লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগানে বসে মাদক সেবন করার সময় বাধা দেওয়ায় সহোদরকে কুপিয়েছে মাদকাসক্তরা। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক দুই যুবককে রোববার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আদালতে পাঠানো হয়।
থানা পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) দুপুরে রায়পুর পৌরসভার মধুপুর মিঝি বাড়ির এলাকায় সুপারির বাগানে কসমেটিকস ব্যবসায়ী রিয়াজ ভূঁইয়া ও সহোদর কাতার প্রবাসী রাকিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীদের মধ্যে মুরাদ হোসেন ও শাওন হোসেনকে ঘটনাস্থলে স্থানীয় লোকজন আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রিয়াজ রায়পুর বাজারের কসমেটিকস ব্যবসায়ী ও পৌরসভার মধুপুর এলাকার বাসিন্দা। রাকিব তার ভাই। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত জখম করার চিহ্ন রয়েছে।
আটক মুরাদ ও শাওন মধুপুর গ্রামের কসাই বাড়ির আক্তার হোসেনের ছেলে। এজাহারভুক্ত অন্যরা হলেন- সাগর হোসেন, তারেক হোসেন, রকি হোসেন। তারা মধুপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাস্থল বাগানটি বাদী রিয়াজদের। অভিযুক্তরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের সঙ্গে জড়িত। সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করার সময় রিয়াজ ও তার ভাই ঘটনাস্থল গিয়ে দেখেন অভিযুক্তরা মাদক সেবন করছে।
এসময় তাদেরকে ঘটনাস্থল থেকে চলে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে মাদকাসক্ত মুরাদ ফোন কলে খবর দিয়ে সহযোগীদের ঘটনাস্থল আনে। তাদের কাছে দা-ছেনিসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। পরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তারা এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে রিয়াজ, রাকিবকে জখম করে।
চিকিৎসাধীন রিয়াজ ভূঁইয়া বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় আমাদেরকে কুপিয়েছে ও পিটিয়েছে। তারা হত্যার উদ্দেশে এ হামলা চালিয়েছে। হামলাকারীরা এলাকার চিহ্নিত।
রায়পুর বাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও রিয়াজের ভগ্নিপতি ইব্রাহিম খান বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ন্যাক্কারজনক এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে রিয়াজ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহের আলী জানান, গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।