১৪ নভেম্বর ২০২৬

মেয়াদ শেষের আগে কিউবার ‘দফারফা’ করতে চান ট্রাম্প

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
মেয়াদ শেষের আগে কিউবার ‘দফারফা’ করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন। ২০২৯ সালে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে টেলিফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কিউবাকে ‘মুক্ত’ করার কথা তিনি ভাবছেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার আগেই কিউবার বিষয়টি সমাধান করতে চাই।’ এ বিষয়ে তার প্রশাসন খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

কিউবাকে ‘মূলত একটি ব্যর্থ জায়গা, রাষ্ট্র বা যা-ই বলা হোক না কেন’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, রুবিওও এ পদক্ষেপ নিতে আগ্রহী হবেন। রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত।

ট্রাম্প আরও বলেন, ‘আমি কিউবার সেইসব মানুষের জন্য কিছু করতে চাই, যারা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে অত্যন্ত খারাপ আচরণের শিকার হয়েছেন।’

সূত্র: আলজাজিরা

মেয়াদ শেষের আগে কিউবার ‘দফারফা’ করতে চান ট্রাম্প

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
মেয়াদ শেষের আগে কিউবার ‘দফারফা’ করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন। ২০২৯ সালে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে টেলিফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কিউবাকে ‘মুক্ত’ করার কথা তিনি ভাবছেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার আগেই কিউবার বিষয়টি সমাধান করতে চাই।’ এ বিষয়ে তার প্রশাসন খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

কিউবাকে ‘মূলত একটি ব্যর্থ জায়গা, রাষ্ট্র বা যা-ই বলা হোক না কেন’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, রুবিওও এ পদক্ষেপ নিতে আগ্রহী হবেন। রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত।

ট্রাম্প আরও বলেন, ‘আমি কিউবার সেইসব মানুষের জন্য কিছু করতে চাই, যারা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে অত্যন্ত খারাপ আচরণের শিকার হয়েছেন।’

সূত্র: আলজাজিরা

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে যারা

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে যারা

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালে। নির্বাচনের এখনও অনেক দেরি থাকলেও সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে এক জরিপে চারজন নেতার নাম উঠে এসেছে, যাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করছেন অনেক ভোটার।

রয়টার্স/ইপসোস পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে, ডেমোক্র্যাটদের মধ্যে এগিয়ে রয়েছেন জর্জিয়ার সিনেটর জন ওসফ ও সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ।

তবে এই চারজনের কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেননি। দুই দলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হতেও এক বছরের বেশি সময় বাকি। তাই আগামী দিনে নতুন প্রার্থীর আবির্ভাব এবং ভোটারদের মতামত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

রিপাবলিকানদের পছন্দে রুবিও ও ভ্যান্স

জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের ৪৫ শতাংশ মনে করেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চমৎকার হবেন। অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে পছন্দ করেছেন ৪৩ শতাংশ ভোটার।

অন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও ভালো অবস্থানে রয়েছেন। ৩২ শতাংশ রিপাবলিকান ভোটার তাকে চমৎকার প্রার্থী হিসেবে বিবেচনা করেন।

এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজেরও সমর্থক ও সমালোচক রয়েছেন।

জরিপে অংশ নেওয়া রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পকে ঘিরে কিছুটা অসন্তোষের চিত্রও উঠে এসেছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে প্রশ্ন তৈরি হয়েছে। এ যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে বলেও অনেকে মনে করছেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ দুই নেতা ভ্যান্স ও রুবিওর মধ্যে কাকে বেশি পছন্দ, তা নিয়ে মিত্রদের মতামতও জানতে চেয়েছেন তিনি। সম্প্রতি সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ে তিনি যে কাউকে সমর্থন দেবেন, এমন নিশ্চয়তা নেই।

ফ্লোরিডার আইনজীবী বারবারা রেজনার গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছেন। তবে এবার তিনি ভ্যান্সের চেয়ে রুবিওকে বেশি পছন্দ করছেন। তার মতে, ভ্যান্স অতিরিক্ত ডানপন্থি এবং ট্রাম্পের খুব ঘনিষ্ঠ।

রেজনার বলেন, রুবিও নিজের দায়িত্ব ভালোভাবে সামলেছেন। তিনি অতি বাম বা অতি ডানপন্থি অবস্থান না নেওয়ায় বিতর্ক থেকেও দূরে থাকতে পেরেছেন।

অন্যদিকে, ভ্যান্সও ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে ট্রাম্পের অবস্থান থেকে কিছুটা দূরে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধের ভূমিকা ছিল।

ডেমোক্র্যাটদের পছন্দে ওসফ ও বুটিজেজ

ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে জন ওসফ ও পিট বুটিজেজ সমানভাবে এগিয়ে রয়েছেন। দুজনকেই ২৯ শতাংশ ভোটার চমৎকার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচনা করেন।

জর্জিয়ার সিনেটর জন ওসফ সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করে আলোচনায় এসেছেন। তিনি ট্রাম্পকে দুর্নীতিগ্রস্ত ও প্রেসিডেন্ট পদের অযোগ্য বলেও মন্তব্য করেছেন।

গত সপ্তাহে জর্জিয়ায় পুনর্নির্বাচনে ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছেন ওসফ। অথচ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যে ট্রাম্প জয় পেয়েছিলেন মাত্র ২ শতাংশ পয়েন্টের ব্যবধানে।

অন্যদিকে, পিট বুটিজেজ ২০২০ সালেও প্রেসিডেন্ট পদে লড়েছিলেন। জাতীয় পর্যায়ে তিনি ওসফের তুলনায় বেশি পরিচিত।

জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজন ডেমোক্র্যাট ভোটারের মধ্যে প্রায় একজন বুটিজেজের নাম শোনেননি। অন্যদিকে, ওসফের নাম শোনেননি প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন।

রিপাবলিকানদের মধ্যে জে ডি ভ্যান্সকে চেনেন না এমন ভোটার খুব কম। তবে প্রায় প্রতি ছয়জনের একজন মার্কো রুবিওকে চেনেন না বলে জানিয়েছেন।

প্রার্থীদের পরিচিতি নির্বাচনি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগে থেকে পরিচিত থাকলে প্রচারণার খরচও কম হয়। তবে নির্বাচনি প্রচারের সময় স্বল্পপরিচিত প্রার্থীর জনপ্রিয় হয়ে ওঠার উদাহরণও রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্ষেত্রেও এমনটি ঘটেছিল।

ডেমোক্র্যাট শিবিরে বুটিজেজ ও ওসফ দুজনকেই মধ্যপন্থি হিসেবে বিবেচনা করা হয়। তাদের এই অবস্থান অনেক ভোটারের কাছে গ্রহণযোগ্য।

দক্ষিণ ইলিনয়ের অবসরপ্রাপ্ত শূকর খামারি এড ব্লেয়ারও মধ্যপন্থি প্রার্থীদের পছন্দ করেন। তিনি ওসফের তুলনায় বুটিজেজকে কিছুটা এগিয়ে রাখছেন। কারণ, ওসফের পরিচিতি তুলনামূলক কম।

ব্লেয়ার বলেন, তিনি বেশি প্রগতিশীল প্রার্থীদের চেয়ে মধ্যপন্থি প্রার্থীদের পছন্দ করেন। সবার জন্য মেডিকেয়ার স্বাস্থ্যবিমা চালু করার মতো বড় পরিবর্তনের প্রস্তাব নিয়েও তিনি উদ্বিগ্ন। তার মতে, বড় পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে সংস্কার করা উচিত, যাতে মানুষ সহজে মানিয়ে নিতে পারে।

আলোচনায় আরও যেসব নেতা

রয়টার্স/ইপসোসের জরিপে ডেমোক্র্যাট দলের আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে ২৩ শতাংশ করে ডেমোক্র্যাট ভোটার চমৎকার প্রার্থী হিসেবে বিবেচনা করেন।

অন্যদিকে, প্রগতিশীল রাজনীতির পরিচিত মুখ নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজকে পছন্দ করেন ১৫ শতাংশ ভোটার।

মধ্যবর্তী নির্বাচনের পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওকাসিও-করতেজ বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিষয়টি বিবেচনা করা উচিত।

তবে এ বিষয়ে বুটিজেজের অবস্থান ভিন্ন। নিউ ইয়র্কার সাময়িকীকে তিনি বলেছেন, ট্রাম্পের অভিশংসনের বিষয়ে তিনি খুব একটা আগ্রহী নন।

জরিপে কারা অংশ নিয়েছেন?

সোমবার শেষ হওয়া এই জরিপে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার মোট ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। তাদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের প্রায় ৫০০ জন করে নিবন্ধিত ভোটার ছিলেন।

দুই দলের ভোটারদের মতামতের ক্ষেত্রে জরিপটির ত্রুটির সীমা (মার্জিন অব এরর) ৫ শতাংশ পয়েন্ট।

তবে ২০২৮ সালের নির্বাচন এখনও অনেক দূরে। তাই এখনকার জরিপের ফলকে চূড়ান্ত হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা।

ডেমোক্র্যাট দলের কৌশলবিদ এলেইন কামার্ক বলেন, নির্বাচনের এখনও অনেক সময় বাকি। দুই দলের অনেক নেতা এখনও সিদ্ধান্ত নেননি, তারা নির্বাচনে প্রার্থী হবেন কি না।

তার মতে, সম্ভাব্য প্রার্থীদের নাম অনুমান করা সম্ভব হলেও এখনই কে এগিয়ে থাকবেন, তা নিশ্চিত করে বলা কঠিন।

সূত্র: রয়টার্স

স্বর্গে যাওয়ার শর্তেও শত্রুদের ক্ষমা করতে নারাজ ট্রাম্প

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
স্বর্গে যাওয়ার শর্তেও শত্রুদের ক্ষমা করতে নারাজ ট্রাম্প

নিজেকে ধার্মিক বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৮ অক্টোবর) রাতে সিবিএস নিউজে প্রচারিত ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে রস ডাউথাটকে দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

অনন্ত স্বর্গ লাভের বিনিময়ে হলেও কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরোধীদের ক্ষমা করতে পারবেন? মৃত্যুর পর কী হবে বলে তিনি মনে করেন?

এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একজন ধার্মিক ব্যক্তি। তাই তত্ত্বগতভাবে আমি স্বর্গে যাব।’

এরপর ডাউথাট প্রশ্নটি আরও স্পষ্ট করেন। তিনি বলেন, ‘ধরুন, আপনি মারা গেলেন এবং পরকালে প্রবেশ করলেন। স্বর্গে যাওয়ার জন্য আপনাকে শুধু জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা এমন কাউকে ভালোবাসতে ও ক্ষমা করতে হবে, যাঁদের প্রতি আপনি বছরের পর বছর ধরে ঘৃণা প্রকাশ করেছেন। আপনার কি মনে হয়, আপনি তা করতে পারবেন?’

জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে তো আমি আর বাস্তব থাকব না, তাই না?’

তিনি তাদের ‘অত্যন্ত অসৎ, খুব খারাপ এবং আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর’ বলেও আখ্যা দেন।

ডাউথাট জানতে চান, ‘তাহলে কি উত্তরটা না?’

ট্রাম্প জবাব দেন, ‘উত্তরটা হলো না। সত্যি বলতে, না।’

এরপর ডাউথাট বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমার সারা জীবনে দেখা আমেরিকানদের মধ্যে আপনার জীবনই সবচেয়ে সৌভাগ্যপূর্ণ ও অসাধারণ। অথচ আপনি বলছেন, ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়িয়েও আপনি আপনার কিছু শত্রুকে ক্ষমা করতে পারবেন না? আপনাকে এত কিছু দেওয়ার পরও?’

‘আমি কি সত্যি কথা বলতে পারি?’ পাল্টা প্রশ্ন করেন ট্রাম্প। তারপর তিনি বলেন, ‘না, সম্ভবত আমি তা করতে পারব না। কারণ, আমি আমার কিছু শত্রুকে ঘৃণা করি এবং ভবিষ্যতেও করব।’

গত এক দশকে প্রেসিডেন্ট ট্রাম্পের রোষের লক্ষ্যবস্তু হয়েছেন অসংখ্য ব্যক্তি। তার দ্বিতীয় মেয়াদে তাদের অনেকেই আইনি তদন্ত ও বিচারের মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ফেডারেল অভিযোগও আনা হয়েছে: সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

প্রেসিডেন্টের প্রথম মেয়াদে ট্রাম্প ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক নিয়ে এফবিআইয়ের তদন্তের তত্ত্বাবধান করেছিলেন কোমি। এক বছরের ব্যবধানে বিচার বিভাগ তার বিরুদ্ধে দুবার অভিযোগ আনে- প্রথমবার ২০২৫ সালের সেপ্টেম্বরে, এরপর চলতি বছরের এপ্রিলে। প্রথম মামলাটি খারিজ হয়ে গেলেও ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে করা দ্বিতীয় মামলাটি এখনো বিচারাধীন।

গত মাসে কোমির বিরুদ্ধে গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগ আনার উদ্যোগও নিয়েছে বিচার বিভাগ। এটি হবে তার বিরুদ্ধে তৃতীয় সম্ভাব্য অভিযোগ।

অন্যদিকে, লেটিশিয়া জেমসের দপ্তর ২০২২ সালে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে দেওয়ানি জালিয়াতির মামলা করে সফল হয়েছিল। পরে জেমস নিজেই ব্যাংক জালিয়াতি এবং একটি আর্থিক প্রতিষ্ঠানে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। তবে একজন বিচারক উভয় অভিযোগই খারিজ করে দেন।

ট্রাম্পের প্রথম প্রশাসনে দায়িত্ব পালন করা ইরান-নীতি নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত জন বোল্টনই তার ধারাবাহিক লক্ষ্যবস্তুদের মধ্যে একমাত্র ব্যক্তি, যার বিরুদ্ধে সফলভাবে বিচারপ্রক্রিয়া এগিয়েছে।

জুনে তিনি গোপনীয় তথ্য গোপন রাখার অপরাধ স্বীকার করেন। ডিসেম্বর মাসে তার সাজা ঘোষণা করা হবে। সূত্র: সিবিসি নিউজ

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে: ট্রাম্প

প্রকাশ: শনিবার, নভেম্বর ০৭, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে: ট্রাম্প
ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- এএফপি

ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অনেক অগ্রগতি’ অর্জন করেছে এবং তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি দাবি করেছেন, সম্প্রতি ইরানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে মার্কিন বাহিনী।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা চুক্তি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে আমরা অনেক অগ্রগতি করেছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতকে যুদ্ধ হিসেবে অভিহিত করতেও রাজি হননি ট্রাম্প। বরং তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের ‘সবচেয়ে বড় অবরোধ’ আরোপের দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধ করছি না।’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, গত সাত মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি।

তবে ইরানের সামরিক সরঞ্জামে মার্কিন বাহিনীর সীমিত হামলার কথা স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তারা ছোটখাটো একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছিল।

আমরা সেটা প্রায় ১৫ মিনিটে, হয়তো পাঁচ মিনিটেই ধ্বংস করে দিয়েছি।’ তবে হামলাটি কখন বা কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এ ছাড়া ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে এবং দেশটিতে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের মধ্যে স্থানীয় পর্যায়ের নির্বাচনে চার বাংলাদেশির-মার্কিনের বিজয় অর্জন করেছেন।

স্থানীয় সময় গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর ফলে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।

বিজয়ীরা হলেন, আবুল খান, শেখ রহমান, মাসুদুর রহমান ও হাসিব ফাতেমী।

নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া, কানেকটিকাট ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক। তাদের মধ্যে একজন রিপাবলিকান পার্টি এবং অন্য তিনজন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ছিলেন।

রিপাবলিকান পার্টি থেকে নিউ হ্যাম্পশায়ার স্টেটের প্রতিনিধি হিসেবে সপ্তম মেয়াদে নির্বাচিত হয়েছেন পিরোজপুরের সন্তান আবুল খান।

জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী শেখ রহমান পঞ্চম মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের সন্তান।

কানেকটিকাট স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৪ থেকে তৃতীয় মেয়াদে জয় পেয়েছেন চাঁদপুরের সন্তান মাসুদুর রহমান। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি এবারও বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

নর্থ ক্যারোলাইনা স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-১৮ থেকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের সন্তান হাসিব ফাতেমী।

এদিকে ভার্জিনিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৩৭-এর দায়িত্বে রয়েছেন নোয়াখালীর সন্তান সাদ্দাম আজলান সেলিম। ডেমোক্রেটিক পার্টির এ রাজনীতিক ২০২৪ সালে নির্বাচিত হন। আগামী বছর সেখানে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয় এবং স্থানীয় পর্যায়ে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের সাফল্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রবাসীরা।

ব্রঙ্কসে বসবাসরত মূলধারার রাজনীতিক শাহজাহান শেখ বলেন, গত দুই বছর প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যায়-অপকর্মের দাঁতভাঙা জবাব দিয়েছেন ভোটাররা। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, এবারের ফলাফল রাজনীতিক ও নীতিনির্ধারকদের চিন্তাভাবনায় প্রভাব ফেলবে বলে আশা করছেন তিনি। কঠোর পরিশ্রমী আমেরিকানদেরও সেটাই প্রত্যাশা।

আন্তর্জাতিক অর্থনীতি ও রাজনীতি নিয়ে কাজ করা ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের গ্লোবাল ক্যাম্পাসের অধ্যাপক ফাইজুল ইসলাম বলেন, মিথ্যাচার আর ভণ্ডামি বেশিদিন টিকে না। প্রেসিডেন্ট ট্রাম্পের লাগাতার অন্যায়-অবিচার-একনায়কতন্ত্রের কবলে পড়ে আমেরিকানরা ত্যক্ত-বিরক্ত এবং ক্ষুব্ধ। তারই প্রকাশ ঘটল ব্যালট বিপ্লবে।

অধ্যাপক ফাইজুলের মতে, ট্রাম্পের কারণে রিপাবলিকান পার্টির ভিত দুর্বল হয়ে পড়েছে। এখন দলটির ঘুরে দাঁড়ানোর সময়। এজন্য ট্রাম্পকে দূরে সরিয়ে রাখতে হবে।