১৪ নভেম্বর ২০২৬

মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা

দীর্ঘ ১৮ বছরের চেষ্টার বাস্তবায়ন ঘটানো হয়েছে জর্ডানের আবু উবাইদা মসজিদে। পানির সংকট থাকলেও ফেলে দেয়া পানিই যে কাজে লাগানো যায়, সেই কাজই করা হয়েছে মসজিদটিতে। ফেলে দেয়া পানি পুনরায় ব্যবহার করে বাগানের ঝোপঝাড় এবং গাছপালায় দেয়া হয় মসজিদটিতে।

আম্মানের পশ্চিমে বলকার দেইর আল্লা এলাকার আবু উবাইদা মসজিদটি জর্ডান উপত্যকার অন্যতম উষ্ণ ও শুষ্ক অঞ্চলে অবস্থিত। এরপরও মসজিদটির চারপাশে গাছপালা ও ফুলের বিছানার মতো এক মরূদ্যান। যা ধূসর ও পাহাড়ের পটভূমিতে অবিশ্বাস্য এক সবুজ এলাকায় সেজেছে। গাছের শিকড়ের ফাঁকে মাটির ওপর দিয়ে চলাড্রিপ ইরিগেশেন বা ফোঁটা ফোঁটা পানির ব্যবস্থার মাধ্যমে পানি দেয়া হয় সেখানে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এই পানি পৌর এলাকা থেকে সরবরাহ করা হয় না। বরং মসজিদে যেখানে মুসল্লিরা নামাজের আগে নিজেদের পবিত্র করার জন্য অজু করেন, সেই পানি পুনরায় গাছপালায় ব্যবহার করা হয়।

জর্ডানে পানির মূল্য:

জর্ডানে প্রতি ফোঁটা পানিই অনেক মূল্যবান। এটি এমন একটি রাষ্ট্র, যেখানে একজন ব্যক্তি প্রতি বছর মাত্র ৬১ ঘনমিটার নবায়নযোগ্য স্বাদু পানি পায়। যা জাতিসংঘের ৫০০ ঘনমিটারের চরম পানি সংকট সীমার আট ভাগের এক ভাগের থেকেও কম। ফলে দেশটিতে প্রতি ফোঁটা পানির মূল্য অপরিসীম।

জর্ডানের জনসংখ্যা ১ কোটি ১৩ লাখ। এর প্রায় ১ কোটি মানুষই ধর্মভীরু মুসলিম। দেশটি তাদের খাদ্যের অধিকাংশই আমদানি করে। পৌরসভার পানি সরবরাহ বেশ সীমিত, কিছু এলাকায় সপ্তাহে মাত্র ১২ ঘণ্টার জন্য পাইপে পানি সরবরাহ করা এবং ঘাটতি পূরণে পরিবারগুলোকে ছাদের ট্যাংকের ওপর নির্ভর করতে হয়। জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশনের (জেএসিএ) মতে, এই পরিস্থিতি আচারগত কাজে ব্যবহৃত পানিকে বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছে।

কোন ভাবনা থেকে এর শুরু:

মসজিদ ব্যবস্থাপনা পরিচালনাকারী প্রতিষ্ঠান জেএসিএর প্রতিষ্ঠাতা আহমেদ আল-রাওয়ান বলেন, এখানকার মানুষ পানির সংকট বোঝে। কারণ, তারা প্রতিদিন এই সংকটের মধ্য দিয়েই জীবন অতিবাহিত করে। তবে আমরা যা দেখাতে চেয়েছি তা হলো, মসজিদটি একটি ধর্মীয় মূল্যবোধ হিসেবে পানি সংরক্ষণের শিক্ষা দেয় এবং সে নিজেও তা অনুশীলন করে।

আবু উবাইদা মসজিদের চারপাশের সবুজ বাগান

২০২৫ সালের একটি সমকক্ষ-পর্যালোচিত গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে ৩৬ লাখ মসজিদে বছরে আনুমানিক ২ কোটি ২৫ লাখ ঘনমিটার পানি শুধু অজুতে ব্যবহার হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্যমতে, জর্ডানে ৭ হাজার ৬০০টিরও বেশি মসজিদ রয়েছে।

২০০৮ সাল থেকে এ ব্যাপারে কাজ করছে জেএসিএ সংস্থা। আবু উবাইদা মসজিদের অজুখানার নিচে ইনস্টল করা পাইপগুলোর মাধ্যমে ব্যবহৃত পানি একটি ট্রিটমেন্ট ইউনিটে নেয়া হয়। তারপর সেখান থেকে পরিশোধিত ও ফিল্টার করার পর ওই পানি বাইরের বাগানের ঝোপঝাড় এবং গাছপালায় দেয়া হয়। তা না হলে সেসব বাগানে ও গাছপালায় পানির প্রয়োজন হলে পৌর সরবরাহের ওপর নির্ভরশীল হতে হতো।

মসজিদের ব্যবস্থাপনা পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যাখ্যা:

জেএসিএর প্রতিষ্ঠাতা আহমেদ আল-রাওয়ান বলেন, মসজিদগুলোয় অজুর সময় সাবান ব্যবহার করা হয় না। এ কারণে পানি পরিষ্কার করার প্রক্রিয়াটি জটিল হয় না এবং এতে কোনো রাসায়নিক পদার্থও প্রয়োজন হয় না। সেচ দেয়ার জন্য পুনরায় ব্যবহারের আগে পানি শুধু প্রাকৃতিকভাবে পরিশোধন করা হয় (পাঁচ স্তর বিশিষ্ট নুড়ি ও বালির মধ্য দিয়ে)।

আবু উবাইদা মসজিদের পাথরের দেয়ালে টাঙানো একটি সাদা সাইনবোর্ডে ঘোষণা দেয়া হয়েছে, এর লক্ষ্য পানি সংরক্ষণ করা এবং মসজিদের পরিবেশ উন্নত করা। সাইনবোর্ডে প্রকল্পটির অন্যতম প্রধান অংশীদার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লোগো রয়েছে।

১৮ বছরের চেষ্টার বাস্তবায়ন:

অজুতে ব্যবহৃত পানি নর্দমায় পৌঁছানোর আগেই তা সংরক্ষণের মতো কাজটির ধারণা সহজ মনে হলেও, ১৮টি মসজিদে এটি বাস্তবায়ন করতে জেএসিএর ১৮ বছর সময় লেগেছে। আহমেদ আল-রাওয়ান জানান, কাজটি আর্থিক, প্রযুক্তিগত ও আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়েছিল। তিনি বলেন, প্রতিটি মসজিদে একই প্রশ্ন উঠেছে।

সিস্টেমটি ইনস্টল করার পর এর দায়িত্ব নেবে কে, ইমাম নাকি তত্ত্বাবধায়ক? দু’জনই মন্ত্রণালয়ের অধীনে নিয়োজিত হলেও তাদের কাজ আলাদা। দায়িত্বের স্পষ্ট বিভাজন না থাকায় সিস্টেমগুলোয় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ থেকে বঞ্চিত হয়েছে।

এ কারণে জেএসিএ পানির সংকট ও পুনরায় ব্যবহারের গুরুত্বের ব্যাপারে মুসলমানদের দায়িত্ব সম্পর্কে জুমার খুতবায় অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করেছে এবং প্রচারণার জন্য সচেতনতামূলক সেমিনারও করেছে।

বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে

প্রকাশ: রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে
ছবি: সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়

সম্পূর্ণ বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাপ ‘নুসুক’-এর মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। বিজয়ীরা কোনো ধরনের খরচ ছাড়াই ওমরাহ করতে পারবেন।

প্রতিযোগিতা শুরু হয়েছে ১ নভেম্বর থেকে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। পুরো নভেম্বর জুড়েই প্রতিদিন প্রতিযোগীদের জন্য থাকছে ওমরাহ প্যাকেজ জেতার সুযোগ।

বিজয়ীরা পাবেন বাংলাদেশ থেকে সৌদি আরব যাতায়াতের বিমান টিকিট, ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের অবস্থান সুযোগ। বিজয়ী চাইলে একজনকে সঙ্গে নিতে পারবেন। এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জন বিজয়ী পাবেন জমজমের পানির ২০টি করে বিশেষ কার্ড। যার মধ্যে ১০টি নিজের জন্য এবং ১০টি অন্যদের উপহার দেওয়ার জন্য।

যেভাবে অংশ নেবেন

বিশ্বের যে কোনো দেশের প্রতিযোগী এতে অংশ নিতে পারবেন। তবে বয়স হতে হবে ১৮ বছরের বেশি। থাকতে হবে বৈধ পাসপোর্ট। অংশ নেওয়ার ধাপগুলো উল্লেখ করা হলো-

১. প্রথমে স্মার্টফোন বা কম্পিউটারে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল নুসুক (nusuk) অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২. অ্যাপে প্রবেশ করে নিজের নাম, দেশের নাম, ই-মেইল এবং বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে সাইন-আপ করতে হবে। এরপর ই-মেইলে আসা ওটিপি কোড দিয়ে অ্যাকাউন্ট ভ্যারিফাইড করতে হবে।

৩. অ্যাপের মেনু থেকে গ্যাম সেন্টার (game center) বা (nusuk challenge) অপশনে যেতে হবে।

৪. সেখানে পবিত্র কোরআন, হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত, ওমরাহর নিয়মকানুন বা ইসলামিক ইতিহাসের ওপর বিভিন্ন ক্যাটাগরি থেকে প্রশ্ন করা হয়। একটি বিষয় বেছে নিয়ে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে এবং এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতার নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।

৫. নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু বা পরিবারকে অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত চাবি পাওয়া যায়, যা লটারিতে জেতার সুযোগ আরও বাড়িয়ে দেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অবশ্যই নুসুক-এর অফিশিয়াল অ্যাপ বা ভেরিফাইড মাধ্যম ব্যবহার করতে হবে।

এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ওমরাহ করার সুযোগ লাভ করেছেন বাংলাদেশের রাহিমা বেগম। গতকাল এক্সে তার বিজয়ী হওয়ার খবর জানিয়েছে নুসুক।

মাত্র ২ মিনিটে বাবা-দাদার জমির পরিমাণ জানবেন কিভাবে?

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
মাত্র ২ মিনিটে বাবা-দাদার জমির পরিমাণ জানবেন কিভাবে?

নানা কারণে পৈতৃক সম্পত্তির পরিমাণ বা অবস্থান সম্পর্কে অধিকাংশ মানুষেরই কোনো সঠিক ধারণা নেই। আবার যেখানে জমি আছে সেখানে দীর্ঘদিন না যাওয়ায় তা অন্যের দখলে চলে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শহরে চাকরি-ব্যবসা থাকায় বা অন্য কোনো কারণে অনেকের পক্ষে গ্রামের জমিজমার নিয়মিত খোঁজ রাখা বেশ কঠিন।

এ ধরনের সমস্যার সমাধানে ই-পর্চা (e-Porcha) নামের অনলাইন সেবা চালু করেছে সরকার। এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে ঘরে বসেই বাবা, দাদা কিংবা নানা-নানীর নামে কোথায় কতটুকু জমি রয়েছে, তা সহজে খুঁজে বের করা যায়। মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে খুব অল্প সময় অর্থাৎ দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই এসব তথ্য জানা যায়।

জমির তথ্য জানার জন্য আপনাকে প্রথমে যেতে হবে www.eporcha.gov.bd ওয়েবসাইটে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করেই সম্পত্তির তথ্য পাওয়া সম্ভব।

সম্পত্তির তথ্য পেতে প্রথমে গুগলে গিয়ে লিখুন ‘e-porcha’। এরপর যে ওয়েবসাইট আসবে, সেটিতে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর ‘খতিয়ান অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজার নাম দিতে হবে। এরপর নির্বাচন করতে হবে আপনার প্রয়োজনীয় সিএস, এসএ, আরএস, বিএস পর্চার ধরন। আপনি একসঙ্গে সবগুলো নির্বাচন করতে পারবেন না, তাই একবারে একটি করে নির্বাচন করতে হবে।

মৌজার নাম দেওয়ার পর, আপনি খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম অনুযায়ী অনুসন্ধান করতে পারবেন। চাইলে দাদা, বাবা, স্বামী, ভাই বা মামার নাম দিয়েও খোঁজ করা যাবে।

এরপর ক্যাপচা কোড সঠিকভাবে দিয়ে ‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন সংশ্লিষ্ট জমির খতিয়ান তথ্য।

এই ডিজিটাল সেবা নাগরিকদের জন্য অনেকটাই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই পাওয়া যাচ্ছে জমির সঠিক ও নির্ভরযোগ্য তথ্য।

সরকার ইতোমধ্যে দেশের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার লক্ষ্যে অনেক প্রকল্প হাতে নিয়েছে। এর অংশ হিসেবেই e-porcha.gov.bd ওয়েবসাইট চালু করা হয়েছে। সরকারের এই উদ্যোগ নাগরিকদের জমিজমা সংক্রান্ত হয়রানি ও দুর্নীতি হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১৩০ বছর বয়সে হজ করা আলজেরীয় নারী সারহুদার ইন্তেকাল

প্রকাশ: বুধবার, অক্টোবর ২১, ২০২৬
১৩০ বছর বয়সে হজ করা আলজেরীয় নারী সারহুদার ইন্তেকাল

আলজেরিয়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। প্রচলিত জন্মসন অনুযায়ী মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৩২ বছর। সম্প্রতি সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া তার পবিত্র হজ পালনের বিশেষ ভিডিওচিত্র শেয়ার করে এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

সারহুদার জন্ম গালমা প্রদেশের শিনিউ এলাকায়। পরে তিনি তেবেসা শহরে বসবাস করতেন। ১৮৯৪ সালে জন্মগ্রহণ করা এই নারী দীর্ঘ জীবন, বড় পরিবার এবং জীবনের শেষ দিকে হজ পালনের কারণে দেশজুড়ে পরিচিতি পান। তার মৃত্যুতে আলজেরিয়ায় শোকের পাশাপাশি ব্যাপক আগ্রহও তৈরি হয়েছে।

২০ বছর বয়সে বিয়ে করেন সারহুদা। তার ১৫ জন সন্তান ছিল। জীবনের বড় অংশটাই তিনি সন্তান, নাতি-নাতনি ও পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন।

২০২৪ সালের জুনে ১৩০ বছর বয়সে তিনি পবিত্র হজ পালন করেন। এতে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে সৌদি আরবে হজ করতে যাওয়ার খবর তখন গণমাধ্যমে বেশ গুরুত্ব পায়। এর আগে তিনি দুইবার ওমরাহ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৮৯৪ সালের জন্মসন ধরলে সারহুদার জীবদ্দশায় আলজেরিয়ার ইতিহাসের বড় বড় পরিবর্তন ঘটে গেছে। তিনি ফরাসি ঔপনিবেশিক শাসন দেখেছেন, স্বাধীনতা সংগ্রাম ও দেশের স্বাধীনতা অর্জনের সময়কাল পার করেছেন। এরপর কয়েক দশকের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনেরও সাক্ষী ছিলেন তিনি।

তেবেসায় পরিবারের সঙ্গে থাকা এই নারীর জীবনকাহিনি আলজেরিয়ার মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। তার দীর্ঘ জীবন একাধিক প্রজন্মের পরিবর্তন ও দেশের ইতিহাসের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে।

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

প্রকাশ: মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের প্রস্রাবের সক্রিয় উপাদান থেকে তৈরি ওষুধ ব্যবহারের মাধ্যমে ক্যানসার নিরাময় সম্ভব—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সৌদি আরব।

দেশটি নিশ্চিত করেছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের কোনো অনুমোদিত ওষুধ নয়; বরং এটি শুধুমাত্র একটি খাদ্যসম্পূরক।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উটের মূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির খবরটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে বিভ্রান্তি সৃষ্টি হলে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয় সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে এসএফডিএ জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসার বা অন্য কোনো রোগের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত নয়। পণ্যটিতে মূলত শরীরের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের মিশ্রণ রয়েছে।

সংস্থাটি জোর দিয়ে উল্লেখ করে, নিবন্ধিত এই পণ্যটি কেবল সাধারণ খাদ্যসম্পূরক হিসেবেই বিক্রি ও ব্যবহার করা যাবে। ক্যানসার নিরাময়ে এটি কার্যকরী—এমন কোনো বৈজ্ঞানিক বা অনুমোদিত ভিত্তি নেই।

ক্যানসারের চিকিৎসায় এই পণ্যটির অনুমোদন পাওয়ার বিষয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে সংস্থাটি।

সাধারণ মানুষকে এমন বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার এবং ক্যানসারের মতো প্রথাগত স্বাস্থ্য সমস্যায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসাপদ্ধতি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

নবীদের হত্যা থেকে সুদ ও ওয়াদা ভঙ্গ! যেভাবে অভিশপ্ত হলো ইহুদি জাতি

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
নবীদের হত্যা থেকে সুদ ও ওয়াদা ভঙ্গ! যেভাবে অভিশপ্ত হলো ইহুদি জাতি

আল্লাহর নবী হজরত ইসহাক আ.-এর প্রথম সন্তান ইয়াকুব আ. ও ছিলেন একজন নবী। তার প্রসিদ্ধ আরেকটি নাম ছিলো ইসরাইল। তার বংশধররা বনি ইসরাইল ইসরাইলের সন্তান নামে পরিচিত লাভ করে ইতিহাসে। তাদেরকে অভিশপ্ত জাতি হিসেবে ইতিহাস বার বার স্মরণ করে। কেনো তারা অভিশপ্ত হলো এ বিষয়ে আজ কথা বলবো।

কোরআনুল কারিমের সুরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন এ জাতি সম্পর্কে আলোচনা করেছেন। হজরত ইসমাঈল ও ইসহাক আ.-এর বাবা ছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আ.। হজরত ইবরাহিম আ.-এর সন্তান ইসমাঈল আ.-এর বংশে জন্ম নিয়েছিলেন আল্লাহর প্রিয় হাবিব, শেষ নবী হজরত মুহাম্মদ সা.। হজরত ইসহাক আ.-এর বংশে জন্ম নিয়েছেন শতাধিক নবী।

বনি ইসরাইল (ইহুদি জাতি) অভিশপ্ত হওয়ার ১০টি কারণ তুলে ধরা হয়েছে সুরা নিসার ১৫৫-১৬১ আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুতরাং তাদের মধ্যে কতক তো তার প্রতি ঈমান আনে এবং কতক তার থেকে মুখ ফিরিয়ে নেয়। (ওই কাফিরদের সাজা দেওয়ার জন্য) জ্বলন্ত আগুনরূপে জাহান্নামই যথেষ্ট।

নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, আমি তাদেরকে জাহান্নামে ঢোকাব। যখনই তাদের চামড়া জ্বলে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি তাদেরকে তার পরিবর্তে অন্য চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে। নিশ্চয়ই আল্লাহ মহাক্ষমতাবান প্রজ্ঞাময়। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আমি তাদেরকে এমন সব উদ্যানে দাখিল করব, যার তলদেশে নহর প্রবাহিত থাকবে। তাতে তারা সর্বদা থাকবে। তাতে তাদের জন্য পুতঃপবিত্র স্ত্রী থাকবে। আর আমি তাদেরকে দাখিল করব নিবিড় ছায়ায়।

হে মুসলিমগণ! নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে, তোমরা আমানতসমূহ তার হকদারকে আদায় করে দেবে এবং যখন মানুষের মধ্যে বিচার করবে, তখন ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে বিষয়ে উপদেশ দেন, তা কতই না উৎকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।

হে মুমিনগণ! তোমরা আনুগত্য কর আল্লাহর, তার রসুলের এবং তোমাদের মধ্যে যারা এখতিয়ারধারী তাদেরও। ৪৭ অতঃপর তোমাদের মধ্যে যদি কোনও বিষয়ে বিরোধ দেখা দেয়, তবে তোমরা আল্লাহ ও পরকালে সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকলে সে বিষয়কে আল্লাহ ও রসুলের উপর ন্যস্ত কর। এটাই উৎকৃষ্টতর এবং এর পরিণামও সর্বাপেক্ষা শুভ।

হে নবী! তুমি কি তাদেরকে দেখনি, যারা দাবি করে, তোমার প্রতি যে কালাম নাজিল করা হয়েছে তারা তাতেও ঈমান এনেছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছিল তাতেও, (কিন্তু) তাদের অবস্থা এই যে, তারা তাগুতের কাছে বিচারপ্রার্থী হতে চায়? অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল, যেন (সুস্পষ্টভাবে) তাকে অস্বীকার করে। বস্তুত শয়তান তাদেরকে চরমভাবে গোমরাহ করতে চায়।যখন তাদেরকে বলা হয়, এসো সেই ফায়সালার দিকে, যা আল্লাহ নাজিল করেছেন এবং এসো রসুলের দিকে, তখন মুনাফিকদেরকে দেখবে তোমার থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নেয়।

সংক্ষেপে কারণগুলো হলো-

১. তাদের অভিশপ্ত হওয়ার কারণ হলো ব্যাপক পাপাচার

২. আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ করতে মানুষ বাঁধা দেয়া

৩. তাদের ধর্মে সুদ নিষিদ্ধ হওয়ার পরও সুদ খাওয়া

৪. অন্যের সম্পদ আত্মসাৎ করা

৫. অঙ্গীকার ভঙ্গ করা

৬. নবিদের হত্যা করা

৭. আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ না করে অজুহাত দেয়া যে আমাদের অন্তর তালাবদ্ধ, নতুন কোনো ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না।

৮. কুফরি করা

৯. মারিয়ামের আ. প্রতি মিথ্যা অপবাদ দেয়া

১০. ইসাকে আ. শূলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা। ইত্যাদি কারণে তারা অভিশপ্ত হিসেবে পরিগণিত হয়।