ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। শনিবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এর আগে রাজধানীতে একের পর এক জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনসৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে হুতিদের হামলায় ক্ষয়ক্ষতির দুই দিন পর এ ঘটনা ঘটল। টানা তৃতীয় দিনের মতো রিয়াদের জন্য সতর্কতা জারি করে দ্রুত তা প্রত্যাহার করেছে সৌদি কর্তৃপক্ষ।
এর কয়েক ঘণ্টা পর হুতিদের ছোড়া আরেকটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে সৌদি আরবের কোন প্রদেশ লক্ষ্য করে ড্রোনটি ছোড়া হয়েছিল, তা জানানো হয়নি।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বাসিন্দাদের জন্য আটটি জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।
হোদেইদা বন্দর ঘিরে উত্তেজনা
এদিকে শুক্রবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত লোহিত সাগর উপকূলের হোদেইদা বন্দর এবং রাজধানী সানায় ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেছেন, হোদেইদা বন্দরের যেসব স্থাপনা অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচারের কাজে ব্যবহার করা হতো, সেগুলোতে হামলা চালানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ হামলার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ, হুতিরা বন্দরটি ব্যবহার করে ইরান থেকে পাচার করা অস্ত্র গ্রহণ এবং সামরিক অভিযান পরিচালনা করে।
জবাবে জেদ্দাসহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে হামলার হুমকি দিয়েছে হুতিরা। সৌদি আরবের আকাশসীমাকে ‘অনিরাপদ’ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকেও সতর্ক করেছে তারা। এ ছাড়া রিয়াদের আর্থিক কেন্দ্র এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
জাতিসংঘ জানিয়েছে, পরিস্থিতির অবনতিতে তারা উদ্বিগ্ন। সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাত অব্যাহত থাকলে ইয়েমেনে মানবিক সহায়তা পৌঁছানোর গুরুত্বপূর্ণ সরবরাহপথ হুমকির মুখে পড়তে পারে।
সূত্র : আলজাজিরা