দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরেছিলেন স্বজনদের সাথে সময় কাটাতে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। দুবাই থেকে শুক্রবার সকালে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী মো. এনামুল হক (৫৮)। বিকেল ৪টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনামুল হক উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান এনামুল হক। সেখানে একটি কোম্পানিতে সেলাই কাজের নকশাকার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০২৩ সালের শেষের দিকে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। সেখানে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে আবারও কাজে যোগ দেন।
দীর্ঘ প্রবাসজীবন শেষে শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সকাল ৯টার দিকে স্বজনদের সাথে বাড়ি ফেরেন। বাড়িতে আসার পর দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
এনামুল হকের ভাতিজা আশরাফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার চাচা শুক্রবার সকালে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে তিনি ও তার চাচাতো ভাই এনামুল হককে বাড়িতে নিয়ে আসেন। সকাল ৯টার দিকে বাড়ি পৌঁছানোর পর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি মস্তিষ্কে স্ট্রোক করেছিলেন। এনামুল হকের তিন মেয়ে রয়েছে।
বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বিকাশ হালদার জানান, দুপুর ১২টার দিকে এনামুল হককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়। তার ধারণা, রোগী মস্তিষ্কে স্ট্রোক করেছিলেন।