সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৭ নভেম্বর) ভোর ৩টার দিকে জেদ্দা-মদিনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন জিয়াউর রহমান (স্টোরকিপার), তার দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফটচালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী মেয়ে। তবে নিহতদের সবার পরিচয় ও সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, নিহতদের মধ্যে দুজনের মরদেহ আল খোলাইজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহত ও নিহত ব্যক্তিদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত শেষে জিয়াউর রহমান, আলমশাহ ও ইলিয়াস তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটি মাইক্রোবাসে জেদ্দার উদ্দেশে রওনা হন। পথে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট সঙ্কটে ভোগান্তিতে ২৩ হাজার সৌদি প্রবাসী
নিহত ব্যক্তিরা সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন আল আবির কোল্ড স্টোর অ্যান্ড ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন। আহত ও নিহত ব্যক্তিরা বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া, চকরিয়া ও টেকনাফ এলাকার বাসিন্দা।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। কনস্যুলেটের পক্ষ থেকে নিহত ও আহত ব্যক্তিদের বিষয়ে সব ধরনের সহযোগিতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কোম্পানির চেয়ারম্যান ইউসুফ দোভাষী তার থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
| বিনা খরচে ওমরাহর সুযোগ, আবেদন করবেন যেভাবে |