Gulf Bangla

সৌদি-কাতারে হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
সৌদি-কাতারে হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ

সৌদি আরব ও কাতারে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন।

সোমবার নিজের অনুষ্ঠানে কার্লসন বলেন, সৌদি আরব ও কাতার ওই এজেন্টদের আটক করেছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য তুলে ধরা হয়নি।

কার্লসন প্রশ্ন তোলেন, ইরানের হামলার শিকার উপসাগরীয় দেশগুলোতে ইসরাইল কেন বোমা হামলা চালাতে চাইবে? তাঁর ভাষ্য, ইরানকে আঘাত করার পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান ও কুয়েতেও অস্থিতিশীলতা তৈরি করতে চায় ইসরাইল।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের মধ্যে অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। এতে বাণিজ্যিক বিমান চলাচল ও তেল পরিবহনে বিঘ্ন ঘটে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, সাত শতাধিক ড্রোন ও শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাঁচ শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে।

সোমবার সৌদি আরবের রাস তানুরায় সৌদি আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার পর সীমিত আকারে আগুন লাগে বলে জানানো হয়। তবে সৌদি আরামকোর স্থাপনায় হামলার দায় অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, আরব দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ড্রোন হামলা চালাচ্ছে।

তেহরানের অভিযোগ, ইরানকে লক্ষ্য করে হামলার জন্য আরব দেশগুলোকে উসকে দিতেই এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর মাধ্যমে মুসলিম বিশ্বজুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেছে ইরান।

কাতারে শুরু হলো ইতিহাসের সর্ববৃহৎ বিরল ক্লাসিক কার প্রদর্শনী

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
কাতারে শুরু হলো ইতিহাসের সর্ববৃহৎ বিরল ক্লাসিক কার প্রদর্শনী

আভিজাত্য, ইতিহাস আর নান্দনিক প্রকৌশলশৈলীর অপূর্ব মেলবন্ধনে কাতারে শুরু হয়েছে সপ্তম ‘কাতার লাক্সারি ক্লাসিক কারস কনটেস্ট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। বুধবার (১৮ নভেম্বর) দোহার দ্য পার্ল আইল্যান্ডে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর পর্দা ওঠে।

কাতারসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর ৭৪টি দুর্লভ ও ঐতিহাসিক গাড়ি নিয়ে সাজানো এবারের আসরের অন্যতম প্রধান আকর্ষণ হলো কাতারের সাবেক শাসক শেখ আবদুল্লাহ বিন জসিম আল-থানির ব্যবহৃত ১৯৩৮ সালের একটি ঐতিহাসিক শেভ্রোলেট গাড়ি। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

ইতিহাসের সর্ববৃহৎ আয়োজন

গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন ও পৃষ্ঠপোষকতা করছেন কাতার মিউজিয়ামস ও দোহা ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারপারসন শেখা আল মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল-থানি। প্রদর্শনীর ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আসর, যেখানে ১৯০০ থেকে ১৯৯৬ সালের মধ্যে নির্মিত ক্লাসিক গাড়িগুলোকে মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে উপস্থাপন করা হচ্ছে।

আন্তর্জাতিক ঐতিহাসিক যানবাহন ফেডারেশনের (ফিভা) তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিযোগিতায় জিসিসিভুক্ত প্রতিটি দেশ থেকেই সংগ্রাহকরা অংশ নিয়েছেন এবং প্রদর্শিত গাড়িগুলোর প্রায় অর্ধেকই এসেছে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো থেকে।

গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফয়সাল বিন কাসিম আল-থানি জানান, সপ্তম এই সংস্করণটি আয়োজনের ধারাবাহিক সাফল্যে এক নতুন মাইলফলক।

তাঁর মতে, ক্লাসিক গাড়িগুলো কেবল পুরোনো সংগ্রহ নয়, বরং এগুলো এক শতাব্দীরও বেশি সময়ের মোটরগাড়ির বিবর্তন, নকশা ও প্রকৌশলের জীবন্ত দলিল। আন্তর্জাতিক পর্যায়ে কাতারের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি যান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণের একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে এই প্রদর্শনীকে প্রতিষ্ঠিত করাই তাঁদের মূল লক্ষ্য।

এক শতাব্দীর মোটরগাড়ির বিবর্তন ও রেকর্ড অংশগ্রহণ

সংস্থাটির ভাইস চেয়ারম্যান ওমর আল ফারদান উল্লেখ করেন, এই প্রদর্শনীটি বিশেষজ্ঞ, সংগ্রাহক এবং সাধারণ গাড়িপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরির এক কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যান্ত্রিক ঐতিহ্যের জ্ঞান ছড়িয়ে দিতে তরুণদের জন্য বিশেষ কর্মশালারও ব্যবস্থা রাখা হয়েছে।

অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য ও মহাসচিব প্রকৌশলী আবদুল লতিফ আলী আল ইয়াফি জানান, এবারের আসরে ৭৪টি গাড়ির অংশগ্রহণ একটি নতুন রেকর্ড। প্রদর্শিত গাড়িগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো হলো ১৯২৮ সালের একটি ফোর্ড মডেল এ, এছাড়াও রয়েছে ১৯২৯ সালের একটি বিএমডব্লিউসহ দুর্লভ সব কনভার্টিবল ও স্পোর্টস কার। স্বচ্ছতা ও পেশাদারত্ব বজায় রাখতে ফিভার মানদণ্ড অনুযায়ী দেশি-বিদেশি অভিজ্ঞ বিচারক প্যানেল গাড়িগুলোর মূল্যায়ন করছেন।

নতুন প্রজন্ম ও কাতার অটো মিউজিয়ামের উদ্যোগ

শিশু ও শিক্ষার্থীদের ক্লাসিক গাড়ির কারুশিল্প ও ইতিহাসের সাথে পরিচিত করতে কাতার অটো মিউজিয়াম বিশেষ শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করেছে। কাতার মিউজিয়ামসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ আল রুমাইহি বলেন, প্রতিটি ক্লাসিক গাড়ির পেছনে উদ্ভাবন ও সৃজনশীলতার গল্প রয়েছে, যা আগামী দিনের নকশাবিদ ও প্রকৌশলীদের অনুপ্রাণিত করবে। এ ছাড়া আগ্রহী সংগ্রাহকদের জন্য গাড়ি পুনরুদ্ধার ও সংরক্ষণের ওপর ধারাবাহিক শিক্ষামূলক ভিডিও তৈরির উদ্যোগও নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

দ্য পার্ল আইল্যান্ডের আভিজাত্য ও পুরস্কার ঘোষণা

আয়োজক সহযোগী ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসের সালেহ আল জাইদাহ বলেন, দ্য পার্ল আইল্যান্ডের নান্দনিক পরিবেশের সাথে এই ঐতিহ্যবাহী প্রদর্শনীর সমন্বয় দেশি-বিদেশি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে।

অন্যদিকে, টানা পঞ্চমবারের মতো এই আয়োজনে সহায়তাকারী সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ডের (দাম) পরিচালক হাসান ইউসুফ আল ওবাইদলি উপসাগরীয় অঞ্চলের সংগ্রাহকদের এই মিলনমেলার প্রশংসা করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, পাঁচটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য ১৫টি পুরস্কারসহ মোট ২০টি নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হবে। এর পাশাপাশি সেরা বিলাসবহুল ক্লাসিক গাড়ি, সবচেয়ে আকর্ষণীয় গাড়ি এবং সেরা সংরক্ষিত স্থানীয় ঐতিহ্যবাহী গাড়িসহ পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হবে।

আগামী ২২ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শিশুদের জন্য ছবি আঁকা ও শৈল্পিক পরিবেশনার ব্যবস্থা থাকায় সব বয়সী দর্শনার্থীদের প্রদর্শনীটি উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

সৌদি-কাতারে হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
সৌদি-কাতারে হামলার ছক মোসাদের, নেপথ্যে যে কারণ

সৌদি আরব ও কাতারে বোমা হামলার পরিকল্পনার অভিযোগে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন।

সোমবার নিজের অনুষ্ঠানে কার্লসন বলেন, সৌদি আরব ও কাতার ওই এজেন্টদের আটক করেছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য তুলে ধরা হয়নি।

কার্লসন প্রশ্ন তোলেন, ইরানের হামলার শিকার উপসাগরীয় দেশগুলোতে ইসরাইল কেন বোমা হামলা চালাতে চাইবে? তাঁর ভাষ্য, ইরানকে আঘাত করার পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান ও কুয়েতেও অস্থিতিশীলতা তৈরি করতে চায় ইসরাইল।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের মধ্যে অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। এতে বাণিজ্যিক বিমান চলাচল ও তেল পরিবহনে বিঘ্ন ঘটে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, সাত শতাধিক ড্রোন ও শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাঁচ শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে।

সোমবার সৌদি আরবের রাস তানুরায় সৌদি আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার পর সীমিত আকারে আগুন লাগে বলে জানানো হয়। তবে সৌদি আরামকোর স্থাপনায় হামলার দায় অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, আরব দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ড্রোন হামলা চালাচ্ছে।

তেহরানের অভিযোগ, ইরানকে লক্ষ্য করে হামলার জন্য আরব দেশগুলোকে উসকে দিতেই এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর মাধ্যমে মুসলিম বিশ্বজুড়ে বড় ধরনের সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেছে ইরান।

সুইজারল্যান্ডে কাতারের আমিরের ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
সুইজারল্যান্ডে কাতারের আমিরের ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে এক উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী বার্নের বার্নেরহফে আয়োজিত এই বৈঠকে উভয় নেতা কাতার ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, গবেষণা ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকের শুরুতে সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন কাতারের আমির ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, আমিরের এই সফর দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও সুদৃঢ় করবে। দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির প্রশংসা করে তিনি সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন।

জবাবে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সুইজারল্যান্ড সফরে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য সুইস প্রেসিডেন্ট, সরকার ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে আমির বার্নের ফেডারেল প্যালেসে সুইজারল্যান্ডের ফেডারেল অ্যাসেম্বলি পরিদর্শন করেন, যেখানে প্রেসিডেন্ট পারমেলিন তাঁকে স্বাগত জানান। ফেডারেল কাউন্সিল এবং ফেডারেল অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেন, কাতার ও সুইজারল্যান্ডের অংশীদারিত্ব পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত, যা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে রাজনৈতিক সংলাপ এবং বাণিজ্য, বিনিয়োগ ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ক্রমেই বিকশিত হয়েছে।

ভাষণকালে আমির উভয় দেশের প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর মধ্যে, বিশেষ করে জ্ঞানভিত্তিক অর্থনীতি, জ্বালানি ও স্বাস্থ্যসেবা খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক বৈচিত্র্য এবং স্থায়িত্বের যে কাঠামো প্রদান করে, সুইজারল্যান্ডের সাথে সহযোগিতা সেই লক্ষ্যগুলো অর্জনে সহায়ক হবে।

আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে আমির জোর দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য সংলাপ, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা অপরিহার্য। উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডের মতো অংশীদারদের সাথে মিলে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন তাঁর বক্তব্যে কাতারের আমিরের এই সফরকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন, কারণ এটিই সুইজারল্যান্ডে আমিরের প্রথম রাষ্ট্রীয় সফর। তিনি ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (EFTA) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির ভিত্তিতে অর্থনৈতিক, আর্থিক ও বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।

পাশাপাশি মধ্যস্থতা ও সংঘাত নিরসনে কাতারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ২০২৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে কাজ এগিয়ে নেওয়ার গুরুত্ব উল্লেখ করেন। সুইজারল্যান্ডের সভাপতিত্বকালে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় অংশীদার রাষ্ট্র হিসেবে কাতারের যোগদানকেও তিনি স্বাগত জানান।

বৈঠকে কাতারের পক্ষে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি, আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি, অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারি, জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি আল-থানিসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সুইজারল্যান্ডের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস, অর্থমন্ত্রী কারিন কেলার-সাটার এবং পরিবেশ, পরিবহন, জ্বালানি ও যোগাযোগমন্ত্রী আলবার্ট রোস্তিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার

বাহরাইন ও কুয়েতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের নতুন করে চালানো এসব হামলা বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির শামিল।

একই সঙ্গে এসব হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা দুই দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের সরাসরি পরিপন্থী।

দোহা আরও জানায়, তারা বেসামরিক অবকাঠামোতে হামলার সম্পূর্ণ বিরোধিতা করে এবং পরিস্থিতি শান্ত করার জন্য সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানায়।

বিবৃতিতে প্রতিবেশী উপসাগরীয় দেশ দুটির প্রতি সংহতি প্রকাশ করে কাতার। পাশাপাশি আন্তর্জাতিক আইনের নীতি মেনে চলা এবং সংলাপ ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে ইরান জানিয়েছিল, তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

বাহরাইন ও কুয়েতকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কাতারের এই প্রতিক্রিয়া উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে মধ্যস্থতা চালাচ্ছে কাতার, দিল সতর্কবার্তা

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে মধ্যস্থতা চালাচ্ছে কাতার, দিল সতর্কবার্তা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার। তবে পরিস্থিতির আরও অবনতি হলে কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হবে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে দেশটি। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে দোহা।

মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি।

তিনি বলেন, কাতার আশাবাদী, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে পারবে। তবে দুই দেশের মধ্যে ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি কোনো পক্ষের স্বার্থ রক্ষা করছে না। বরং এর প্রভাব পড়ছে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতে।

আল আনসারি জানান, মধ্যস্থতার অংশ হিসেবে মঙ্গলবার ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কাতার। দুই পক্ষের অবস্থানের ব্যবধান কমিয়ে আনতে দোহা কাজ করে যাচ্ছে। আগের যোগাযোগের ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘যেকোনো উত্তেজনা বৃদ্ধি মধ্যস্থতার প্রচেষ্টার জন্য একটি প্রতিবন্ধকতা।’ সব পক্ষকে সংযম দেখানোর এবং উত্তেজনা বাড়াতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার সময় এ ধরনের ঘটনা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে।

আল আনসারি আরও বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর আশা এখনো রয়েছে। এ জন্য আলোচনার পরিবেশ বজায় রাখা জরুরি। দীর্ঘস্থায়ী যুদ্ধ কিংবা শান্তি প্রতিষ্ঠা না হওয়ার পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ এগিয়ে নেওয়া এবং মতপার্থক্য কমাতে কাতার তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।