যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর পৃথক তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর বড় আঘাত এসেছে। এরমধ্যে কাতার উপকূলের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার দুটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালীতে ইরানের অননুমোদনহীন রুট ব্যবহার করে পারাপারের সময় পৃথক দুটি তেল ট্যাংকার ও একটি টাগবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইআরজিসি।
ইউকেএমটিও জানিয়েছে, কাতারের উপকূলে অজ্ঞাত প্রক্ষেপকের (ড্রোন অথবা মিসাইল) আঘাতে ক্ষতিগ্রস্ত ওই ট্যাংকারের ক্রুদের বর্তমান অবস্থা কিংবা জাহাজের ক্ষয়ক্ষতির সঠিক মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ নিরসনে কাতার যখন মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে, ঠিক তখনই এই নতুন হামলার খবর এলো। এর আগে গত মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মধ্যস্থতাকারীদের উত্থাপিত খসড়া প্রস্তাবসমূহ উভয় পক্ষই গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং সংলাপের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এর বাইরে গত রোববার কাতারের রাষ্ট্রীয় এলএনজি পরিবহন সংস্থা 'নাকিলাত; এক বিবৃতিতে জানায়, গত ৩০ অক্টোবর পারস্য উপসাগর অতিক্রম করার সময় তাদের এলএনজিবাহী জাহাজ 'আল মায়েদা' অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সংস্থাটি স্পষ্ট করে যে, ওই ঘটনায় কোনো ক্রু আহত হননি এবং পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। আঘাতের গভীরতা ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করা হলেও জাহাজটি বর্তমানে নিরাপদ এবং সচল রয়েছে।
বৃহস্পতিবার এক পৃথক বিবৃতিতে ইরানের আইআরজিসি দাবি করেছে, তাদের অনুমোদনহীন জলপথ ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার ও একটি টাগবোটে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আইআরজিসি-র মতে, প্রণালীর দক্ষিণ অংশের একটি পথ অতিক্রম করার চেষ্টা করার সময় একটি ট্যাংকার মাইন বিস্ফোরণের শিকার হয়। অন্যদিকে, হরমুজের পূর্বাঞ্চল দিয়ে বের হয়ে যাওয়ার সময় একটি সুপারট্যাংকারে আগুন ধরে যায়। ওই আগুন নেভাতে এবং সহায়তার উদ্দেশ্যে কাছে এগিয়ে যাওয়া একটি উদ্ধারকারী টাগবোটও পরবর্তীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়।