ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে কাতার। তবে পরিস্থিতির আরও অবনতি হলে কূটনৈতিক উদ্যোগ বাধাগ্রস্ত হবে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছে দেশটি। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে দোহা।
মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মুহাম্মদ আল আনসারি।
তিনি বলেন, কাতার আশাবাদী, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে পারবে। তবে দুই দেশের মধ্যে ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি কোনো পক্ষের স্বার্থ রক্ষা করছে না। বরং এর প্রভাব পড়ছে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতিতে।
আল আনসারি জানান, মধ্যস্থতার অংশ হিসেবে মঙ্গলবার ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কাতার। দুই পক্ষের অবস্থানের ব্যবধান কমিয়ে আনতে দোহা কাজ করে যাচ্ছে। আগের যোগাযোগের ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘যেকোনো উত্তেজনা বৃদ্ধি মধ্যস্থতার প্রচেষ্টার জন্য একটি প্রতিবন্ধকতা।’ সব পক্ষকে সংযম দেখানোর এবং উত্তেজনা বাড়াতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার সময় এ ধরনের ঘটনা আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে।
আল আনসারি আরও বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর আশা এখনো রয়েছে। এ জন্য আলোচনার পরিবেশ বজায় রাখা জরুরি। দীর্ঘস্থায়ী যুদ্ধ কিংবা শান্তি প্রতিষ্ঠা না হওয়ার পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ এগিয়ে নেওয়া এবং মতপার্থক্য কমাতে কাতার তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
