সুইজারল্যান্ডে রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার জার্মানিতে রাষ্ট্রীয় সফরে রাজধানী বার্লিনে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। জার্মানির রাজধানীতে পৌঁছানোর পর ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনআমিরের এই সফরের ফলে কাতার ও জার্মানির মধ্যকার কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও নিরাপত্তা খাতে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হওয়ার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক সমন্বয় আরও সুদৃঢ় হবে।

শীর্ষ পর্যায়ের বৈঠক ও কূটনৈতিক লক্ষ্য
ক্রমবর্ধমান কৌশলগত সংলাপ, উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা, মধ্যস্থতা ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তিতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দোহা ও বার্লিন তাদের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর করতে কাজ করছে। এই সফরে কাতারের আমির জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার, ফেডারেল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আমিরের নেতৃত্বে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণে কাতারের অঙ্গীকারেরই প্রতিফলন এই সফর।
কাতার-জার্মানি সম্পর্কের ইতিহাস ও সাম্প্রতিক অগ্রগতি
ছয় দশকেরও বেশি সময় ধরে চলা বাণিজ্যিক সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে ১৯৭৩ সালে কাতার ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর থেকে এই সম্পর্ক রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা ও সংস্কৃতিসহ বহুমুখী অংশীদারিত্বে রূপ নিয়েছে। উভয় দেশই আঞ্চলিক স্থিতিশীলতা, বহুপক্ষীয় কূটনীতি এবং সংলাপের মাধ্যমে সংকট সমাধানে বিশ্বাসী।
দ্বিপক্ষীয় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয় ২০২৩ সালের মে মাসে, যখন কাতার ও জার্মানি একটি কৌশলগত সংলাপ প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা স্মারক সই করে। এর মাধ্যমে ঘনিষ্ঠ পরামর্শ, সমন্বয় এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়।
পরবর্তী সময়ে ২০২৩ সালের নভেম্বরে জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ারের দোহা সফর এবং ২০২৪ সালের অক্টোবরে আমিরের বার্লিন সফরের মাধ্যমে এই সম্পর্কে আরও গতি আসে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দোহার আমিরি দিওয়ানে জার্মান চ্যান্সেলর মের্ৎসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন কাতারের আমির। ওই বৈঠকে অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি ও সামরিক সহযোগিতার পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর আমিরি দিওয়ানে বাভারিয়ার মিনিস্টার-প্রেসিডেন্ট মার্কাস সোডার এবং তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানান আমির, যেখানে প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।
আঞ্চলিক নিরাপত্তা ও বহুপক্ষীয় সমন্বয়
আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে, বিশেষ করে উত্তেজনা হ্রাস ও সামুদ্রিক নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় দুই দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সমন্বয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। গত ১০ নভেম্বর ফ্রান্সের আয়োজনে জি-৭ মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে প্যারিসে কাতার, সৌদি আরব এবং ইউরোপীয় চার দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি।
ওই বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সামুদ্রিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সক্ষম একটি সমন্বিত চুক্তির অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া কাতার-জার্মানি কৌশলগত সংলাপের প্রস্তুতিও জোরদার হয়েছে। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম বিনতে আলি বিন নাসের আল মিসনাদ জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী রিম আলাবালির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে সংলাপের প্রস্তুতি ও সমন্বয় পর্যালোচনা করেন।
অর্থনৈতিক ও বহুমুখী সহযোগিতা
রাজনৈতিক যোগাযোগের বাইরেও জ্বালানি, শিল্প, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, ক্রীড়া, সৌরশক্তি, বেসামরিক বিমান চলাচল ও আকাশ পরিবহন খাতে কাতার ও জার্মানির মধ্যে অসংখ্য চুক্তি ও সমঝোতা স্মারক রয়েছে। এর মধ্যে পারস্পরিক বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি এবং বাণিজ্য, অর্থনীতি ও কারিগরি সহযোগিতা বিষয়ক যৌথ কমিটি গঠন অন্যতম, যা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈঠক ও সম্মেলন আয়োজনে ভূমিকা রাখছে।
জার্মানির উন্নত শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা এবং কাতারের বিনিয়োগ শক্তি ও অর্থনৈতিক বৈচিত্র্যকরণের লক্ষ্য একে অপরের পরিপূরক হওয়ায় অর্থনৈতিক সম্পর্ক এই অংশীদারিত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ৮ কোটি ৩০ লাখের বেশি জনসংখ্যা এবং প্রায় ৩ লাখ ৫৭ হাজার বর্গকিলোমিটার আয়তনের জার্মানি ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতি এবং ২০২৬ সালের প্রাক্কলন অনুযায়ী নামমাত্র মোট দেশজ উৎপাদনের (জিডিপি) বিচারে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। দেশটির বিশ্বমানের অটোমোবাইল, যন্ত্রপাতি, সরঞ্জাম ও রাসায়নিক শিল্প এবং শক্তিশালী সেবা খাত রপ্তানিমুখী অর্থনীতিকে সুদৃঢ় করেছে।
এই প্রেক্ষাপটে কাতারের আমিরের এই সফর কাতার-জার্মানি সম্পর্কের কৌশলগত গুরুত্বকে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে কয়েক দশকের সহযোগিতা আরও মজবুত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত অগ্রগতি ও আঞ্চলিক স্থিতিশীলতায় একটি বিস্তৃত অংশীদারিত্বের ভিত্তি তৈরি হবে।

