কাতারে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশ নিতে দোহায় এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় খেলোয়াড়দের স্বাগত জানাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ফেনী কাতারের নেতাকর্মীসহ অন্য প্রবাসী বাংলাদেশিরা।
এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য নজরুল ইসলাম শাহীন, রফিকুল চৌধুরী, সাইফুল ইসলামসহ ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যবৃন্দ।
কাতারের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন এসোসিয়েশন অব ফেনী কাতারের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল।
আসন্ন বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে এই টুর্নামেন্টকে দেখছেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন, তাদেরই দলে নেওয়া হয়েছে।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন কাতারে এসেছেন। তার আগমনে কাতার আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর সুযোগ হলো।
অন্যদিকে ফেনীর ছেলে সাইফ উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন ও আমাদের সাপোর্ট করেন যাতে ভাল কিছু করতে পারি।
আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপের সেরা দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। আর ২৯ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।
গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। এবারের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল।