সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদে আয়োজিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থকরণ, তেলাওয়াত ও ব্যাখ্যা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কাতার। দেশটির ওয়াকফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয়ের (আওকাফ) প্রতিনিধিত্বে একটি প্রতিনিধিদল এই সম্মানজনক বিশ্বমঞ্চে যোগ দিয়েছে।
চলতি হিজরি ১৪৪৮ সালের এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি আগামী ৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সারা বিশ্বের বিশিষ্ট হাফেজ ও প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।
কাতারি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন আওকাফ মন্ত্রণালয়ের ইসলামিক নেটওয়ার্ক বিভাগের প্রধান ওমর আকলা আল-রুওয়াইলি। প্রতিনিধিদলে প্রশিক্ষকদের পাশাপাশি দুজন প্রতিযোগী রয়েছেন, যারা প্রতিযোগিতার আলাদা দুটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক কুরআনিক অনুষ্ঠানগুলোতে কাতারের উপস্থিতি সুসংহত করার পাশাপাশি পবিত্র কুরআন ও এর হাফেজদের অব্যাহত সমর্থনের অংশ হিসেবেই এই অংশগ্রহণ। একইসঙ্গে এটি কাতারি সমাজে পবিত্র কুরআনের গুরুত্ব তুলে ধরার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও স্বকীয় সংস্কৃতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে।