উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি দেশকে সংযুক্ত করার উচ্চাভিলাষী রেল নেটওয়ার্ক প্রকল্পের কাজ ৫৫ দশমিক ৯২ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের সর্বশেষ পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৭৬৮ কিলোমিটার দীর্ঘ বিলিয়ন বিলিয়ন ডলারের এই প্রকল্পটি ২০৩০ সালের শেষ নাগাদ নির্মাণকাজ শেষে পুরোপুরি চালু হওয়ার পথে রয়েছে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনএই রেলপথ চালু হলে পুরো উপসাগরীয় অঞ্চলে সীমান্তপারের যাতায়াত সহজ হবে, পণ্য পরিবহনে গতি আসবে এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতি আরও দৃঢ় হবে। কাতারের জন্য এই প্রকল্প প্রতিবেশী দেশগুলোর বাজারে প্রবেশাধিকার বাড়ানো, সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) শক্তিশালী করা এবং হামাদ বন্দর, উম আল হুল ফ্রি জোন ও দেশের উৎপাদন ও লজিস্টিকস খাতে নতুন সুযোগ তৈরির বড় সম্ভাবনা নিয়ে এসেছে।
মানামা চুক্তি ও প্রকল্পের অগ্রগতি
গত ৮ নভেম্বর বাহরাইনের রাজধানী মানামায় জিসিসিভুক্ত ছয়টি দেশ একটি যুগান্তকারী চুক্তিতে সই করার পর প্রকল্পটির কাজে নতুন গতি এসেছে। জিসিসি পরিবহন মন্ত্রীদের কমিটির ৩০তম বৈঠকের ফাঁকে সই হওয়া এই চুক্তিতে রেল নেটওয়ার্কের কাজ সম্পন্ন করা এবং সীমান্ত পেরিয়ে নির্বিঘ্ন পরিচালনার জন্য একটি অভিন্ন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে সদস্য দেশগুলোর দায়িত্ব সুনির্দিষ্ট করার পাশাপাশি বাস্তবায়নের সময়সীমা, কারিগরি মানদণ্ড, পরিচালন পদ্ধতি ও নিরাপত্তা বিধিতে সামঞ্জস্য আনা হয়েছে।
২০০৯ সালে জিসিসি সুপ্রিম কাউন্সিল প্রথম ছয় সদস্য দেশকে রেলপথে যুক্ত করার পরিকল্পনা অনুমোদন করেছিল। পরবর্তীতে ২০২১ সালের ডিসেম্বরে প্রকল্পের বাস্তবায়ন তদারকি এবং অভিন্ন কারিগরি ও পরিচালন চাহিদা নির্ধারণের জন্য ‘জিসিসি রেলওয়ে অথরিটি’ গঠন করা হয়। সাম্প্রতিক এই চুক্তির মাধ্যমে বছরের পর বছর ধরে চলা পরিকল্পনা ও সমন্বয় থেকে সরে এসে জাতীয় রেল নেটওয়ার্কগুলোকে একটি একক উপসাগরীয় পরিবহন ব্যবস্থায় রূপ দেওয়ার বাস্তব পদক্ষেপ শুরু হলো।
কৌশলগত গুরুত্ব ও খাদ্য নিরাপত্তা
অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি বিশেষজ্ঞরা মনে করেন, এই রেলপথ উপসাগরীয় সংহতি জোরদার, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় যেকোনো বিপর্যয়ের ঝুঁকি কমাতে কৌশলগত ভূমিকা রাখবে। কাতার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. নাফজা সাব্বাহ আল-কুয়ারি কাতার নিউজ এজেন্সিকে (কিউএনএ) জানান, সর্বশেষ এই চুক্তি উপসাগরীয় সংহতির ক্ষেত্রে একটি মাইলফলক, যার প্রভাব কেবল পরিবহন অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
তাঁর মতে, এই রেল প্রকল্প রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সমন্বয় থেকে বাস্তব অর্থনৈতিক আন্তঃনির্ভরতার দিকে এগিয়ে যাওয়ার প্রতীক। আঞ্চলিক সংকট বা সামুদ্রিক বাণিজ্যে বিঘ্ন ঘটলে বিকল্প স্থলপথ হিসেবে এই রেল নেটওয়ার্ক উপসাগরীয় বাজারগুলোতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ সচল রাখতে সাহায্য করবে। তবে এই সুফল পেতে হলে রেল নেটওয়ার্কের সঙ্গে সমুদ্রবন্দর, গুদামজাতকরণ সুবিধা এবং শুল্ক (কাস্টমস) ব্যবস্থার কার্যকর সংযোগ নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘমেয়াদে এই রেল নেটওয়ার্ক ইরাক, জর্ডান ও তুরস্ক হয়ে ইউরোপ ও এশিয়ার বাজারের সঙ্গে স্থলপথে সংযোগ স্থাপনের ভিত্তি তৈরি করতে পারে বলেও মনে করেন ড. আল-কুয়ারি। পাশাপাশি সহজ যাতায়াতের ফলে রেলপথ সংলগ্ন শহরগুলোতে পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, কর্মসংস্থান ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে।
কাতারের শিল্প ও লজিস্টিকস খাতে নতুন সম্ভাবনা
আইন উপদেষ্টা ও আন্তর্জাতিক রাজনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. আহমেদ গাইথ আল-কুয়ারি বলেন, জিসিসির অভিন্ন বাজারের ধারণাকে বাণিজ্য ও পরিবহনের বাস্তব ব্যবস্থায় রূপ দেওয়ার ক্ষেত্রে এই চুক্তি একটি বড় পরীক্ষা। তাঁর মতে, প্রকল্পের চূড়ান্ত সাফল্য নির্ভর করবে পণ্য পরিবহন, দুর্ঘটনা ও বিলম্বের দায়বদ্ধতা, বিরোধ নিষ্পত্তি এবং অভিন্ন পরিচালন মানদণ্ড সংক্রান্ত বাধ্যতামূলক বিধিমালার ওপর।
কাতারের প্রেক্ষাপট তুলে ধরে ড. আহমেদ জানান, দেশটির বর্তমান লজিস্টিকস অবকাঠামোকে একটি প্রভাবশালী আঞ্চলিক বিতরণ কেন্দ্রে রূপান্তর করার বড় সুযোগ তৈরি হয়েছে। পর্যাপ্ত রেল সংযোগ ও পণ্য খালাসের সুবিধা নিশ্চিত করা গেলে হামাদ বন্দর এবং উম আল হুল ফ্রি জোন সামুদ্রিক জাহাজ চলাচল, উৎপাদন ও অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠবে। এর ফলে কাতারের পেট্রোকেমিক্যাল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ওষুধ শিল্পের পাশাপাশি লজিস্টিকস খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
তবে উপসাগরীয় বন্দরগুলোর মধ্যে প্রতিযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি দ্রুত পণ্য খালাস এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার পরামর্শ দেন। এ ছাড়া টিকিটের মূল্য, সময়সূচি এবং সীমান্ত প্রক্রিয়া সহজ ও সাশ্রয়ী হলে যাত্রীবাহী রেলসেবা প্রবাসীদের যাতায়াত, পারিবারিক সফর, পর্যটন, শিক্ষা বিনিময় ও কর্মসংস্থানের গতিশীলতা বাড়াবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও এর মাধ্যমে আঞ্চলিক বাজারে সহজে প্রবেশের সুযোগ পাবেন।
সফলতার মাপকাঠি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ
পণ্য পরিবহনের দক্ষতা প্রসঙ্গে ড. আহমেদ ব্যাখ্যা করেন, ভারী ও নিয়মিত পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলপথ বড় সুবিধা দেবে, তবে স্বল্প দূরত্ব ও সরাসরি পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সড়ক পরিবহনের গুরুত্বও বজায় থাকবে। অর্থাৎ রেল নেটওয়ার্ক বিদ্যমান পরিবহন ব্যবস্থার বিকল্প না হয়ে বরং পরিপূরক হিসেবে কাজ করবে।
সীমান্তে বিলম্ব এড়াতে কেবল কারিগরি সামঞ্জস্যই যথেষ্ট নয়; বরং অভিন্ন কাস্টমস প্রক্রিয়া, শিপিং ডকুমেন্টেশন, পরিদর্শন বিধি এবং ক্ষতিপূরণ ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ বলে জোর দেন তিনি। তাঁর মতে, এই প্রকল্পের সফলতা কেবল রেলওয়ের আয় দিয়ে বিচার না করে পণ্য পরিবহনের সময় সাশ্রয়, পরিবহন ব্যয় হ্রাস, জ্বালানি তেলবহির্ভূত রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সড়ক নিরাপত্তা এবং কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয়গুলোর মাধ্যমে মূল্যায়ন করা উচিত।
অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হওয়া এবং অভিন্ন বাস্তবায়ন চুক্তি সই হওয়ার মাধ্যমে জিসিসি রেলওয়ে এখন অঞ্চলটির অর্থনৈতিক অবকাঠামোর এক অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। বিশেষজ্ঞদের মতে, এর প্রকৃত সাফল্য নির্ভর করবে ছয়টি দেশের এই রেল সংযোগ কতটা কার্যকরভাবে শক্তিশালী অর্থনীতি, টেকসই সরবরাহ ব্যবস্থা এবং উপসাগরীয় সমাজগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে তার ওপর।