২০২৭ সালে বাংলাদেশের জন্য চুক্তিবদ্ধ ৪০টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বার্ষিক চুক্তির ৬৫ শতাংশ পূরণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
তবে কাতারের পাশাপাশি ওমানসহ অন্যান্য আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকেও এলএনজি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আপাতত আগামী বছরের মার্চ পর্যন্ত এলএনজি আমদানির সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের পুরো বছরের আমদানি পরিকল্পনা এখনই চূড়ান্ত করতে চায় না সরকার। বরং সরবরাহ পরিস্থিতি ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী মার্চ পর্যন্ত এলএনজি সরবরাহের সূচি তৈরির জন্য পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে বাকি সময়ের আমদানি পরিকল্পনা নির্ধারণ করা হবে।
নীতিনির্ধারকদের ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর হরমুজ প্রণালিকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসতে পারে। এ গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক হলে এলএনজিবাহী জাহাজের পরিবহনও বাড়বে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
পেট্রোবাংলার কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা হলে আন্তর্জাতিক এলএনজি সরবরাহ সংকট কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। সে ক্ষেত্রে বিদ্যমান চুক্তির আওতায় অতিরিক্ত এলএনজি কার্গো পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ কারণে পুরো বছরের আমদানি সূচি আগেভাগে নির্ধারণ না করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখতে চায় সরকার।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক এলএনজি সরবরাহব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। সংঘাতের প্রভাবে গ্যাস উৎপাদন ও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হয়। কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান ফোর্স ম্যাজিউর ঘোষণা করায় দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই পরিস্থিতির আগে ২০২৭ সালে প্রায় ১১৫টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা করেছিল বাংলাদেশ। এর মধ্যে অন্তত ১০৩টি কার্গো দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংগ্রহের লক্ষ্য ছিল। তবে চুক্তিবদ্ধ মোট ১২৮টি কার্গোর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৭১টির সরবরাহ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা।
২০২৭ সালে বাংলাদেশের এলএনজি আমদানিতে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা কাতারএনার্জির। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ ৪০টি কার্গোর মধ্যে ২৬টি সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে। অর্থাৎ মোট চুক্তির ৬৫ শতাংশ পূরণ করতে পারবে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া কাতারএনার্জির সহযোগী প্রতিষ্ঠান কাতারএনার্জি ট্রেডিং এলএলসি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি পাওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ২৪টি কার্গোর চুক্তি থাকলেও ২০২৭ সালে ১৮টি সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে। এটি মোট চুক্তির ৭৫ শতাংশ।
দুই প্রতিষ্ঠান মিলিয়ে আগামী বছর কাতারের কাছ থেকে মোট ৪৪টি এলএনজি কার্গো পেতে পারে বাংলাদেশ। তবে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটায় কাতারএনার্জি ফোর্স ম্যাজিউর ঘোষণা করেছে। ফলে চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণ এলএনজি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে, ওমানের রাষ্ট্রায়ত্ত এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিংয়ের (ওকিউটি) কাছ থেকে ২০২৭ সালে ৩২টি কার্গো পাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কোনো কার্গোর সরবরাহ নিশ্চিত হয়নি। বরং চুক্তির অর্ধেক, অর্থাৎ ১৬টি কার্গো সরবরাহের প্রস্তাব দিয়েছে ওকিউটি।
ওকিউটির প্রস্তাবে এলএনজির মূল্য নির্ধারণ পদ্ধতি পরিবর্তনের বিষয়টিও রয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের দামের সঙ্গে সম্পর্কিত মূল্য নির্ধারণ পদ্ধতির পরিবর্তে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচক অনুসারে দাম নির্ধারণ করতে চায় প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম জেকেএম সূচকের চেয়ে ০.০৪ ডলার কম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে ওকিউটির এ প্রস্তাবে সম্মতি দেয়নি পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটিকে বিদ্যমান চুক্তির শর্ত অনুযায়ী এলএনজি সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত মার্চে সরবরাহ সংকট শুরুর পর থেকেই ফোর্স ম্যাজিউর ঘোষণা দিয়ে এলএনজি সরবরাহ বন্ধ রেখেছে ওকিউটি।
কাতার ও ওমানের বাইরে অন্যান্য আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকেও এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এর অংশ হিসেবে সুইজারল্যান্ডভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে ২০২৭ সালে ছয়টি কার্গো পাওয়ার কথা রয়েছে।
২০২৬ থেকে ২০৩৮ সালের মধ্যে মোট ১১৭টি এলএনজি কার্গো সরবরাহের লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে ১৩ বছর মেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ।
চুক্তির প্রথম পর্যায়ে ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে জেকেএম সূচকভিত্তিক মোট ১৪টি কার্গো সরবরাহ করবে গানভর। এর মধ্যে ২০২৬ সালে পাঁচটি, ২০২৭ সালে ছয়টি এবং ২০২৮ সালে তিনটি কার্গো পাওয়ার কথা রয়েছে।
২০২৭ সালে সরবরাহের জন্য নির্ধারিত ছয়টি কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএম সূচকের সঙ্গে অতিরিক্ত ০.০৮৭৫ ডলার যোগ করে নির্ধারণ করা হয়েছে।
চুক্তির অবশিষ্ট ১০৩টি কার্গো ২০২৮ থেকে ২০৩৮ সালের মধ্যে সরবরাহ করা হবে। এসব কার্গোর মূল্য নির্ধারণে যুক্তরাষ্ট্রের হেনরি হাব সূচকের ১২১ শতাংশের সঙ্গে ৫.২০ ডলার যোগ করার শর্ত রাখা হয়েছে।
এদিকে, ফ্রান্সভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান টোটালএনার্জিসের কাছ থেকে ২০২৭ সালে ১২টি এলএনজি কার্গো পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত মোট ১৮টি কার্গো সরবরাহের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে সম্প্রতি স্বল্পমেয়াদি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম হবে জেকেএম সূচকের সঙ্গে অতিরিক্ত ০.০৬ ডলার যোগ করে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেলেরেট গ্যাসের কাছ থেকে ২০২৭ সালে ১৪টি কার্গো পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত নয়টি কার্গোর সরবরাহ নিশ্চিত হয়েছে।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিটি এলএনজি কার্গো থেকে প্রায় ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।
দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে গ্যাস কেনার ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে। স্পট মার্কেটে তুলনামূলক বেশি দামে এলএনজি কিনতে হওয়ায় দেশের আমদানি ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সরকারের জ্বালানি খাতের ভর্তুকি ব্যয়ের ওপর।
জ্বালানি খাতের সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি হিসেবে সরকারের ব্যয় হয়েছে ১০ হাজার ৩০০ কোটি টাকা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং সরবরাহ সংকটের মধ্যে দেশের গ্যাসের চাহিদা পূরণ করতে গিয়ে সরকারকে এই বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। দীর্ঘমেয়াদি চুক্তির সরবরাহ স্বাভাবিক না হলে স্পট মার্কেটনির্ভরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে আপাতত আগামী বছরের মার্চ পর্যন্ত এলএনজি আমদানির সূচি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক জ্বালানি বাজারের গতিপ্রকৃতি এবং সরবরাহকারীদের প্রতিশ্রুতি পর্যালোচনা করে পরবর্তী আমদানি পরিকল্পনা নির্ধারণ করতে পারবে পেট্রোবাংলা।