দীর্ঘ ১৮ বছরের চেষ্টার বাস্তবায়ন ঘটানো হয়েছে জর্ডানের আবু উবাইদা মসজিদে। পানির সংকট থাকলেও ফেলে দেয়া পানিই যে কাজে লাগানো যায়, সেই কাজই করা হয়েছে মসজিদটিতে। ফেলে দেয়া পানি পুনরায় ব্যবহার করে বাগানের ঝোপঝাড় এবং গাছপালায় দেয়া হয় মসজিদটিতে।
আম্মানের পশ্চিমে বলকার দেইর আল্লা এলাকার আবু উবাইদা মসজিদটি জর্ডান উপত্যকার অন্যতম উষ্ণ ও শুষ্ক অঞ্চলে অবস্থিত। এরপরও মসজিদটির চারপাশে গাছপালা ও ফুলের বিছানার মতো এক মরূদ্যান। যা ধূসর ও পাহাড়ের পটভূমিতে অবিশ্বাস্য এক সবুজ এলাকায় সেজেছে। গাছের শিকড়ের ফাঁকে মাটির ওপর দিয়ে চলাড্রিপ ইরিগেশেন বা ফোঁটা ফোঁটা পানির ব্যবস্থার মাধ্যমে পানি দেয়া হয় সেখানে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এই পানি পৌর এলাকা থেকে সরবরাহ করা হয় না। বরং মসজিদে যেখানে মুসল্লিরা নামাজের আগে নিজেদের পবিত্র করার জন্য অজু করেন, সেই পানি পুনরায় গাছপালায় ব্যবহার করা হয়।
জর্ডানে পানির মূল্য:
জর্ডানে প্রতি ফোঁটা পানিই অনেক মূল্যবান। এটি এমন একটি রাষ্ট্র, যেখানে একজন ব্যক্তি প্রতি বছর মাত্র ৬১ ঘনমিটার নবায়নযোগ্য স্বাদু পানি পায়। যা জাতিসংঘের ৫০০ ঘনমিটারের চরম পানি সংকট সীমার আট ভাগের এক ভাগের থেকেও কম। ফলে দেশটিতে প্রতি ফোঁটা পানির মূল্য অপরিসীম।
জর্ডানের জনসংখ্যা ১ কোটি ১৩ লাখ। এর প্রায় ১ কোটি মানুষই ধর্মভীরু মুসলিম। দেশটি তাদের খাদ্যের অধিকাংশই আমদানি করে। পৌরসভার পানি সরবরাহ বেশ সীমিত, কিছু এলাকায় সপ্তাহে মাত্র ১২ ঘণ্টার জন্য পাইপে পানি সরবরাহ করা এবং ঘাটতি পূরণে পরিবারগুলোকে ছাদের ট্যাংকের ওপর নির্ভর করতে হয়। জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশনের (জেএসিএ) মতে, এই পরিস্থিতি আচারগত কাজে ব্যবহৃত পানিকে বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছে।
কোন ভাবনা থেকে এর শুরু:
মসজিদ ব্যবস্থাপনা পরিচালনাকারী প্রতিষ্ঠান জেএসিএর প্রতিষ্ঠাতা আহমেদ আল-রাওয়ান বলেন, এখানকার মানুষ পানির সংকট বোঝে। কারণ, তারা প্রতিদিন এই সংকটের মধ্য দিয়েই জীবন অতিবাহিত করে। তবে আমরা যা দেখাতে চেয়েছি তা হলো, মসজিদটি একটি ধর্মীয় মূল্যবোধ হিসেবে পানি সংরক্ষণের শিক্ষা দেয় এবং সে নিজেও তা অনুশীলন করে।
আবু উবাইদা মসজিদের চারপাশের সবুজ বাগান
২০২৫ সালের একটি সমকক্ষ-পর্যালোচিত গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে ৩৬ লাখ মসজিদে বছরে আনুমানিক ২ কোটি ২৫ লাখ ঘনমিটার পানি শুধু অজুতে ব্যবহার হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্যমতে, জর্ডানে ৭ হাজার ৬০০টিরও বেশি মসজিদ রয়েছে।
২০০৮ সাল থেকে এ ব্যাপারে কাজ করছে জেএসিএ সংস্থা। আবু উবাইদা মসজিদের অজুখানার নিচে ইনস্টল করা পাইপগুলোর মাধ্যমে ব্যবহৃত পানি একটি ট্রিটমেন্ট ইউনিটে নেয়া হয়। তারপর সেখান থেকে পরিশোধিত ও ফিল্টার করার পর ওই পানি বাইরের বাগানের ঝোপঝাড় এবং গাছপালায় দেয়া হয়। তা না হলে সেসব বাগানে ও গাছপালায় পানির প্রয়োজন হলে পৌর সরবরাহের ওপর নির্ভরশীল হতে হতো।
মসজিদের ব্যবস্থাপনা পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যাখ্যা:
জেএসিএর প্রতিষ্ঠাতা আহমেদ আল-রাওয়ান বলেন, মসজিদগুলোয় অজুর সময় সাবান ব্যবহার করা হয় না। এ কারণে পানি পরিষ্কার করার প্রক্রিয়াটি জটিল হয় না এবং এতে কোনো রাসায়নিক পদার্থও প্রয়োজন হয় না। সেচ দেয়ার জন্য পুনরায় ব্যবহারের আগে পানি শুধু প্রাকৃতিকভাবে পরিশোধন করা হয় (পাঁচ স্তর বিশিষ্ট নুড়ি ও বালির মধ্য দিয়ে)।
আবু উবাইদা মসজিদের পাথরের দেয়ালে টাঙানো একটি সাদা সাইনবোর্ডে ঘোষণা দেয়া হয়েছে, এর লক্ষ্য পানি সংরক্ষণ করা এবং মসজিদের পরিবেশ উন্নত করা। সাইনবোর্ডে প্রকল্পটির অন্যতম প্রধান অংশীদার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লোগো রয়েছে।
১৮ বছরের চেষ্টার বাস্তবায়ন:
অজুতে ব্যবহৃত পানি নর্দমায় পৌঁছানোর আগেই তা সংরক্ষণের মতো কাজটির ধারণা সহজ মনে হলেও, ১৮টি মসজিদে এটি বাস্তবায়ন করতে জেএসিএর ১৮ বছর সময় লেগেছে। আহমেদ আল-রাওয়ান জানান, কাজটি আর্থিক, প্রযুক্তিগত ও আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়েছিল। তিনি বলেন, প্রতিটি মসজিদে একই প্রশ্ন উঠেছে।
সিস্টেমটি ইনস্টল করার পর এর দায়িত্ব নেবে কে, ইমাম নাকি তত্ত্বাবধায়ক? দু’জনই মন্ত্রণালয়ের অধীনে নিয়োজিত হলেও তাদের কাজ আলাদা। দায়িত্বের স্পষ্ট বিভাজন না থাকায় সিস্টেমগুলোয় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ থেকে বঞ্চিত হয়েছে।
এ কারণে জেএসিএ পানির সংকট ও পুনরায় ব্যবহারের গুরুত্বের ব্যাপারে মুসলমানদের দায়িত্ব সম্পর্কে জুমার খুতবায় অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করেছে এবং প্রচারণার জন্য সচেতনতামূলক সেমিনারও করেছে।