অনাবৃষ্টি থেকে মুক্তি ও রহমতের পানির কামনায় রাসুলুল্লাহ (সাঃ)-এর সুন্নাহ অনুসরণে কাতারজুড়ে অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইস্তিস্কা।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে লুসাইল ঈদগাহ মাঠে সমবেত হাজারো মুসল্লির সঙ্গে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী এই বিশেষ নামাজ আদায় করেন।
আমীরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানী আমীরের সঙ্গে এই ইস্তিস্কার নামাজে শরিক হন।
এছাড়া শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেমসহ বেশ কয়েকজন মন্ত্রী, শেখ পরিবারের সদস্য, শুরা কাউন্সিলের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ লুসাইলের মাঠে সর্বসাধারণের পাশে বসে নামাজ আদায় করেন।
তওবা, ইস্তিগফার ও পানি অপচয় রোধের আহ্বান
নামাজ ও বিশেষ মোনাজাত শেষে খুতবা প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি।
খুতবায় তিনি সমবেত মুসল্লিদের বিনম্রচিত্তে তওবা করা ও মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, অনাবৃষ্টি বা বৃষ্টিতে বিলম্ব মানুষকে মহান সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা মনে করিয়ে দেয়। এই সময়ে বেশি বেশি ইস্তিগফার, দান-সদকা ও ভালো কাজ করার পরামর্শ দেন তিনি।
পাশাপাশি, পানিকে মহান আল্লাহর এক অশেষ নিয়ামত উল্লেখ করে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা, অপচয় রোধ করা এবং নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার জন্য দেশের নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।