ব্যক্তিগত গ্রাহক ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবার খরচ আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে নতুন নির্দেশিকা জারি করেছে কাতার সেন্ট্রাল ব্যাংক।
‘গাইড অন ব্যাংক কমিশন অ্যান্ড ফি সিলিংস কালেক্টেড ফ্রম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড মাইক্রো-এন্টারপ্রাইজেস’ শীর্ষক এই নির্দেশিকাটি দেশের তৃতীয় আর্থিক খাত কৌশলের সাথে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো গ্রাহকের অধিকার রক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি প্রসার এবং ব্যাংকিং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা।
নতুন এই নির্দেশিকার মাধ্যমে ব্যাংকগুলো ব্যক্তি ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন সেবার বিপরীতে যে ফি ও কমিশন আদায় করতে পারবে, তার একটি সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বর্তমান বাজার চাহিদা ও গ্রাহকদের প্রকৃত প্রয়োজনের কথা মাথায় রেখে এই নীতিমালা তৈরি করা হয়েছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক ভূমিকা আরও শক্তিশালী করবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দক্ষতার সাথে টেকসই সেবা প্রদানে সহায়তা করবে।
এই নির্দেশিকার আওতায় ব্যাংকিং সেবাগুলোকে মূলত পাঁচটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে:
আমানত ও হিসাব: বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা ও আমানত সংক্রান্ত সেবার ফি নির্ধারণ।
ডেবিট ও ক্রেডিট কার্ড: ন্যাপস (NAPS), হিমিয়ান (Himyan) ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহারের সুনির্দিষ্ট চার্জ।
ঋণ সুবিধা: ঋণ প্রদান ও আনুষঙ্গিক প্রক্রিয়াগত ফি।
তহবিল স্থানান্তর: দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেন বা ট্রান্সফার চার্জ।
চেক: চেক বই ইস্যু এবং চেক লেনদেন সংক্রান্ত ব্যাংক কমিশন।
কাতার সেন্ট্রাল ব্যাংকের এই যুগোপযোগী পদক্ষেপ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার পথে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।
