রাইজিং স্টারস এশিয়া কাপে বড় জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। হংকংকের বিপক্ষে তাদের জয়টি ৭ উইকেটের।
বৃহস্পতিবার কাতারের দোহায় আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রান করে হংকং। এই রান নিয়েও লড়াই করতে পারেনি তারা। ৯ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের অনায়াস জয় পায় বাংলাদেশ।
হংকংয়ের স্কোর তাড়া করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ। ১২ রান করে ইমন ফিরলেও রানচাকা সচল রাখেন অধিনায়ক সাইফ হাসান ও শাহাদাত হোসেন। দ্বিতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন তারা। শাহাদাত ৫৯ বলে ৪৩ রান করে ফিরলেও থামেননি সাইফ। ইয়াসির আলীকে নিয়ে দলকে জয়ের লক্ষে পৌঁছে দেন সাইফ।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নামা হংকং শুরুতেই বিপদে পড়ে। ৫২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে এরপর চতুর্থ উইকেটে ১২৮ রানের জুটি গড়েন ওপেনার অংশুমান রাত ও আইজাজ খান।
তাদের জুটিতে ভর করেই দুই শ পার করে ফেলে হংকং। ৮৬ বলে ৭৭ রান করে অংশুমান ও ১০৮ বলে ৬৭ রান করে আইজাজ খান আউট হয়ে যান। তারা ছাড়া হংকয়ের আর কোনো ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারেননি।
৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন। এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।