প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রস্তাবিত প্রবাসী কার্ডের আবেদন কার্যক্রমও এখনও শুরু হয়নি। তবে কার্ডের নামে পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে অসাধু কিছু ব্যক্তি ও দালাল চক্র।
এ অবস্থায় প্রবাসী কার্ডের নামে কাউকে অর্থ না দেয়ার আহবান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে প্রবাসী কার্ড বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কার্ডটি প্রবর্তনের প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। এ-সংক্রান্ত আবেদন কার্যক্রমও শুরু হয়নি।
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছে। প্রবাসী কার্ড চালু হলে আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং সুবিধাসমূহ সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আহবান জানিয়েছে মন্ত্রণালয়।
দেশে ফেরার কয়েক ঘণ্টা পরই প্রবাসীর করুণ মৃত্যু
প্রবাসীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সচেতন থাকুন, প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করুন।
এ বিষয়ে প্রয়োজনে মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে ০১৭১২-৮৭০৯৬৮ নম্বরে অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মন্ত্রীর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. মাহবুবুল ইসলামের সঙ্গে ০১৩৩১-১১৬৬০০ নম্বরে অথবা [email protected] ইমেইলে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।