১৪ নভেম্বর ২০২৬

১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স

ভিডিও নির্মাতাদের জন্য আর্থিক পুরস্কারের নতুন সুযোগ তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। প্ল্যাটফর্মটিতে মৌলিক ভিডিও কনটেন্ট তৈরিতে উৎসাহ দিতে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে।

এ কর্মসূচিতে নির্ধারিত নিয়ম মেনে ৩০ দিনের মধ্যে ১৫টি ভিডিও প্রকাশ করতে পারলে পাওয়া যাবে ৩ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

তবে এ সুবিধা এখনই সব নির্মাতার জন্য চালু হয়নি। পরীক্ষামূলকভাবে নির্বাচিত কিছু কনটেন্ট নির্মাতাকে এ কর্মসূচিতে যুক্ত করছে এক্স। ফলে নির্ধারিত শর্ত পূরণ করলেও আমন্ত্রণ না পাওয়া ব্যক্তিদের পক্ষে আপাতত এতে অংশ নেওয়া সম্ভব হবে না।

এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মে আকর্ষণীয় ও মানসম্মত ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রচলিত অনেক মনিটাইজেশন ব্যবস্থায় ভিডিওর ভিউ ও দর্শকসংখ্যার ওপর ভিত্তি করে আয় নির্ধারিত হয়। কিন্তু নতুন এ কর্মসূচিতে নির্ধারিত নিয়ম মেনে ভিডিও প্রকাশ করতে পারলেই নির্দিষ্ট অঙ্কের বোনাস পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ, পুরস্কার পেতে ভিডিওতে নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক অর্জনের বাধ্যবাধকতা নেই।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৩০ দিনের মধ্যে ১৫ দিনে অন্তত একটি করে ভিডিও প্রকাশ করতে হবে। একই দিনে একাধিক ভিডিও পোস্ট করে এ শর্ত পূরণ করা যাবে না। প্রতিটি ভিডিও হতে হবে ভার্টিক্যাল ফরম্যাটের এবং দৈর্ঘ্য তিন মিনিটের কম।

ভিডিওর ক্ষেত্রে মৌলিকত্ব বজায় রাখাও বাধ্যতামূলক। নির্মাতারা নিজেদের তৈরি এমন ভিডিও এক্সে প্রকাশ করতে পারবেন, যেগুলো আগে অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে। তবে ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকলে তা গ্রহনযোগ্য হবে না।

ভিডিও কিকস্টার্ট বোনাসে অংশ নেওয়ার জন্য এক্সের আমন্ত্রণ পাওয়া আবশ্যক। এখন পর্যন্ত কোন যোগ্যতার ভিত্তিতে নির্মাতাদের নির্বাচন করা হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়নি প্ল্যাটফর্মটি।

আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করে ‘প্রোগ্রামস’ বিভাগ থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এক্সের আগে থেকেই ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামে একটি পুরস্কার কর্মসূচি রয়েছে। তবে নতুন ভিডিও কিকস্টার্ট বোনাসের সঙ্গে এ ব্যবস্থার যোগ্যতার শর্তে পার্থক্য রয়েছে। অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডসের সুবিধা পেতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অন্তত ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্ট পরিমাণ ইমপ্রেশনসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হয়। বিপরীতে, ভিডিও কিকস্টার্ট বোনাসের জন্য এসব যোগ্যতা বাধ্যতামূলক নয়।

নতুন কর্মসূচিটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে থাকায় ভবিষ্যতে সাধারণ ভিডিও নির্মাতাদের জন্যও এটি উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি এক্স।

কয়েক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার দেশভ্রমণের ডিজিটাল মানচিত্র

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
কয়েক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার দেশভ্রমণের ডিজিটাল মানচিত্র

বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। কেউ ঘুরেছেন কয়েকটি জেলা, আবার কারও ভ্রমণের তালিকায় রয়েছে দেশের প্রায় সব জেলা। তবে এতদিন কোথায় কোথায় ঘোরা হয়েছে, আর কোন জেলাগুলো এখনো বাকি—এই হিসাব আলাদা করে রাখা বেশ ঝামেলার ছিল।

এখন সেই হিসাবই রাখা যাবে একটি অনলাইন ভ্রমণ ম্যাপের মাধ্যমে। নিজের ঘুরে দেখা জেলাগুলো নির্বাচন করে কয়েকটি ধাপেই তৈরি করা যাবে বাংলাদেশের ব্যক্তিগত ট্রাভেল ম্যাপ। পরে সেটি ছবি হিসেবে সংরক্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা যাবে।

যেভাবে তৈরি করবেন নিজের ভ্রমণ ম্যাপ
ম্যাপ তৈরি করতে প্রথমে যেতে হবে unseenbangladesh.com ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশের আট বিভাগের ৬৪ জেলার একটি ইন্টার‌্যাকটিভ মানচিত্র দেখা যাবে।

আপনি যে জেলাগুলোতে আগে ঘুরেছেন, সেগুলো নির্বাচন করতে হবে। এজন্য তালিকা থেকে জেলার নাম বেছে নেওয়া যায়। চাইলে মানচিত্রে সরাসরি নির্দিষ্ট জেলার ওপর ক্লিক করেও সেটি নির্বাচন করা যাবে।

কোনো জেলার অবস্থান বা নাম দ্রুত খুঁজে পেতে রয়েছে সার্চ অপশন। ফলে ৬৪ জেলার তালিকা ঘেঁটে আলাদা করে খুঁজতে হবে না।

আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, তার মোট সংখ্যাও ম্যাপে দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১০টি জেলা ভ্রমণ করা হয়ে থাকলে সেখানে ১০/৬৪ হিসেবে ভ্রমণের অগ্রগতি দেখা যাবে।

একবারে সব জেলা নির্বাচন করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আর আগের নির্বাচন মুছে নতুন করে শুরু করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’।

পছন্দমতো সাজিয়ে নিন ম্যাপ

শুধু জেলার তালিকা নির্বাচন করলেই কাজ শেষ নয়। নিজের পছন্দ অনুযায়ী ম্যাপটি সাজানোর সুযোগও রয়েছে।

এতে রয়েছে পাঁচ ধরনের থিম। পছন্দের থিম নির্বাচন করে ম্যাপের রং ও উপস্থাপনা বদলে নেওয়া যাবে। পাশাপাশি চাইলে ম্যাপের সঙ্গে নিজের একটি ছবি যুক্ত করা যাবে।

ম্যাপে নিজের নাম লেখার ব্যবস্থাও রয়েছে। নাম যোগ করা বাধ্যতামূলক নয়। নাম না দিলে ম্যাপে স্বয়ংক্রিয়ভাবে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।

ফলে এটি শুধু ভ্রমণের হিসাব রাখার মাধ্যম নয়, বরং নিজের দেশভ্রমণের স্মৃতি ধরে রাখার একটি ডিজিটাল উপায় হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

ম্যাপ ডাউনলোড করবেন যেভাবে

ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন এবং প্রয়োজন অনুযায়ী থিম, নাম ও ছবি যোগ করার পর পেজের নিচের দিকে যেতে হবে।

সেখানে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন থেকে তৈরি করা ম্যাপটি সংরক্ষণ করা যাবে। ডাউনলোডের জন্য PNG, JPG ও PDF—এই তিন ধরনের ফরম্যাটের সুবিধা রয়েছে।

অর্থাৎ, দেশের ৬৪ জেলার মধ্যে আপনি কতটি ঘুরেছেন, কোন কোন জেলা এখনো বাকি—সবকিছুর একটি সুন্দর ভিজ্যুয়াল হিসাব কয়েক ক্লিকেই তৈরি করে রাখা সম্ভব।

ইউটিউবে নতুন ফিচার, যেভাবে ব্যবহার করবেন

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
ইউটিউবে নতুন ফিচার, যেভাবে ব্যবহার করবেন

ইউটিউবে প্রতিদিন অসংখ্য ভিডিও প্রকাশিত হলেও নিজের আগ্রহের সঙ্গে মেলে—এমন কনটেন্ট খুঁজে পেতে অনেক সময় ব্যয় করতে হয়। এ সমস্যা কমাতে ‘কাস্টম ফিডস’ নামে নতুন ফিচার চালু করছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ, আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী আলাদা ভিডিও ফিড তৈরি করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ফোনঅ্যারেনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যেভাবে কাজ করবে কাস্টম ফিডস

এত দিন ইউটিউবে নির্দিষ্ট কোনো বিষয়ের ভিডিও খুঁজতে সাধারণত সার্চ করতে হতো কিংবা অ্যালগরিদমের সাজেস্ট করা ভিডিওর ওপর নির্ভর করতে হতো। নতুন ফিচারে ব্যবহারকারীরা আরও নির্দিষ্টভাবে নিজেদের চাহিদা জানাতে পারবেন।

উদাহরণস্বরূপ, কেউ কাজের পর মানসিক প্রশান্তির জন্য ১০ মিনিটের কম সময়ের নির্দেশিত ধ্যানের ভিডিও দেখতে চাইলে সে অনুযায়ী ফিড তৈরি করতে পারবেন। একইভাবে স্মার্টফোনের বিজ্ঞাপন, নির্দিষ্ট বিষয়ের ভিডিও কিংবা বিশেষ ধরনের কনটেন্ট দেখার জন্যও আলাদা ফিড সাজানো যাবে।

পরবর্তী সময়ে ব্যবহারকারীর নির্ধারিত পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন ভিডিও যুক্ত হলে সেগুলোও ওই ফিডে দেখানো হতে পারে। ফলে প্রতিবার নতুন করে সার্চ না করেই পছন্দের বিষয়বস্তুর ভিডিও খুঁজে পাওয়া সহজ হবে।

যেভাবে তৈরি করবেন নিজের পছন্দের ভিডিও ফিড

ইউটিউবের মোবাইল অ্যাপ থেকে কাস্টম ফিড তৈরি করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে স্মার্টফোনে ইউটিউব অ্যাপ খুলুন।

২. ফোনঅ্যারেনার প্রতিবেদনে উল্লেখ করা অ্যাপের ওপরের বাঁ দিকে থাকা প্লাস (+) আইকনে ট্যাপ করুন।

৩. এরপর কী ধরনের ভিডিও দেখতে চান, তা সাধারণ ভাষায় লিখে জানান। চাইলে ইউটিউবের দেওয়া পরামর্শ থেকেও নির্দেশনা বেছে নিতে পারবেন।

৪. নির্দেশনা জমা দিলে আপনার পছন্দ অনুযায়ী ব্যক্তিগত ভিডিও ফিড তৈরি হবে।

যেমন, নির্দেশনায় লিখতে পারেন—‘কাজের পর মন শান্ত করতে ১০ মিনিটের কম সময়ের নির্দেশিত ধ্যানের ভিডিও দেখাও।’ এরপর ওই চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিডিও নিয়ে ফিড সাজানো হবে।

বিনা মূল্যের ও প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য আলাদা সুবিধা

ফোনঅ্যারেনার প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেই—এমন ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনটি কাস্টম ফিড সংরক্ষণ করতে পারবেন। অন্যদিকে, প্রিমিয়াম গ্রাহকদের জন্য সংরক্ষণের সীমা সর্বোচ্চ আটটি ফিড।

এ ছাড়া ইউটিউবের মোবাইল অ্যাপের নেভিগেশন ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। সাবস্ক্রিপশন ফিডকে ওপরের বারে সরিয়ে নেওয়ার পাশাপাশি ‘মুভিজ অ্যান্ড টিভি’ বিভাগের পাশে ‘লাইভ’ ও ‘মিউজিক’-এর শর্টকাট যুক্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মোবাইল ও ডেস্কটপে মিলবে একই অভিজ্ঞতা

ব্যবহারকারীদের তৈরি কাস্টম ফিড মোবাইল ও ডেস্কটপের মধ্যে সমন্বিত রাখার ব্যবস্থাও করা হচ্ছে। ফলে এক ডিভাইসে তৈরি করা পছন্দের ফিড অন্য ডিভাইস থেকেও ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

এসব পরিবর্তনের লক্ষ্য হলো ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও নিয়ন্ত্রণযোগ্য করা। একই সঙ্গে ব্যবহারকারীরা যেন নিজেদের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিডিও সহজে খুঁজে পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: ফোনঅ্যারেনা

ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় হ্যাক: বাইন্যান্স থেকে ৬৩৬ কোটি ডলার চুরি

প্রকাশ: শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় হ্যাক: বাইন্যান্স থেকে ৬৩৬ কোটি ডলার চুরি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে হ্যাকাররা। বিশ্লেষকদের মতে, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটি সবচেয়ে বড় হ্যাকের ঘটনা। এ ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস ও চেইন্যালাইসিসের দাবি অনুযায়ী, এ হামলার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত। টিআরএম ল্যাবস জানিয়েছে, ১০টি ব্লকচেইনে থাকা বাইন্যান্সের বিভিন্ন ওয়ালেট লক্ষ করে হামলা চালানো হয়। মাত্র ২০ মিনিটের মধ্যে চুরি হওয়া অর্থের বেশিরভাগ সরিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনায় সব লেনদেন স্থগিত রাখা হয়েছে।

বাইন্যান্স জানিয়েছে, বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় চুরি হওয়া সম্পদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি ডলার জব্দ করা সম্ভব হয়েছে। বাকি ৩৩০ কোটি ডলারের বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। তবে বাইন্যান্সের সহপ্রতিষ্ঠাতা ই হে বলেছেন, হ্যাকিংয়ের কারণে হওয়া সব ক্ষতির দায় নেবে এক্সচেঞ্জটি।

বাইন্যান্স থেকে ৬৩৬ কোটি ডলার চুরির নেপথ্যে উত্তর কোরিয়ার হ্যাকাররা!

বাইন্যান্স আরও জানিয়েছে, গ্রাহকদের জমা রাখা অর্থ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবারও অর্থ উত্তোলনের সেবা চালু করার আশা করছে প্রতিষ্ঠানটি। টিআরএম ল্যাবস বলছে, হামলার ধরন ও কৌশলের সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট আগের কয়েকটি সাইবার হামলার মিল রয়েছে।

এর মধ্যে ২০২৫ সালে ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটে চালানো হামলার কথাও রয়েছে। ওই হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এক বিবৃতিতে টিআরএম ল্যাবস বলেছে, উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার বিষয়ে তাদের মূল্যায়ন উচ্চ মাত্রায় নিশ্চিত। তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে জেনেভায় উত্তর কোরিয়ার মিশন ও চীনে দেশটির দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

ফোল্ডেবল ফোন এনে হোঁচট খেল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

এ ঘটনার পর শুক্রবার এশিয়ার বাজারে ক্রিপ্টোকারেন্সির দামে বড় ধরনের পতন দেখা যায়। বিটকয়েনের দাম ৩ শতাংশের বেশি কমে ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৭৬ হাজার ৩৬৮ ডলারে নেমে আসে। ইথারের দামও ৩ শতাংশের বেশি কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন ২ হাজার ১৭৮ ডলারে দাঁড়ায়। বাইন্যান্সের নিজস্ব ক্রিপ্টো টোকেন বিএনবির দামও গত ২৪ ঘণ্টায় ৫ শতাংশ কমে ৭০৯ ডলার ৭০ সেন্টে নেমে আসে।

ক্রিপ্টো বাজারের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কয়েনগেকোর হিসাবে এসব তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেসের শেয়ারের দাম ৪ দশমিক ৮ শতাংশ কমে যায়। বিটকয়েনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্ট্র‍্যাটেজির শেয়ারের দামও প্রায় ৬ শতাংশ কমে।

বাইন্যান্সের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটির একজন প্রকৌশলীর হ্যাক হওয়া ল্যাপটপের মাধ্যমে এ হামলার সূত্রপাত হতে পারে। ওই ল্যাপটপ ব্যবহার করে হামলাকারীরা বাইন্যান্সের একটি সিস্টেমে প্রবেশের সুযোগ পায় এবং অনুমতি ছাড়া অর্থ সরিয়ে নেয়। বাইন্যান্স জানিয়েছে, ঘটনার পেছনে একাধিক কারণ থাকতে পারে। হ্যাক হওয়া কম্পিউটারটি কীভাবে হামলার প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়েছে, তা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটির নিরাপত্তা দল।

হংকংভিত্তিক হ্যাশকি গ্রুপের জ্যেষ্ঠ গবেষক টিম সান বলেন, এ ঘটনা বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ আরও কমিয়ে দিতে পারে। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে পরিচালিত এক্সচেঞ্জে রাখা সম্পদের নিরাপত্তা, প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা এবং তারল্য নিয়ে নতুন করে ভাবতে পারেন বিনিয়োগকারীরা।

বিশ্বজুড়ে বাইন্যান্সের নিবন্ধিত ব্যবহারকারী ৩৩ কোটি ৫০ লাখ। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, তাদের হেফাজতে থাকা সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার ২৮০ কোটি ডলার। বাইন্যান্সের গ্রাহকদের সম্পদ সুরক্ষায় একটি বিশেষ তহবিল রয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, বিটকয়েনে রাখা এ তহবিল নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় গ্রাহকদের সম্পদ সুরক্ষায় ব্যবহারের জন্য গঠন করা হয়েছে।

এদিকে, স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৫৭ কোটি ডলারের সম্পদ তারা জব্দ করেছে। আরেক প্রতিষ্ঠান সার্কেল জব্দ করেছে ৮০ কোটি ডলারের বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যানশিয়াল জানিয়েছে, চুরি হওয়া অর্থ জব্দ করতে তারা ক্রিপ্টো সম্পদ সংরক্ষণকারী প্রতিষ্ঠান বিটগোর সঙ্গে কাজ করেছে।

বাইন্যান্সের সহপ্রতিষ্ঠাতা ই হে জানিয়েছেন, এ ঘটনায় ২ কোটি ৭০ লাখ ডলারের স্টেবলকয়েন এবং ওয়ার্ল্ড লিবার্টির প্রায় ২০ লাখ ডলারের টোকেন জব্দ করা হয়েছে। ক্রিপ্টো প্রতিষ্ঠান রিপলও প্রায় ২০ কোটি ডলারের সম্পদ জব্দ করেছে বলে জানিয়েছেন ই হে।

ফোন স্লো হলেই বারবার রিস্টার্ট করা কি সমাধান? জেনে নিন প্রতিকার

রিপলের স্টেবলকয়েন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জ্যাক ম্যাকডোনাল্ড বলেছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত সম্পদ জব্দে কাজ করছেন। রয়টার্সকে ক্রিপ্টো বিশ্লেষক প্রতিষ্ঠান আর্কহ্যামের প্রধান নির্বাহী মিগুয়েল মোরেল বলেন, তাদের তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, অজ্ঞাত কোনো পক্ষ বাইন্যান্স থেকে কয়েকশ কোটি ডলারের সম্পদ চুরি করেছে।

ক্রিপ্টো খাতে ধারাবাহিক চুরির ঘটনার মধ্যে সর্বশেষ এ হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। টিআরএম ল্যাবসের গবেষকদের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ১৫০টি পৃথক হামলায় ২৯০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছিল। গত সেপ্টেম্বরে ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটগেটও জানিয়েছিল, তাদের প্ল্যাটফর্ম থেকে প্রায় ৩৫ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে।

ফোল্ডেবল ফোন এনে হোঁচট খেল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
ফোল্ডেবল ফোন এনে হোঁচট খেল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

সম্প্রতি বাজারে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ফোন এনেছে অ্যাপল। তবে বহুল প্রতীক্ষিত এই স্মার্টফোন বাজারে আসার কয়েক দিনের মধ্যেই দেখা দিয়েছে বিপত্তি।

বেশ কয়েকজন ক্রেতা আইফোন ডুয়োর স্ক্রিনে সমস্যা দেখা দেওয়ার অভিযোগ করেছেন। পরে অ্যাপলও বিষয়টি স্বীকার করেছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে প্রযুক্তি জগতের বড় প্রতিষ্ঠানটির নতুন এই ডিভাইসের স্ক্রিনে দাগ দেখা যায়।

যুক্তরাজ্যে ফোনটির দাম ১ হাজার ৯৯৯ পাউন্ড (প্রায় ৩ লাখ ২৯ হাজার ৮৩৫ টাকা) থেকে শুরু হয়েছে।

আইফোন ডুও দেখে মুগ্ধ, সমস্যাগুলো জানেন তো?

অ্যাপল জানিয়েছে, অল্প সংখ্যক ফোনের ইনার ডিসপ্লেতে সমস্যা দেখা দেওয়ার বিষয়টি সম্পর্কে তারা অবগত। ডিসপ্লে সমস্যাযুক্ত ফোনগুলো বদলে নতুন ফোন দেওয়া হবে।

ভুক্তভোগী গ্রাহকদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনলাইনে প্রি-অর্ডার চালুর পর গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে অ্যাপলের স্টোরগুলোতে আইফোন ডুয়োর উন্মোচন ঘিরে ক্রেতাদের ভিড় দেখা যায়।

প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ফোল্ডেবল ফোনের সঙ্গে প্রতিযোগিতা এবং ডিভাইসের বাজারে নতুনত্ব আনতে এই ফোন এনেছে অ্যাপল।

আইফোন ডুয়োর কয়েকজন ব্যবহারকারী অনলাইনে ছবি প্রকাশ করে জানিয়েছেন, ফোনের স্ক্রিনের মাঝের ভাঁজ বরাবর ফাটল দেখা দিয়েছে।

এছাড়া অনেকে ফোনটি খোলার সময় মচমচ শব্দ হওয়ার অভিযোগ করেন।

অফলাইনেও সময়মতো পৌঁছে যাবে আপনার জরুরি বার্তা

আইফোন ডুয়োর ব্যবহারকারী জাস্টিন লোকোস ডিসপ্লের ডান পাশে দাগ দেখা যাওয়া একটি ফোনের ছবি প্রকাশ করেন।

পরে ত্রুটিপূর্ণ ফোনটির পাশে নতুন একটি ফোনের ছবি দিয়ে সহায়তার জন্য নিউইয়র্কের একটি অ্যাপল স্টোরকে ধন্যবাদ জানান তিনি।

সমস্যাটি কতটা ব্যাপক, তা এখনো স্পষ্ট নয়। কতগুলো ফোনে এই ত্রুটি দেখা দিয়েছে, অ্যাপল তা জানায়নি।

এদিকে, ত্রুটিপূর্ণ ফোনের কিছু ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আইফোন ডুয়োর সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছানোর আগে সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রযুক্তি বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো।

তবে তিনি বলেন, সমস্যার প্রাথমিক প্রতিবেদনগুলো এটাও দেখিয়েছে যে অ্যাপলের মতো কারিগরি সক্ষমতা ও সুসংহত সরবরাহ শৃঙ্খল থাকা প্রতিষ্ঠানও ফোল্ডেবল ফোন তৈরি করতে গিয়ে হোঁচট খেতে পারে।

ডুয়োর ৭ দশমিক ৬ ইঞ্চি (১৯ দশমিক ৩ সেন্টিমিটার) ইনার ডিসপ্লে মাঝখানের একটি হিঞ্জ বা কবজার মাধ্যমে যুক্ত। এটি প্রকৌশলগতভাবে জটিল একটি ব্যবস্থা।

অ্যাপলের কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের তৈরি ফোল্ডেবল ফোনেও এ ধরনের ডিজাইনের কারণে একই রকম ত্রুটি দেখা গেছে।

স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল ফোন গ্যালাক্সি ফোল্ডও ২০১৯ সালে বাজারে আসার শুরুতেই ধাক্কা খেয়েছিল। রিভিউয়াররা ফোনটির স্ক্রিন নষ্ট হওয়ার খবর জানিয়েছিলেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইতোমধ্যে বিভিন্ন ধরনের ফোল্ডেবল ফোনের বিকল্প রয়েছে। ডুয়ো বাজারে আনার আগে এই প্রযুক্তি নিয়ে কয়েক বছর ধরে কাজ করেছে অ্যাপল।

এটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে দামি আইফোন। সর্বোচ্চ সুবিধাসম্পন্ন মডেলটির দাম সর্বোচ্চ ৩ হাজার ১৯৯ পাউন্ড (৫ লাখ ২৭ হাজার ৮৩৫ টাকা)।

গত ৯ সেপ্টেম্বর আইফোন ডুয়ো উন্মোচন করা হয়। ১৬ অক্টোবর থেকে ওয়েবসাইটে প্রি-অর্ডার চালু হয়। এরপর ২৩ অক্টোবর নির্দিষ্ট কয়েকটি বাজারে এই ফোন নিয়ে আসে অ্যাপল।

আগামী ৩০ অক্টোবর আরও ২৮টি দেশ ও অঞ্চলে এই ফোন পাওয়া যাবে।

প্রযুক্তি বিশ্লেষক জেরোনিমো বলেন, ডুয়োকে বাজারে প্রতিষ্ঠিত ফোল্ডেবল ফোনগুলোর ‘প্রিমিয়াম বিকল্প’ হিসেবে তুলে ধরেছে অ্যাপল।

তাই শুরুর দিকের এই সমস্যাটি অ্যাপল কীভাবে সামাল দেয়, তার ওপর শুধু এই ফোনের বিক্রি নয়, বরং অ্যাপলের যেকোনো ফোল্ডেবল ফোনের প্রতি ক্রেতাদের আস্থাও নির্ভর করবে।

প্রায় দুই দশকের মধ্যে আইফোনের ডিজাইনে সবচেয়ে বড় পরিবর্তন এই ডুয়ো।

সেপ্টেম্বরে টিম কুকের স্থলাভিষিক্ত হওয়া নতুন প্রধান নির্বাহী জন টার্নাস ফোনটি উন্মোচন করেন।

ফোন স্লো হলেই বারবার রিস্টার্ট করা কি সমাধান? জেনে নিন প্রতিকার

প্রকাশ: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
ফোন স্লো হলেই বারবার রিস্টার্ট করা কি সমাধান? জেনে নিন প্রতিকার

স্মার্টফোন ধীরগতিতে কাজ করলে কিংবা হ্যাং হয়ে গেলে অনেকেই দ্রুত রিস্টার্ট করেন। এতে সাময়িকভাবে সমস্যার সমাধানও হয়। তবে ফোন স্লো হলেই বারবার রিস্টার্ট করা কি কার্যকর সমাধান? নাকি এতে প্রকৃত সমস্যাটি আড়ালেই থেকে যাচ্ছে? বিষয়টি জানা জরুরি।

রিস্টার্ট করলে ফোনে কী ঘটে?

অ্যান্ড্রয়েড কিংবা আইফোন রিস্টার্ট করলে অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে আবার চালু হয়। একই সঙ্গে চলমান অ্যাপ ও সাময়িক সিস্টেম প্রক্রিয়াগুলো নতুন করে শুরু হয়। ফলে কোনো অ্যাপ আটকে গেলে, ফোন হঠাৎ হ্যাং করলে কিংবা সফটওয়্যারে সাময়িক ত্রুটি দেখা দিলে রিস্টার্টের মাধ্যমে তা ঠিক হতে পারে।

তবে রিস্টার্ট করলেই ফোনের প্রসেসর আরও দ্রুত কাজ করতে শুরু করে, বিষয়টি এমন নয়। এটি মূলত সাময়িক সফটওয়্যারজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। তাই ফোন ধীরগতিতে কাজ করলেই বারবার রিস্টার্ট করার প্রয়োজন নেই।

কখন ফোন রিস্টার্ট করা উচিত?

কোনো অ্যাপ বারবার বন্ধ হয়ে গেলে, স্ক্রিনে সমস্যা দেখা দিলে কিংবা ফোন অস্বাভাবিকভাবে আটকে গেলে একবার রিস্টার্ট করে দেখতে পারেন। সফটওয়্যার আপডেটের পরও অনেক সময় ফোন পুনরায় চালু করার প্রয়োজন হয়।

তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ফোন রিস্টার্ট করতেই হবে, এমন কোনো নিয়ম নেই। আধুনিক স্মার্টফোনে মেমোরি ও ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ পরিচালনার ব্যবস্থা রয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী রিস্টার্ট করাই যথেষ্ট।

ফোন ধীরগতির হওয়ার পেছনে যেসব কারণ

স্মার্টফোন স্লো হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য—

স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়া: ফোনের স্টোরেজে জায়গা কমে গেলে বিভিন্ন অ্যাপ ও সিস্টেমের কাজ ব্যাহত হতে পারে।

ভারী অ্যাপের ব্যবহার: বেশি মেমোরি ও প্রসেসিং ক্ষমতা প্রয়োজন হয়, এমন অ্যাপ ফোনের কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

পুরোনো সফটওয়্যার: অপারেটিং সিস্টেম বা অ্যাপের পুরোনো সংস্করণে ত্রুটি থাকলে ফোনের পারফরম্যান্স কমে যেতে পারে।

ব্যাটারির সমস্যা: ব্যাটারি পুরোনো বা ত্রুটিপূর্ণ হলে কিছু ফোনে কার্যক্ষমতা সীমিত হয়ে যেতে পারে।

হার্ডওয়্যারের সীমাবদ্ধতা: পুরোনো ফোনে আধুনিক ও ভারী অ্যাপ চালানোর সময় ধীরগতি দেখা দিতে পারে।

ফোনের গতি বাড়াতে কী করবেন?

ফোন ধীরগতিতে কাজ করলে প্রথমেই অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও ফাইল সরিয়ে স্টোরেজ খালি করুন। যেসব অ্যাপ নিয়মিত ব্যবহার করেন না, সেগুলো আনইনস্টল করতে পারেন। পাশাপাশি অপারেটিং সিস্টেম ও অ্যাপের হালনাগাদ সংস্করণ রয়েছে কি না, তা পরীক্ষা করুন।

কোনো নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সময় ফোন স্লো হয়ে গেলে সেটি আপডেট করা বা অ্যাপটির ক্যাশ পরিষ্কার করে দেখতে পারেন। তবে ক্যাশ পরিষ্কার করার সঙ্গে অ্যাপের ডেটা মুছে ফেলার বিষয়টি এক নয়—তাই সেটিংস পরিবর্তনের আগে সতর্ক থাকুন।

এসব পদক্ষেপ নেওয়ার পরও ফোন বারবার হ্যাং করলে ব্যাটারি, সফটওয়্যার কিংবা হার্ডওয়্যারের সমস্যা পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। প্রয়োজনে অনুমোদিত সার্ভিস সেন্টারের সহায়তা নিন।

বারবার রিস্টার্ট করলেই কি ফোনের ক্ষতি হয়?

সাধারণভাবে প্রয়োজন অনুযায়ী ফোন রিস্টার্ট করলে ক্ষতির আশঙ্কা নেই। তবে ঘন ঘন রিস্টার্ট করেও যদি ফোনের ধীরগতি না কমে, তাহলে একই কাজ বারবার করে খুব একটা লাভ হবে না। বরং সমস্যার প্রকৃত কারণ শনাক্ত করা জরুরি।

মনে রাখতে হবে, রিস্টার্ট সাময়িক সফটওয়্যার সমস্যা সমাধানে কার্যকর হলেও স্টোরেজের ঘাটতি, ব্যাটারির ত্রুটি কিংবা হার্ডওয়্যারের সমস্যার স্থায়ী সমাধান নয়। তাই ফোন স্লো হলেই বারবার রিস্টার্ট না করে আগে সমস্যার কারণ খুঁজে বের করুন।