সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী।
রবিবার (৮ নভেম্বর) সকাল দশটায় জেদ্দা সুপারডোমে শুরু হওয়া চার দিনব্যাপী এ আয়োজন পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।
এতে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদের পাশাপাশি ৫২০টির বেশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। সম্মেলনে হজ কোটা নির্ধারণ এবং দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পাদিত হবে।
সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করেছে। এটি সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অন্যতম কর্মসূচি। সম্মেলনের লক্ষ্য আগামী হজ মৌসুমের প্রস্তুতি আগেভাগে সম্পন্ন করা, হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা।
পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম হলো- সৌদি আরব সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ২০১৯ সালে সৌদি ভিশন ২০৩০ -এর অংশ হিসেবে চালু করা হয়। এই প্রোগ্রামের মূল লক্ষ্য ও বৈশিষ্ট্য হলো- হজ ও উমরা পালনকারীদের যাত্রা সহজ, আরামদায়ক এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করা।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) জেদ্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে হজ ও উমরা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহকারী উপমন্ত্রী ও মুখপাত্র ড. গাসসান আলনুআইমি বলেন, আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে সরকারি সংস্থা, বিভিন্ন দেশের হজবিষয়ক দপ্তর, সেবাদানকারী প্রতিষ্ঠান, কোম্পানি ও বিশেষজ্ঞরা একত্র হবেন।
তারা হজযাত্রীদের প্রয়োজন চিহ্নিত করা, সেবার মানোন্নয়নে কার্যকর সমাধান খোঁজা, অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রয়োজনীয় আয়োজন ও চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবেন।
এবারের সম্মেলনের বৈজ্ঞানিক কর্মসূচি সাজানো হয়েছে তিনটি প্রধান বিষয়ে- অবকাঠামো ও পরিচালনাসেবা, সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় এবং উন্নয়ন ও টেকসই ব্যবস্থা।
সম্মেলনে থাকবে হজ কাউন্সিল, বিশেষ প্রদর্শনী এবং নতুন উদ্যোগ ও উদ্ভাবনকে উৎসাহিত করার বিভিন্ন কর্মসূচি। এ ছাড়া প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং ফোরাম।’
‘সচেতনতা থেকে সক্ষমতায়’ প্রতিপাদ্যে এ ফোরামের লক্ষ্য হজসংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং দায়িত্ব পালনের প্রস্তুতি আরও উন্নত করা।
এবারের আয়োজন ৬৭ হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে বিস্তৃত। এতে ১৫টির বেশি প্রধান জোন ও কর্মসূচি রয়েছে। বিমান পরিবহন, যাতায়াত, আবাসন, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবা ও উদ্ভাবন তুলে ধরছে। নতুন প্রযুক্তি ও স্টার্টআপ উদ্যোগের পাশাপাশি হজযাত্রার বিভিন্ন ধাপ সহজ করার বাস্তবসম্মত সমাধানও প্রদর্শনীতে গুরুত্ব পাবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র গাসসান আলনুআইমি জানান, আগের পাঁচটি সম্মেলনে ১ হাজার ৮৫০টির বেশি সেবাসংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে। এসব আয়োজনে ৩১০টির বেশি অধিবেশন ও ২৫০টি কর্মশালা অনুষ্ঠিত হয়। দর্শনার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৭০ হাজারের বেশি।
তিনি বলেন, সম্মেলনের প্রকৃত সাফল্য শুধু আলোচনা বা সমঝোতা স্মারকে সীমাবদ্ধ নয়; বরং এসব উদ্যোগকে কার্যকর চুক্তি, বাস্তবায়ন পরিকল্পনা ও সেবার উন্নয়নে রূপ দেওয়ার মধ্যেই এর গুরুত্ব।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘মক্কা থেকে বিশ্বে।’ এর মাধ্যমে হজ ও উমরা ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, সেবার উন্নয়ন এবং প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সৌদি আরবের অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভাগাভাগি করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।