৯ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ট্রাম্পের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক আজ

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ট্রাম্পের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক আজ

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সানির সঙ্গে আজ (সোমবার) বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা যখন নানা বাধার মুখে, তখন এই বৈঠক হতে যাচ্ছে।

হোয়াইট হাউসের প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানায়, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। রুদ্ধদ্বার এই বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার। ইরানের পরমাণু কর্মসূচি ও সংঘাত বন্ধের শর্ত নিয়ে দুই পক্ষের মতপার্থক্য কমানোর চেষ্টা করছে দেশটি। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরছে কাতার। তবে ইরানের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রবিবার তিনি বলেন, শিগগিরই এ সংকটের সমাধান হবে বলেও তিনি মনে করছেন না।

প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ফ্লোরিডা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি বলেন, ট্রাম্প কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চান। তবে ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। কিছু শর্তকে তিনি ‘আপত্তিকর, হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেন।

এদিকে রবিবার ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি হলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সামরিক অভিযান আবার শুরু হলে যুক্তরাষ্ট্র আরো কিছু স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বলে সতর্ক করেন তিনি। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সেতুও রয়েছে বলে জানান ট্রাম্প।

৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে কাতারের যে প্রতিষ্ঠান

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে কাতারের যে প্রতিষ্ঠান

কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-উতরুজা ওয়াকফ’ (Al-Utruja Endowment)-এর সহায়তায় বর্তমানে দেশের বিভিন্ন কোরআন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

দীর্ঘমেয়াদি ও টেকসই কোরআনি ওয়াকফের একটি সফল দৃষ্টান্ত হিসেবে প্রকল্পটি দেশজুড়ে দ্বীনি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওকাফ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত দেশজুড়ে মোট ১৭৬টি কেন্দ্র ও কোরআন শিক্ষাপ্রতিষ্ঠানে দেড় হাজারেরও বেশি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন।

দীর্ঘমেয়াদি অর্থায়ন ও আবাসন প্রকল্প

আওকাফ মন্ত্রণালয়ের ধর্মপ্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা বলেন, আল-উতরুজা ওয়াকফ হলো এমন একটি অনন্য প্রকল্প, যেখানে একদিকে ওয়াকফকৃত সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়, অন্যদিকে সেখান থেকে অর্জিত আয় পবিত্র কোরআনের বহুমুখী সেবায় ব্যয় করা হয়। এর ফলে কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর জন্য একটি স্থায়ী ও নিশ্চিত অর্থায়ন ব্যবস্থা গড়ে উঠেছে, যা প্রতিষ্ঠানগুলোর পরিধি বাড়াতে সহায়তা করছে।

তিনি জানান, এই ওয়াকফের নিজস্ব অর্থায়নে নির্মিত ১১২টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট একটি আধুনিক আবাসন প্রকল্প ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই প্রকল্প থেকে প্রতি মাসে নিয়মিত আয় আসে, যা সরাসরি কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়।

কোরআন শিক্ষায় নারী শিক্ষার্থীদের বিশেষ অগ্রগতি

ড. আবু শুরাইদা জানান, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী আল-উতরুজার কোরআন শিক্ষাকেন্দ্রগুলোতে নারী শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ১৩১ জন। কোরআন শিক্ষার প্রতি নারীদের এই ক্রমবর্ধমান আগ্রহ ও অংশগ্রহণ কেবল তাদের দ্বীনি জ্ঞানই বাড়াচ্ছে না; বরং একটি আদর্শ পরিবার গঠন এবং সমাজে ইসলামী পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করছে।

সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ ও নতুন ডিজিটাল সেবা

সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য আল-উতরুজা ওয়াকফে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। সাধারণ নাগরিক ও প্রবাসীরা ১ হাজার কাতারি রিয়াল (QR) অথবা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ অনুদান দিয়ে এই কল্যাণমূলক কাজে অংশ নিতে পারেন। পাশাপাশি, এই ওয়াকফ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেও যেকেউ এতে অবদান রাখতে পারেন।

এদিকে, ওয়াকফের কার্যক্রম আরও গতিশীল করতে আওকাফ অধিদপ্তর তাদের দাপ্তরিক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ওয়াকফের অধীন ভাড়ার জন্য খালি থাকা স্থাবর সম্পত্তির ইউনিটগুলো অনলাইনে অনায়াসে খুঁজে দেখতে এবং ভাড়ার জন্য আবেদন করতে পারবেন।

বক্তব্যের শেষে ড. আবু শুরাইদা এই ওয়াকফের সাথে জড়িত সকল প্রতিষ্ঠাতা, দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশে ২৬টি এলএনজি কার্গো সরবরাহ করবে কাতার

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
বাংলাদেশে ২৬টি এলএনজি কার্গো সরবরাহ করবে কাতার

২০২৭ সালে বাংলাদেশের জন্য চুক্তিবদ্ধ ৪০টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বার্ষিক চুক্তির ৬৫ শতাংশ পূরণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

তবে কাতারের পাশাপাশি ওমানসহ অন্যান্য আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকেও এলএনজি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আপাতত আগামী বছরের মার্চ পর্যন্ত এলএনজি আমদানির সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের পুরো বছরের আমদানি পরিকল্পনা এখনই চূড়ান্ত করতে চায় না সরকার। বরং সরবরাহ পরিস্থিতি ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী মার্চ পর্যন্ত এলএনজি সরবরাহের সূচি তৈরির জন্য পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে বাকি সময়ের আমদানি পরিকল্পনা নির্ধারণ করা হবে।

নীতিনির্ধারকদের ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর হরমুজ প্রণালিকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসতে পারে। এ গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক হলে এলএনজিবাহী জাহাজের পরিবহনও বাড়বে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পেট্রোবাংলার কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা হলে আন্তর্জাতিক এলএনজি সরবরাহ সংকট কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। সে ক্ষেত্রে বিদ্যমান চুক্তির আওতায় অতিরিক্ত এলএনজি কার্গো পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ কারণে পুরো বছরের আমদানি সূচি আগেভাগে নির্ধারণ না করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখতে চায় সরকার।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক এলএনজি সরবরাহব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। সংঘাতের প্রভাবে গ্যাস উৎপাদন ও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হয়। কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান ফোর্স ম্যাজিউর ঘোষণা করায় দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পরিস্থিতির আগে ২০২৭ সালে প্রায় ১১৫টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা করেছিল বাংলাদেশ। এর মধ্যে অন্তত ১০৩টি কার্গো দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংগ্রহের লক্ষ্য ছিল। তবে চুক্তিবদ্ধ মোট ১২৮টি কার্গোর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৭১টির সরবরাহ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা।

২০২৭ সালে বাংলাদেশের এলএনজি আমদানিতে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা কাতারএনার্জির। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ ৪০টি কার্গোর মধ্যে ২৬টি সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে। অর্থাৎ মোট চুক্তির ৬৫ শতাংশ পূরণ করতে পারবে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া কাতারএনার্জির সহযোগী প্রতিষ্ঠান কাতারএনার্জি ট্রেডিং এলএলসি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি পাওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ২৪টি কার্গোর চুক্তি থাকলেও ২০২৭ সালে ১৮টি সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে। এটি মোট চুক্তির ৭৫ শতাংশ।

দুই প্রতিষ্ঠান মিলিয়ে আগামী বছর কাতারের কাছ থেকে মোট ৪৪টি এলএনজি কার্গো পেতে পারে বাংলাদেশ। তবে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটায় কাতারএনার্জি ফোর্স ম্যাজিউর ঘোষণা করেছে। ফলে চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণ এলএনজি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে, ওমানের রাষ্ট্রায়ত্ত এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিংয়ের (ওকিউটি) কাছ থেকে ২০২৭ সালে ৩২টি কার্গো পাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কোনো কার্গোর সরবরাহ নিশ্চিত হয়নি। বরং চুক্তির অর্ধেক, অর্থাৎ ১৬টি কার্গো সরবরাহের প্রস্তাব দিয়েছে ওকিউটি।

ওকিউটির প্রস্তাবে এলএনজির মূল্য নির্ধারণ পদ্ধতি পরিবর্তনের বিষয়টিও রয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের দামের সঙ্গে সম্পর্কিত মূল্য নির্ধারণ পদ্ধতির পরিবর্তে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচক অনুসারে দাম নির্ধারণ করতে চায় প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম জেকেএম সূচকের চেয়ে ০.০৪ ডলার কম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে ওকিউটির এ প্রস্তাবে সম্মতি দেয়নি পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটিকে বিদ্যমান চুক্তির শর্ত অনুযায়ী এলএনজি সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত মার্চে সরবরাহ সংকট শুরুর পর থেকেই ফোর্স ম্যাজিউর ঘোষণা দিয়ে এলএনজি সরবরাহ বন্ধ রেখেছে ওকিউটি।

কাতার ও ওমানের বাইরে অন্যান্য আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকেও এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এর অংশ হিসেবে সুইজারল্যান্ডভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে ২০২৭ সালে ছয়টি কার্গো পাওয়ার কথা রয়েছে।

২০২৬ থেকে ২০৩৮ সালের মধ্যে মোট ১১৭টি এলএনজি কার্গো সরবরাহের লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে ১৩ বছর মেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ।

চুক্তির প্রথম পর্যায়ে ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে জেকেএম সূচকভিত্তিক মোট ১৪টি কার্গো সরবরাহ করবে গানভর। এর মধ্যে ২০২৬ সালে পাঁচটি, ২০২৭ সালে ছয়টি এবং ২০২৮ সালে তিনটি কার্গো পাওয়ার কথা রয়েছে।

২০২৭ সালে সরবরাহের জন্য নির্ধারিত ছয়টি কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএম সূচকের সঙ্গে অতিরিক্ত ০.০৮৭৫ ডলার যোগ করে নির্ধারণ করা হয়েছে।

চুক্তির অবশিষ্ট ১০৩টি কার্গো ২০২৮ থেকে ২০৩৮ সালের মধ্যে সরবরাহ করা হবে। এসব কার্গোর মূল্য নির্ধারণে যুক্তরাষ্ট্রের হেনরি হাব সূচকের ১২১ শতাংশের সঙ্গে ৫.২০ ডলার যোগ করার শর্ত রাখা হয়েছে।

এদিকে, ফ্রান্সভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান টোটালএনার্জিসের কাছ থেকে ২০২৭ সালে ১২টি এলএনজি কার্গো পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত মোট ১৮টি কার্গো সরবরাহের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে সম্প্রতি স্বল্পমেয়াদি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম হবে জেকেএম সূচকের সঙ্গে অতিরিক্ত ০.০৬ ডলার যোগ করে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেলেরেট গ্যাসের কাছ থেকে ২০২৭ সালে ১৪টি কার্গো পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত নয়টি কার্গোর সরবরাহ নিশ্চিত হয়েছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিটি এলএনজি কার্গো থেকে প্রায় ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে গ্যাস কেনার ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে। স্পট মার্কেটে তুলনামূলক বেশি দামে এলএনজি কিনতে হওয়ায় দেশের আমদানি ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সরকারের জ্বালানি খাতের ভর্তুকি ব্যয়ের ওপর।

জ্বালানি খাতের সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি হিসেবে সরকারের ব্যয় হয়েছে ১০ হাজার ৩০০ কোটি টাকা।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং সরবরাহ সংকটের মধ্যে দেশের গ্যাসের চাহিদা পূরণ করতে গিয়ে সরকারকে এই বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। দীর্ঘমেয়াদি চুক্তির সরবরাহ স্বাভাবিক না হলে স্পট মার্কেটনির্ভরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে আপাতত আগামী বছরের মার্চ পর্যন্ত এলএনজি আমদানির সূচি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক জ্বালানি বাজারের গতিপ্রকৃতি এবং সরবরাহকারীদের প্রতিশ্রুতি পর্যালোচনা করে পরবর্তী আমদানি পরিকল্পনা নির্ধারণ করতে পারবে পেট্রোবাংলা।

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ট্রাম্পের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক আজ

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ট্রাম্পের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক আজ

হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সানির সঙ্গে আজ (সোমবার) বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা যখন নানা বাধার মুখে, তখন এই বৈঠক হতে যাচ্ছে।

হোয়াইট হাউসের প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানায়, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। রুদ্ধদ্বার এই বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার। ইরানের পরমাণু কর্মসূচি ও সংঘাত বন্ধের শর্ত নিয়ে দুই পক্ষের মতপার্থক্য কমানোর চেষ্টা করছে দেশটি। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরছে কাতার। তবে ইরানের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রবিবার তিনি বলেন, শিগগিরই এ সংকটের সমাধান হবে বলেও তিনি মনে করছেন না।

প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ফ্লোরিডা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি বলেন, ট্রাম্প কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চান। তবে ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। কিছু শর্তকে তিনি ‘আপত্তিকর, হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেন।

এদিকে রবিবার ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি হলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সামরিক অভিযান আবার শুরু হলে যুক্তরাষ্ট্র আরো কিছু স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বলে সতর্ক করেন তিনি। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সেতুও রয়েছে বলে জানান ট্রাম্প।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ছবি ও ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা

প্রকাশ: রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ছবি ও ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের কর্মক্ষেত্রে ছবি তোলা, ভিডিও ধারণ করা ও লাইভ স্ট্রিমিং করার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (Civil Aviation Authority)। নতুন নির্দেশনায় এসব ছবি বা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নতুন এই নির্দেশনাটি মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা এবং অন্যান্য সকল রেকর্ডিং ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিমানবন্দর প্রাঙ্গণ (Apron), প্যাসেঞ্জার টার্মিনাল, প্রশাসনিক ও প্রযুক্তিগত ভবনসহ কর্তৃপক্ষের অধীনস্থ সকল স্থাপনা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

যেসব বিষয়ে কড়া নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে:

  • নিরাপত্তা ব্যবস্থা ও চেকপয়েন্ট: সিকিউরিটি চেকিং, স্ক্যানার, আইডি পরিদর্শন কেন্দ্র এবং নজরদারি ক্যামেরা (CCTV)-এর কোনো অংশ ছবি বা ভিডিওতে আনা যাবে না।

  • অভ্যন্তরীণ নথি ও চিঠি: বিমানবন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ দাপ্তরিক কাগজপত্র, গোপনীয় ফাইল বা অফিসিয়াল চিঠিপত্রের ছবি বা ভিডিও তোলা ও প্রকাশ নিষিদ্ধ।

  • রানওয়ে ও ফ্লাইট অপারেশন: রানওয়েতে উড়োজাহাজের ওঠানামা, গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো অপারেশন সম্পর্কিত কোনো ফুটেজ ধারণ বা পোস্ট করা যাবে না।

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, গোপনীয়তা রক্ষা এবং অপারেশনাল কাজের সুরক্ষা নিশ্চিত করতেই এই নতুন সার্কুলার জারি করা হয়েছে বলে জানা গেছে।

তথ্যসূত্র: কুয়েত সিভিল এভিয়েশন অথরিটি

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্বে আইজেনকোট

শান্তি কোনো বিলাসিতা নয়: অক্সফোর্ড ইউনিয়নে কাতারের প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, নভেম্বর ০৮, ২০২৬

বিভক্ত বিশ্বে বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় অর্থনৈতিকভাবে অগ্রসর ও সমৃদ্ধ ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল-থানী। যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড ইউনিয়নে আয়োজিত এক বিশেষ বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

‘একটি বিভক্ত বিশ্বে সমৃদ্ধি: ক্ষুদ্র রাষ্ট্রসমূহ এবং বৈশ্বিক প্রভাবের মানচিত্র পুনর্নির্ধারণ’ শীর্ষক এই লেকচারে প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বব্যবস্থায় ছোট কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।

‘সমৃদ্ধ রাষ্ট্র’ (Prosperous States) ধারণার প্রস্তাবনা

ঐতিহ্যগতভাবে প্রচলিত উন্নত ও উন্নয়নশীল দেশের বিভাজন বর্তমান বৈশ্বিক অর্জনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী নতুন একটি ধারণার প্রস্তাব করেন। তিনি এমন দেশগুলোকে ‘সমৃদ্ধ রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন—যেসব দেশ স্থিতিস্থাপক, অত্যন্ত স্থিতিশীল, বিশ্বস্ত এবং ক্ষুদ্র আকৃতিকে সুবিধায় রূপান্তর করে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য হয়ে উঠেছে।

তিনি বলেন, যে দেশগুলো নিজেদের মানবসম্পদ, আধুনিক অবকাঠামো এবং টেকসই অর্থনৈতিক মডেলে বিনিয়োগ করে সফল হয়েছে, তাদের দায়িত্ব কেবল নিজের স্বার্থ দেখা নয়; বরং সম্মিলিত ও সুসংগঠিত উপায়ে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা।

আন্তর্জাতিক শৃঙ্খলা ও শান্তির প্রয়োজনীয়তা

১৯৪৫ সালের পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শান্তি কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করে না; বরং তা আইন, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং উন্মুক্ত বাজারের ওপর প্রতিষ্ঠিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ১২০টির বেশি দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ে যুক্ত হয়েছে, যা ক্ষুদ্র দেশগুলোকে আধিপত্যবাদ থেকে সুরক্ষা দিয়েছে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করেছে।

তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় অর্থনৈতিক সুযোগ বিশ্বায়ন হলেও শান্তি ও নিরাপত্তার মূল সিদ্ধান্তগুলো মুষ্টিমেয় কিছু শক্তির হাতে কুক্ষিগত রয়েছে, যা বর্তমান আঞ্চলিক সংঘাতের মাধ্যমে ভারসাম্যহীনতা প্রকট করে তুলেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ফলে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়া এবং বাণিজ্যিক সমুদ্রপথ হুমকির মুখে পড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেসব রাষ্ট্র এই সংঘাতে জড়িত নয়, তাদেরও এর মূল্য চুকাতে হচ্ছে।

মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠায় কাতারের ভূমিকা

কাতারের ভূ-রাজনীতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, কাতার উপলব্ধি করেছে যে দেশের ভবিষ্যৎ কেবল প্রাকৃতিক সম্পদের ওপর নয়, বরং বন্ধুরাষ্ট্রগুলোর সাথে গড়ে ওঠা সম্পর্ক এবং নিজস্ব সক্ষমতার ওপর নির্ভরশীল। কাতার তার এই অবস্থান থেকেই দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা এবং শান্তি বজায় রাখার কূটনৈতিক নীতি গ্রহণ করেছে।

তিনি সতর্ক করে বলেন, শান্তিকে মানবতার স্বাভাবিক অবস্থা হিসেবে যারা বিশ্বাস করে না, কাতার এবং মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ও বিভ্রান্তিকর narrativa প্রচার করা হচ্ছে। তবুও যুদ্ধ বা সংঘাতকে স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে না নিয়ে বর্তমান নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শান্তি ও স্থিতিশীলতা কোনো বিলাসিতা নয়, বরং সমৃদ্ধ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রধান শর্ত। বর্তমান সংকটে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও উত্তেজনা এড়াতে কাতারি মধ্যস্থতাকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিষ্ক্রিয় দর্শক হয়ে না থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ইতিহাস গড়ার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তৃতা শেষ করেন।