সোমালিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটি সোমালিয়ার এই পদক্ষেপকে ‘উত্তেজনা বৃদ্ধিকারী ও বৈরী’ বলে অভিহিত করেছে। পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনএর আগে সোমালিয়া সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। একই সঙ্গে আবুধাবিতে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় মোগাদিশু।
সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মাহমুদ জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা, জাতীয় ঐক্য, অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্বাধীনতার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ডের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বার্লিনের ভিলা বোর্সিগে কাতারের আমিরকে সংবর্ধনা
অন্যদিকে, সোমালিয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে আবুধাবি জানিয়েছে, এই পদক্ষেপ একটি ‘দায়িত্বজ্ঞানহীন অবস্থানের’ প্রতিফলন। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতাও দুর্বল হবে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত অভিন্ন স্বার্থের ভিত্তিতে নেওয়া উচিত। রাজনৈতিক বিবেচনা কিংবা অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়া উচিত নয়।
আরও পড়ুন: আরব আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সোমালিয়া
বিবৃতিতে আরও বলা হয়েছে, সোমালিয়া সরকার নিজেদের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বকে দুই দেশের সম্পর্কে টেনে আনার চেষ্টা করছে। এর ফলে দুই দেশের জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে আবুধাবি।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন নয়। এর আগে গত জানুয়ারিতে মোগাদিশুতে অবস্থিত নিজেদের দূতাবাস বন্ধ করে কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করে নেয় সংযুক্ত আরব আমিরাত।
ওই সময় দ্বিপাক্ষিক চুক্তি বাতিলের সিদ্ধান্তসহ বিভিন্ন ‘শত্রুভাবাপন্ন নীতি’ গ্রহণের জন্য সোমালিয়াকে দায়ী করেছিল আবুধাবি।
সর্বশেষ রাষ্ট্রদূত বহিষ্কার ও পাল্টা কূটনৈতিক প্রতিবাদের ঘটনায় দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা কোন দিকে এগোয়, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।