কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান-যুদ্ধ 'কার্যত' সমাপ্ত বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্য ইঙ্গিত দেয় যে, লড়াইয়ের অবসান ঘটানোর জন্য মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছ থেকে তিনি চাপের মুখে রয়েছেন।
সোমবার অকস্মিক এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তার বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, 'সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা কেবল স্থিতাবস্থা বজায় রাখছি, এবং তা মূলত তাদের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই করছি।'
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সাথে এক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। ওই বৈঠকের অগ্রগতিকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে কাতারের প্রধানমন্ত্রী লেখেন, 'আমরা অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং মার্কিন-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেছি। একটি সমঝোতায় পৌঁছানো এবং অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য আমি কৃতজ্ঞ।'
ট্রাম্প জানান, এই স্থিতাবস্থা বজায় রাখার অর্থ হলো ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখা। পাশাপাশি নতুন ঘোষিত 'টাস্ক ফোর্স আয়রন গেট'-এর কার্যক্রম চালু রাখা, যার লক্ষ্য স্থলপথ এবং কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানের বাণিজ্য বন্ধ করা।
তিনি আরও বলেন, 'কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত এবং অন্যান্য দেশগুলো এই স্থিতাবস্থাই বজায় রাখতে পছন্দ করবে, যেন আমরা যেভাবে আছি সেভাবেই থাকি। অন্যভাবে বললে, আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধের ধারাবাহিকতা বজায় রাখা—যা সম্ভবত বিশ্বের ইতিহাসেও সর্ববৃহৎ।'
তবে সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও লড়াই শুরু করতে প্রস্তুত। তিনি বলেন, 'সামরিক ব্যবস্থা নেয়া খুব একটা প্রয়োজনীয় মনে হচ্ছে না, তবে পরিস্থিতি বদলে গেলে যেকোনো কারণেই আমরা সম্পূর্ণ প্রস্তুত।'
তিনি আরও বলেন, 'ইরানি বিপদ ও হুমকি থেকে ইসরায়েল এবং সমগ্র মধ্যপ্রাচ্য এখন সুরক্ষিত, এবং আমরা এই সংঘাতের অবসান ঘটাতে একটি ইতিবাচক গতি সৃষ্টি হতে দেখছি। আমার মনে হয় খুব শীঘ্রই এর সমাপ্তি ঘটতে যাচ্ছে।'
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, 'ইরানের ওপর চালানো এই যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকেই তছনছ করে দিয়েছে। তবুও ওয়াশিংটন একজন হতাশ জুয়াড়ির মতো ছটফট করছে।'
তিনি আরও লেখেন, 'এসব বন্ধ করুন। কাল্পনিক আলোচনার নামে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন।'
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান এই অবস্থার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন, তিনি এ অবস্থাকে "যুদ্ধও নয়, শান্তিও নয়" বলে বর্ণনা করেছেন।
ইরানি গণমাধ্যমের মতে, পেজেশকিয়ান আরও জানান, ইরান পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত, তবে জোর খাটিয়ে কিছু চাপিয়ে দেওয়া বরদাশত করবে না। তিনি বলেন, 'আমরা বলপ্রয়োগ এবং জোরজুলুমের কাছে নতি স্বীকার করব না।' গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সংঘাত প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে চরম অস্থিরতা তৈরি করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পরপরই ইরান তেল, গ্যাস ও সারসহ অন্যান্য পণ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ 'হরমুজ প্রণালি' বন্ধের পদক্ষেপ নেয়। ইরানও তাদের উপসাগরীয় প্রতিবেশী কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলি আঘাতের জবাব দেয়, যার বেশিরভাগ ট্র্যাকিং বা লক্ষ্যবস্তু ছিল মার্কিন সামরিক স্থাপনাগুলো।
এরপর সম্পর্কিত অন্যান্য সংঘাতও মাথাচাড়া দিয়ে ওঠে। সৌদি আরব ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে তাদের লড়াই পুনরায় শুরু করে, এবং ইসরায়েল মারাত্মক বিমান হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননে তাদের দখলদারিত্ব শুরু করে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত প্রায় নয় মাসে ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান অনিয়মিত হয়ে পড়ে, যেখানে মাঝে মাঝে দু'পক্ষের মধ্যে গোলাগুলি বা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইরানের কেশম দ্বীপের বিরুদ্ধে "ছোটখাটো হামলার" ঘোষণা দেয়। এ ছাড়া মার্কিন প্রশাসন "ইরানের পারমাণবিক কর্মসূচি, যার মধ্যে রয়েছে এর স্থাপনা, সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মীবাহিনী সম্পর্কিত তথ্যের জন্য" ২০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণাও দেয়।
২০২৫ সালের জুন মাসের ১২ দিন যুদ্ধের পর ট্রাম্প দাবি করেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর থেকে তিনি চলমান এই যুদ্ধের প্রধান অজুহাত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনাকেই বেছে নিয়েছেন।
ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার বিষয়টি অস্বীকার করে আসছে এবং তাদের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুধুমাত্র বেসামরিক শক্তি বা বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
এদিকে, যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের জন্য সাতটি শর্ত মেনে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের কর্মকর্তারা। এই শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বাজেয়াপ্ত করা তহবিল মুক্ত করা, ওমানের সঙ্গে সমন্বয় করে গঠিত হরমুজ প্রণালির নতুন নৌপথকে স্বীকৃতি দেওয়া এবং লেবাননে ইসরায়েলের হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানো।
এই সংঘাত নিরসনে কাতার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও সামলাচ্ছেন এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তার পরিচিতি রয়েছে।
জানা গেছে, সোমবারের বৈঠকে তিনি ট্রাম্পের কাছে যুদ্ধ শেষের বিষয়ে ইরানের তৈরি দুই দিনের একটি প্রস্তাব পেশ করেন। বৈঠক শেষে ব্রিফিং রুমে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, 'আপনি কেন কেবল সংঘাতের সমাপ্তি ঘোষণা করে বিষয়টি শেষ করছেন না?'
উত্তরে ট্রাম্প মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার বিষয়টিকে আঞ্চলিক নিরাপত্তার সাপেক্ষে ব্যাখ্যা করেন। স্বল্পমেয়াদী ব্যবস্থার বদলে তিনি একটি "দীর্ঘমেয়াদী সমাধানের" ওপর জোর দেন।
তিনি বলেন, 'সেখানে আমাদের কিছু মিত্র রয়েছে, এবং তাদের যে ক্ষতি হবে না—তা আমাদের নিশ্চিত করতে হবে, অন্যথায় তাদের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়।' তিনি আরও বলেন, 'ছয় মাস আগের তুলনায় তারা এখন অনেক বেশি নিরাপদ, কারণ ইরান অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবুও তারা এখনো মধ্যপ্রাচ্যের কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে।'