কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-উতরুজা ওয়াকফ’ (Al-Utruja Endowment)-এর সহায়তায় বর্তমানে দেশের বিভিন্ন কোরআন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
দীর্ঘমেয়াদি ও টেকসই কোরআনি ওয়াকফের একটি সফল দৃষ্টান্ত হিসেবে প্রকল্পটি দেশজুড়ে দ্বীনি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওকাফ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত দেশজুড়ে মোট ১৭৬টি কেন্দ্র ও কোরআন শিক্ষাপ্রতিষ্ঠানে দেড় হাজারেরও বেশি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন।
দীর্ঘমেয়াদি অর্থায়ন ও আবাসন প্রকল্প
আওকাফ মন্ত্রণালয়ের ধর্মপ্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা বলেন, আল-উতরুজা ওয়াকফ হলো এমন একটি অনন্য প্রকল্প, যেখানে একদিকে ওয়াকফকৃত সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়, অন্যদিকে সেখান থেকে অর্জিত আয় পবিত্র কোরআনের বহুমুখী সেবায় ব্যয় করা হয়। এর ফলে কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর জন্য একটি স্থায়ী ও নিশ্চিত অর্থায়ন ব্যবস্থা গড়ে উঠেছে, যা প্রতিষ্ঠানগুলোর পরিধি বাড়াতে সহায়তা করছে।
তিনি জানান, এই ওয়াকফের নিজস্ব অর্থায়নে নির্মিত ১১২টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট একটি আধুনিক আবাসন প্রকল্প ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই প্রকল্প থেকে প্রতি মাসে নিয়মিত আয় আসে, যা সরাসরি কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়।
কোরআন শিক্ষায় নারী শিক্ষার্থীদের বিশেষ অগ্রগতি
ড. আবু শুরাইদা জানান, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী আল-উতরুজার কোরআন শিক্ষাকেন্দ্রগুলোতে নারী শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ১৩১ জন। কোরআন শিক্ষার প্রতি নারীদের এই ক্রমবর্ধমান আগ্রহ ও অংশগ্রহণ কেবল তাদের দ্বীনি জ্ঞানই বাড়াচ্ছে না; বরং একটি আদর্শ পরিবার গঠন এবং সমাজে ইসলামী পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করছে।
সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ ও নতুন ডিজিটাল সেবা
সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য আল-উতরুজা ওয়াকফে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। সাধারণ নাগরিক ও প্রবাসীরা ১ হাজার কাতারি রিয়াল (QR) অথবা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ অনুদান দিয়ে এই কল্যাণমূলক কাজে অংশ নিতে পারেন। পাশাপাশি, এই ওয়াকফ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেও যেকেউ এতে অবদান রাখতে পারেন।
এদিকে, ওয়াকফের কার্যক্রম আরও গতিশীল করতে আওকাফ অধিদপ্তর তাদের দাপ্তরিক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে একটি নতুন ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ওয়াকফের অধীন ভাড়ার জন্য খালি থাকা স্থাবর সম্পত্তির ইউনিটগুলো অনলাইনে অনায়াসে খুঁজে দেখতে এবং ভাড়ার জন্য আবেদন করতে পারবেন।
বক্তব্যের শেষে ড. আবু শুরাইদা এই ওয়াকফের সাথে জড়িত সকল প্রতিষ্ঠাতা, দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।