কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপ-শাসক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ান।
গতকাল সোমবার দোহার আমিরি দিওয়ানে অনুষ্ঠিত এই বৈঠকে শেখ তাহনুনের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের আমিরাতি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বৈঠকের শুরুতে শেখ তাহনুন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের পক্ষ থেকে কাতারের আমিরের প্রতি শুভেচ্ছা জানান এবং কাতারি জনগণের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

জবাবে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি আমিরাতের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং আমিরাতি জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানান।
আলোচনায় কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি, আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফিসহ বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অন্যদিকে আমিরাতি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আদালতের উন্নয়ন ও শহীদ বিষয়ক ডেপুটি চেয়ারম্যান শেখ থিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, বিনিয়োগমন্ত্রী মোহাম্মদ হাসান আল-সুওয়াইদিসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।