততা থাকলে দূরত্ব শুধু পরিমাপ

অনেকেই ভাবেন, দূরত্ব হলেই সম্পর্ক দুর্বল হয়ে যাবে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। যেসব সম্পর্কে পারস্পরিক বিশ্বাস ও বিশ্বস্ততা থাকে, সেখানে হাজার কিলোমিটার দূরত্বও তেমন প্রভাব ফেলতে পারে না। বাস্তবে দেখা যায় কেউ হয়তো দিনের শেষে একবারই ভিডিও কথা বলেন, তবুও সম্পর্ক ঠিক থাকে। কারণ তারা জানেন, ‘সে আমারই আছে’।

এ ব্যাপারে মনোবিজ্ঞানী জন গট্ম্যান বলেন, ‘সম্পর্কের বিশ্বাস বড় কোনো ঘটনায় নয়, বরং ছোট ছোট নির্ভরতার মুহূর্তে তৈরি হয়।’

ভিডিও কলের ছোট ছোট খোঁজ-খবর, ‘কি করছো’, ‘খেয়েছো?’, ‘ঘুমাও ঠিকঠাক’, ‘সাবধানে থেকো’ এই কথাগুলোই একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে।

স্ক্রিনের প্রেমে অপূর্ণতার জায়গা

ভিডিও কলে আপনি প্রিয় মানুষটিকে দেখেন, হাসেন, কথা বলেন। তবুও একটা জায়গায় গিয়ে শূন্যতা থেকে যায়। মন খারাপের দিনে পাশে বসে থাকা যায় না, হঠাৎ করে হাতটা ধরা যায় না। মনোবিজ্ঞানী এস্থার পেরেল এর মতে, দূরত্ব ভালোবাসাকে গভীর করতে পারে, তবে তার ভিত্তি যদি মজবুত হয়।

যোগাযোগ যেন চাপ না হয়

ভিডিও কলের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি যোগাযোগ। কিন্তু বাস্তবতা হলো সবসময় কথা বলা সম্ভব নয়, আর দরকারও নেই। সারাক্ষণ উপস্থিত থাকার চেয়ে প্রয়োজনের সময় পাশে থাকা বেশি গুরুত্বপূর্ণ। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে প্রতিটি মেসেজের উত্তর সঙ্গে সঙ্গে দেয়ার চেয়েও জরুরি হলো আন্তরিকতা।

বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময়, কোথাও বেড়াতে গেলে অথবা ব্যক্তিগত সময় কাটানোর মুহূর্তে যেন এই ভিডিও কলটা আপনার মানসিক চাপে পরিণত না হয়।

বাস্তবতার মুখোমুখি হওয়া জরুরি

ভিডিও কলে আমরা অনেক সময় নিজেদের সবচেয়ে সুন্দর দিকটাই দেখাই। কিন্তু বাস্তব জীবনে দেখা হলে সম্পর্কের আসল পরীক্ষা শুরু হয়। যেসব সম্পর্ক শুধু স্ক্রিনেই সীমাবদ্ধ থাকে, সেগুলো সময়ের সঙ্গে দুর্বল হয়ে যেতে পারে।

আর যেগুলো ধীরে ধীরে বাস্তবে জায়গা করে নেয়, সেগুলোই দীর্ঘস্থায়ী হয়।

টিকে থাকবে যেভাবে

ভিডিও কলের প্রেম টিকিয়ে রাখতে বিশ্বাস রাখতে হবে অটুট। একে অপরকে পর্যাপ্ত স্পেস দিতে হবে। অবাস্তব প্রত্যাশা কমাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে একসঙ্গে থাকার বাস্তব পরিকল্পনা থাকতে হবে।

এ ব্যাপারে তানজুমান আলম নামের এক তরুণী নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘আমার ৮ বছরের সম্পর্কে সারা দিনের গল্প ভিডিও কলের মাধ্যমেই হয়। দুইজন দুই জায়গায় থাকি বলে সবসময় দেখা হয় না আমাদের। তবে এতে খুব একটা দূরত্ব অনুভব করিনা। মনে হয় আমরা সবসময় কাছাকাছিই থাকি। কিন্তু মাঝে মাঝে খারাপও লাগে, অনেক খারাপ পরিস্থিতিতে আমি তাকে পাশে পাই না।’

তানজুমান আরও বলেন, ‘যেকোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। সম্পর্কে দুজনেই বিশ্বস্ত হলে, বোঝাপড়ার জায়গাটা ঠিক থাকলে দূরত্ব কখনও বাঁধা হয় না। তবে সরাসরি দেখা না হলে অনেক সময় অনেক ব্যাপারে আমাদের ভুল বুঝাবুঝি হয়।’

Loading...

Loading