গালফ বাংলা

বিশ্বজুড়ে ট্যুরিজম শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির বিপ্লব

বিশ্বজুড়ে ট্যুরিজম শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির বিপ্লব

বর্তমান বিশ্বে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তথ্য খোঁজা বা ভাষা অনুবাদের গণ্ডি পেরিয়ে এখন ভিড় নিয়ন্ত্রণ, জরুরি সেবা প্রদান এবং পর্যটনকেন্দ্রের সার্বিক নিরাপত্তায় প্রযুক্তির বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

প্রযুক্তির নানা ব্যবহার ও বৈশ্বিক প্রেক্ষাপট:

  • নিরাপত্তা ও যোগাযোগ: সিঙ্গাপুরে মানুষের চলাচল বিশ্লেষণ করে অতিরিক্ত ভিড় এড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভাষা সংক্রান্ত বাধা দূর করতে এআই অনুবাদসেবা ও চ্যাটবট ব্যবহার করা হচ্ছে। এছাড়া ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে পর্যটকরা জরুরি সহায়তা ও দিকনির্দেশনা পাচ্ছেন।

  • ডিজিটাল অ্যাপ ও এআই যন্ত্র: থাইল্যান্ডে ট্যুরিস্ট পুলিশ ও পর্যটকদের মধ্যে যোগাযোগ সহজ করতে ডিজিটাল অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এমনকি কোনো পর্যটক বিপদে পড়লে এআই-সক্ষম পরিধানযোগ্য যন্ত্রের সাহায্যে কর্তৃপক্ষকে দ্রুত সতর্ক করা সম্ভব।

  • ভিড় ব্যবস্থাপনা: ইতালির ভেনিসে অতিরিক্ত পর্যটকদের চাপ ও চলাফেরা নিয়ন্ত্রণে ভিড় বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

  • ড্রোন নজরদারি: দুবাই, গ্রিস ও চীনের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও ঐতিহাসিক স্থানে আকাশপথে নিরাপত্তা ও নজরদারির কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

স্মার্ট পর্যটনের উত্থান ও বৈশ্বিক পরিবর্তন:

২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বৈশ্বিক পর্যটনখাত মূলত চারটি ধাপ—কোভিড-পূর্ব শক্তিশালী অবস্থান, ২০২০ সালের মহামারীজনিত ধস, ২০২১-২৩ সালের দ্রুত পুনরুত্থান এবং ২০২৪ সাল থেকে মহামারী পূর্ববর্তী অবস্থাকে ছাড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। এই পুনরুদ্ধারের সাথে সাথেই পর্যটনখাতে ডিজিটাল সেবা ও প্রযুক্তির ব্যবহার বহুগুণ বেড়ে গেছে।

বাংলাদেশের পর্যটন খাতের জন্য করণীয়:

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নেও প্রযুক্তির যথাযথ ব্যবহার বাড়াতে হবে। পর্যটকদের নিরাপত্তা, সঠিক তথ্যপ্রাপ্তি, ভিড় ব্যবস্থাপনা এবং জরুরি সেবার মান উন্নত করতে আধুনিক প্রযুক্তির সংযোজন জরুরি। প্রশিক্ষিত জনবল এবং সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে দেশের পর্যটনকেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক গন্তব্যে রূপান্তর করা সম্ভব।

একসময় নিষিদ্ধ ছিল যে গেম, তাতেই এখন বিনিয়োগ সৌদি আরবের

একসময় নিষিদ্ধ ছিল যে গেম, তাতেই এখন বিনিয়োগ সৌদি আরবের

সৌদি আরবে গত বছর পর্যন্তও নিষিদ্ধ ছিল ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ)। এখন দেশটির গেমাররা এই গেমকে সাদরে গ্রহণ করছেন, যাদের মধ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানও রয়েছেন। এমনকি যুবরাজের নেতৃত্বাধীন দেশটির সার্বভৌম সম্পদ তহবিলও এতে বিনিয়োগ করেছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

এ সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ভক্তের সঙ্গে সৌদি আরবের গেমাররাও ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) খেলতে শুরু করেছেন। ২০২৫ সালে সৌদি আরবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটিই এই বিপুল জনপ্রিয় সিরিজের প্রথম নতুন সংস্করণ।

স্থানীয় কনটেন্ট নির্মাতা থামের আল দায়রেম বললেন, ‘সৌদি আরবে বৈধভাবে জিটিএ ৬ খেলতে পারাটা আমাকে ভীষণ আনন্দিত করছে। কারণ, আমরা এমন একটি গেমের কথা বলছি, যা একসময় নিষিদ্ধ ছিল। ’তার ভাষ্যে এটি ‘বিশ্বের সবচেয়ে বড় গেম’।

সৌদি আরবে গেমিং খাতে সমর্থন ও বিনিয়োগ দ্রুত বাড়ছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন দেশটির শাসক মোহাম্মদ বিন সালমান। ২০২৩ সালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গেমিং তাকে দৈনন্দিন ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের ২০০ কোটি ডলারের বেশি মূল্যের বড় অংশীদারত্ব রয়েছে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানায়। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) ওয়ার্কস্পেসের তথ্য অনুযায়ী, টেক-টু ইন্টারঅ্যাকটিভের মালিকানাধীন প্রতিষ্ঠান রকস্টার গেমস ‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজ তৈরি করে।

রক্ষণশীল সৌদি আরবে বদলে যাচ্ছে সামাজিক রীতিনীতি

গত আগস্টে পিআইএফসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি জোট ৫৫০০ কোটি ডলারে গেমিং জায়ান্ট ইলেকট্রনিক আর্টস (ইএ) অধিগ্রহণ করে। এ মাসে গেমিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইউনিটি সফটওয়্যার প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলারের সম্ভাব্য অধিগ্রহণ নিয়ে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলসহ কয়েকটি বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করেছে।

গত এক বছর ধরে গেমিং খাতে নিজেদের বিনিয়োগ একটি সহযোগী প্রতিষ্ঠান স্যাভি গেমস গ্রুপের অধীনে একীভূত করছে পিআইএফ।

সালমান সৌদি আরবকে আরও উন্মুক্ত করার এবং ইসলামের রক্ষণশীল ব্যাখ্যার ওপর ভিত্তি করে গড়ে ওঠা কঠোর সামাজিক ও সাংস্কৃতিক বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিয়েছেন। জিটিএ ৬-এর কাল্পনিক শহর ভাইস সিটির পরিবেশের সঙ্গে এর বিস্তর পার্থক্য রয়েছে।

সৌদি আরবের কয়েকটি জনপ্রিয় শপিং মলে জিটিএ ৬-এর বিজ্ঞাপন দেখা যাচ্ছে। একটি ছবিতে গেমটির নারী চরিত্রকে হাফপ্যান্ট ও খাটো টপ পরা অবস্থায় দেখা যায়। তার হাত রাখা সঙ্গীর কাঁধে। কয়েক বছর আগেও সৌদি আরবে এমন দৃশ্য ছিল অকল্পনীয়। তখন নারীদের শালীন পোশাক পরা ও চুল ঢেকে রাখা বাধ্যতামূলক ছিল।

সালমানের বৃহত্তর সংস্কার পরিকল্পনার নাম ‘ভিশন ২০৩০’। এর মূল লক্ষ্য অর্থনীতি ও সরকারি রাজস্বের ক্ষেত্রে তেল ও গ্যাসের আয়ের ওপর নির্ভরতা কমানো। পিআইএফের বিনিয়োগ কৌশলও এই পরিকল্পনার অংশ।

গেমিং খাত নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান অ্যাম্পিয়ার অ্যানালাইসিসের পিয়ার্স হার্ডিং-রোলস বললেন, ‘এটি এমন একটি বৈচিত্র্যময় দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশলের অংশ, যার লক্ষ্য এমন সব শিল্প থেকে মুনাফা অর্জন করা, যেসব খাতে তহবিলটি ঐতিহ্যগতভাবে কাজ করে না।’

রিয়াদে এখন জিটিএ-সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট সরাসরি সম্প্রচার করছেন আল দায়রেম। তিনি বলেন, গেমটিতে সহিংসতা, মাদক ও যৌনতার কিছু চিত্রায়ণ বেশ চরম মাত্রার হলেও এটি বয়সভিত্তিক বিধিনিষেধযুক্ত একটি গেম এবং অন্য একটি দেশের বাস্তবতা তুলে ধরে।

তিনি বলছিলেন, ‘গেমটির শহরের নাম ভাইস সিটি। এটি মিয়ামিকে এবং সেখানে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনাগুলোকে তুলে ধরছে। আমরা সৌদিরা জানি, এসবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’ তবে গেমটি খেলার অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আল দায়রেম বলেন, ‘শপিং মলগুলোতে জিটিএ ৬-এর বিজ্ঞাপন দেখে আমি খুব খুশি হয়েছিলাম। ১০ বছর আগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করত সৌদি আরবে এমন কিছু দেখতে পাব কি না, তাহলে আমি বিশ্বাসই করতাম না।’

স্মার্টফোন দিয়ে বন্ধ করা যাবে উইন্ডোজ পিসি

স্মার্টফোন দিয়ে বন্ধ করা যাবে উইন্ডোজ পিসি

স্মার্টফোন ফোন ও উইন্ডোজ পিসির মধ্যে সংযোগ আরও শক্তিশালী করতে নতুন সুবিধা আনছে মাইক্রোসফট। নতুন ফিচার চালু হলে কম্পিউটারের সামনে না বসেই স্মার্টফোন থেকে পিসি বন্ধ করা, স্লিপ মোডে নেওয়া এবং সফটওয়্যার আপডেট দেওয়ার মতো কাজ করা যাবে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ লেটেস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের সর্বশেষ সংস্করণের কোড বিশ্লেষণ করে এসব সম্ভাব্য ফিচারের সন্ধান পাওয়া গেছে। অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনের তথ্যও এতে উল্লেখ করা হয়েছে।

অ্যাপটির কোডে পিসি বন্ধ করা এবং স্লিপ মোডে নেওয়ার জন্য আলাদা নির্দেশনা পাওয়া গেছে। এর ফলে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ফোনকে রিমোট কন্ট্রোলের মতো ব্যবহার করে দূর থেকেই কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে স্লিপ মোডে যাওয়ার পর ফোন থেকেই পিসি আবার চালু করা যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্ভাব্য নতুন সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজে আসতে পারে পিসি আপডেটের ফিচার। কোডে ‘আপডেট করে পুনরায় চালু’ এবং ‘আপডেট করে বন্ধ’ করার নির্দেশনার ইঙ্গিত মিলেছে। অর্থাৎ, কম্পিউটারে আপডেটের নোটিফিকেশন এলেও তখন ব্যস্ত থাকলে সেটি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে। পরে ফোন থেকেই আপডেট প্রক্রিয়া শুরু করা সম্ভব হতে পারে।

তবে সম্ভাব্য এসব সুবিধা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাইক্রোসফট। শুধু ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের কোডে ফিচারগুলোর উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। ফলে শেষ পর্যন্ত এগুলো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে কি না, তা নিশ্চিত নয়। ফিচার চালু হলেও কবে নাগাদ তা ব্যবহার করা যাবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি।

স্মার্টফোন ফোন ও উইন্ডোজ পিসির মধ্যে সংযোগ তৈরির সুবিধা অবশ্য মাইক্রোসফটের জন্য নতুন নয়। ‘ফোন লিংক’ ও ‘লিংক টু উইন্ডোজ’ অ্যাপের মাধ্যমে বর্তমানে ফোন ও কম্পিউটারের মধ্যে বিভিন্ন কাজ করা যায়। তবে ফোনের মডেল ও নির্মাতার ওপর ভিত্তি করে সুবিধার ধরনে কিছুটা পার্থক্য রয়েছে।

মাইক্রোসফটের সেবার বিকল্প হিসেবে অ্যান্ড্রয়েড ফোন ও উইন্ডোজ পিসির মধ্যে সংযোগ তৈরিতে ‘সেফিরাহ’ অ্যাপও ব্যবহার করা যায়। বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে কাজ করা এই অ্যাপ বিনা মূল্যে ব্যবহার করা যায়। নিয়মিত আপডেটের মাধ্যমে ফোন ও কম্পিউটারের মধ্যে কাজের সমন্বয় আরও সহজ করার সুবিধা যোগ করছে অ্যাপটি।

কয়েক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার দেশভ্রমণের ডিজিটাল মানচিত্র

কয়েক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার দেশভ্রমণের ডিজিটাল মানচিত্র

বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। কেউ ঘুরেছেন কয়েকটি জেলা, আবার কারও ভ্রমণের তালিকায় রয়েছে দেশের প্রায় সব জেলা। তবে এতদিন কোথায় কোথায় ঘোরা হয়েছে, আর কোন জেলাগুলো এখনো বাকি—এই হিসাব আলাদা করে রাখা বেশ ঝামেলার ছিল।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

এখন সেই হিসাবই রাখা যাবে একটি অনলাইন ভ্রমণ ম্যাপের মাধ্যমে। নিজের ঘুরে দেখা জেলাগুলো নির্বাচন করে কয়েকটি ধাপেই তৈরি করা যাবে বাংলাদেশের ব্যক্তিগত ট্রাভেল ম্যাপ। পরে সেটি ছবি হিসেবে সংরক্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করা যাবে।

যেভাবে তৈরি করবেন নিজের ভ্রমণ ম্যাপ
ম্যাপ তৈরি করতে প্রথমে যেতে হবে unseenbangladesh.com ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশের আট বিভাগের ৬৪ জেলার একটি ইন্টার‌্যাকটিভ মানচিত্র দেখা যাবে।

আপনি যে জেলাগুলোতে আগে ঘুরেছেন, সেগুলো নির্বাচন করতে হবে। এজন্য তালিকা থেকে জেলার নাম বেছে নেওয়া যায়। চাইলে মানচিত্রে সরাসরি নির্দিষ্ট জেলার ওপর ক্লিক করেও সেটি নির্বাচন করা যাবে।

কোনো জেলার অবস্থান বা নাম দ্রুত খুঁজে পেতে রয়েছে সার্চ অপশন। ফলে ৬৪ জেলার তালিকা ঘেঁটে আলাদা করে খুঁজতে হবে না।

আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, তার মোট সংখ্যাও ম্যাপে দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১০টি জেলা ভ্রমণ করা হয়ে থাকলে সেখানে ১০/৬৪ হিসেবে ভ্রমণের অগ্রগতি দেখা যাবে।

একবারে সব জেলা নির্বাচন করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আর আগের নির্বাচন মুছে নতুন করে শুরু করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’।

পছন্দমতো সাজিয়ে নিন ম্যাপ

শুধু জেলার তালিকা নির্বাচন করলেই কাজ শেষ নয়। নিজের পছন্দ অনুযায়ী ম্যাপটি সাজানোর সুযোগও রয়েছে।

এতে রয়েছে পাঁচ ধরনের থিম। পছন্দের থিম নির্বাচন করে ম্যাপের রং ও উপস্থাপনা বদলে নেওয়া যাবে। পাশাপাশি চাইলে ম্যাপের সঙ্গে নিজের একটি ছবি যুক্ত করা যাবে।

ম্যাপে নিজের নাম লেখার ব্যবস্থাও রয়েছে। নাম যোগ করা বাধ্যতামূলক নয়। নাম না দিলে ম্যাপে স্বয়ংক্রিয়ভাবে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।

ফলে এটি শুধু ভ্রমণের হিসাব রাখার মাধ্যম নয়, বরং নিজের দেশভ্রমণের স্মৃতি ধরে রাখার একটি ডিজিটাল উপায় হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

ম্যাপ ডাউনলোড করবেন যেভাবে

ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন এবং প্রয়োজন অনুযায়ী থিম, নাম ও ছবি যোগ করার পর পেজের নিচের দিকে যেতে হবে।

সেখানে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন থেকে তৈরি করা ম্যাপটি সংরক্ষণ করা যাবে। ডাউনলোডের জন্য PNG, JPG ও PDF—এই তিন ধরনের ফরম্যাটের সুবিধা রয়েছে।

অর্থাৎ, দেশের ৬৪ জেলার মধ্যে আপনি কতটি ঘুরেছেন, কোন কোন জেলা এখনো বাকি—সবকিছুর একটি সুন্দর ভিজ্যুয়াল হিসাব কয়েক ক্লিকেই তৈরি করে রাখা সম্ভব।

১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স

১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স

ভিডিও নির্মাতাদের জন্য আর্থিক পুরস্কারের নতুন সুযোগ তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। প্ল্যাটফর্মটিতে মৌলিক ভিডিও কনটেন্ট তৈরিতে উৎসাহ দিতে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

এ কর্মসূচিতে নির্ধারিত নিয়ম মেনে ৩০ দিনের মধ্যে ১৫টি ভিডিও প্রকাশ করতে পারলে পাওয়া যাবে ৩ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

তবে এ সুবিধা এখনই সব নির্মাতার জন্য চালু হয়নি। পরীক্ষামূলকভাবে নির্বাচিত কিছু কনটেন্ট নির্মাতাকে এ কর্মসূচিতে যুক্ত করছে এক্স। ফলে নির্ধারিত শর্ত পূরণ করলেও আমন্ত্রণ না পাওয়া ব্যক্তিদের পক্ষে আপাতত এতে অংশ নেওয়া সম্ভব হবে না।

এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মে আকর্ষণীয় ও মানসম্মত ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রচলিত অনেক মনিটাইজেশন ব্যবস্থায় ভিডিওর ভিউ ও দর্শকসংখ্যার ওপর ভিত্তি করে আয় নির্ধারিত হয়। কিন্তু নতুন এ কর্মসূচিতে নির্ধারিত নিয়ম মেনে ভিডিও প্রকাশ করতে পারলেই নির্দিষ্ট অঙ্কের বোনাস পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ, পুরস্কার পেতে ভিডিওতে নির্দিষ্টসংখ্যক ভিউ বা লাইক অর্জনের বাধ্যবাধকতা নেই।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৩০ দিনের মধ্যে ১৫ দিনে অন্তত একটি করে ভিডিও প্রকাশ করতে হবে। একই দিনে একাধিক ভিডিও পোস্ট করে এ শর্ত পূরণ করা যাবে না। প্রতিটি ভিডিও হতে হবে ভার্টিক্যাল ফরম্যাটের এবং দৈর্ঘ্য তিন মিনিটের কম।

ভিডিওর ক্ষেত্রে মৌলিকত্ব বজায় রাখাও বাধ্যতামূলক। নির্মাতারা নিজেদের তৈরি এমন ভিডিও এক্সে প্রকাশ করতে পারবেন, যেগুলো আগে অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়েছে। তবে ভিডিওতে অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক থাকলে তা গ্রহনযোগ্য হবে না।

ভিডিও কিকস্টার্ট বোনাসে অংশ নেওয়ার জন্য এক্সের আমন্ত্রণ পাওয়া আবশ্যক। এখন পর্যন্ত কোন যোগ্যতার ভিত্তিতে নির্মাতাদের নির্বাচন করা হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়নি প্ল্যাটফর্মটি।

আমন্ত্রণ পাওয়া নির্মাতাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে এক্সের ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করে ‘প্রোগ্রামস’ বিভাগ থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এক্সের আগে থেকেই ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামে একটি পুরস্কার কর্মসূচি রয়েছে। তবে নতুন ভিডিও কিকস্টার্ট বোনাসের সঙ্গে এ ব্যবস্থার যোগ্যতার শর্তে পার্থক্য রয়েছে। অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডসের সুবিধা পেতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, অন্তত ৫০০ ভেরিফায়েড অনুসারী এবং নির্দিষ্ট পরিমাণ ইমপ্রেশনসহ বিভিন্ন শর্ত পূরণ করতে হয়। বিপরীতে, ভিডিও কিকস্টার্ট বোনাসের জন্য এসব যোগ্যতা বাধ্যতামূলক নয়।

নতুন কর্মসূচিটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে থাকায় ভবিষ্যতে সাধারণ ভিডিও নির্মাতাদের জন্যও এটি উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি এক্স।

ইউটিউবে নতুন ফিচার, যেভাবে ব্যবহার করবেন

ইউটিউবে নতুন ফিচার, যেভাবে ব্যবহার করবেন

ইউটিউবে প্রতিদিন অসংখ্য ভিডিও প্রকাশিত হলেও নিজের আগ্রহের সঙ্গে মেলে—এমন কনটেন্ট খুঁজে পেতে অনেক সময় ব্যয় করতে হয়। এ সমস্যা কমাতে ‘কাস্টম ফিডস’ নামে নতুন ফিচার চালু করছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ, আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী আলাদা ভিডিও ফিড তৈরি করতে পারবেন।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ফোনঅ্যারেনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যেভাবে কাজ করবে কাস্টম ফিডস

এত দিন ইউটিউবে নির্দিষ্ট কোনো বিষয়ের ভিডিও খুঁজতে সাধারণত সার্চ করতে হতো কিংবা অ্যালগরিদমের সাজেস্ট করা ভিডিওর ওপর নির্ভর করতে হতো। নতুন ফিচারে ব্যবহারকারীরা আরও নির্দিষ্টভাবে নিজেদের চাহিদা জানাতে পারবেন।

উদাহরণস্বরূপ, কেউ কাজের পর মানসিক প্রশান্তির জন্য ১০ মিনিটের কম সময়ের নির্দেশিত ধ্যানের ভিডিও দেখতে চাইলে সে অনুযায়ী ফিড তৈরি করতে পারবেন। একইভাবে স্মার্টফোনের বিজ্ঞাপন, নির্দিষ্ট বিষয়ের ভিডিও কিংবা বিশেষ ধরনের কনটেন্ট দেখার জন্যও আলাদা ফিড সাজানো যাবে।

পরবর্তী সময়ে ব্যবহারকারীর নির্ধারিত পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন ভিডিও যুক্ত হলে সেগুলোও ওই ফিডে দেখানো হতে পারে। ফলে প্রতিবার নতুন করে সার্চ না করেই পছন্দের বিষয়বস্তুর ভিডিও খুঁজে পাওয়া সহজ হবে।

যেভাবে তৈরি করবেন নিজের পছন্দের ভিডিও ফিড

ইউটিউবের মোবাইল অ্যাপ থেকে কাস্টম ফিড তৈরি করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে স্মার্টফোনে ইউটিউব অ্যাপ খুলুন।

২. ফোনঅ্যারেনার প্রতিবেদনে উল্লেখ করা অ্যাপের ওপরের বাঁ দিকে থাকা প্লাস (+) আইকনে ট্যাপ করুন।

৩. এরপর কী ধরনের ভিডিও দেখতে চান, তা সাধারণ ভাষায় লিখে জানান। চাইলে ইউটিউবের দেওয়া পরামর্শ থেকেও নির্দেশনা বেছে নিতে পারবেন।

৪. নির্দেশনা জমা দিলে আপনার পছন্দ অনুযায়ী ব্যক্তিগত ভিডিও ফিড তৈরি হবে।

যেমন, নির্দেশনায় লিখতে পারেন—‘কাজের পর মন শান্ত করতে ১০ মিনিটের কম সময়ের নির্দেশিত ধ্যানের ভিডিও দেখাও।’ এরপর ওই চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিডিও নিয়ে ফিড সাজানো হবে।

বিনা মূল্যের ও প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য আলাদা সুবিধা

ফোনঅ্যারেনার প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেই—এমন ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনটি কাস্টম ফিড সংরক্ষণ করতে পারবেন। অন্যদিকে, প্রিমিয়াম গ্রাহকদের জন্য সংরক্ষণের সীমা সর্বোচ্চ আটটি ফিড।

এ ছাড়া ইউটিউবের মোবাইল অ্যাপের নেভিগেশন ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে। সাবস্ক্রিপশন ফিডকে ওপরের বারে সরিয়ে নেওয়ার পাশাপাশি ‘মুভিজ অ্যান্ড টিভি’ বিভাগের পাশে ‘লাইভ’ ও ‘মিউজিক’-এর শর্টকাট যুক্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মোবাইল ও ডেস্কটপে মিলবে একই অভিজ্ঞতা

ব্যবহারকারীদের তৈরি কাস্টম ফিড মোবাইল ও ডেস্কটপের মধ্যে সমন্বিত রাখার ব্যবস্থাও করা হচ্ছে। ফলে এক ডিভাইসে তৈরি করা পছন্দের ফিড অন্য ডিভাইস থেকেও ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

এসব পরিবর্তনের লক্ষ্য হলো ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও নিয়ন্ত্রণযোগ্য করা। একই সঙ্গে ব্যবহারকারীরা যেন নিজেদের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিডিও সহজে খুঁজে পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: ফোনঅ্যারেনা

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন