১৭ নভেম্বর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করলেন কাতারি রাষ্ট্রদূত

প্রকাশ: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করলেন কাতারি রাষ্ট্রদূত

দোহায় একটি সম্মেলনে যোগদানের জন্য কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির এক‌টি আমন্ত্রণপত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কা‌ছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল-কাহতানি। রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান অব্যবহৃত সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশের আগ্রহের ওপরও জোর দেন।

রাষ্ট্রদূত কাতারের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও মর্যাদাপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কাতার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে দেশটির সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানান।

৪টি ফ্লাইট দিয়ে চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

প্রকাশ: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
৪টি ফ্লাইট দিয়ে চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড বা তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু হবে।

আপাতত দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। এ ফ্লাইটগুলো নিয়মিত চলার পাশাপাশি ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী এ কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।

নির্ধারিত সময়ে টার্মিনাল-৩ এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সচল করার কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যান্য কাজও চলমান থাকবে। এরপর আগামী মার্চে টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় টার্মিনাল চালুর লক্ষ্যে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু করা, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।

প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করলেন কাতারি রাষ্ট্রদূত

প্রকাশ: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করলেন কাতারি রাষ্ট্রদূত

দোহায় একটি সম্মেলনে যোগদানের জন্য কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির এক‌টি আমন্ত্রণপত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কা‌ছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল-কাহতানি। রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান অব্যবহৃত সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশের আগ্রহের ওপরও জোর দেন।

রাষ্ট্রদূত কাতারের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও মর্যাদাপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কাতার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে দেশটির সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান

প্রকাশ: রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। এ তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি স্থান পেয়েছেন দেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন।

প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’ তালিকার রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দলটি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।

নির্বাচনের পর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে তালিকার রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এ তালিকায় স্থান পেয়ে আসছেন।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়।

তালিকা প্রকাশের নিয়ম অনুযায়ী, শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। অন্যদিকে বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রমে না রেখে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

বাংলাদেশি হিসেবে আপনার উপর দেশের ঋণ কত ডলার জানেন?

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশি হিসেবে আপনার উপর দেশের ঋণ কত ডলার জানেন?

বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। জনসংখ্যার ভিত্তিতে হিসাব করলে মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৬৪৬ ডলার। আগের বছরের তুলনায় দেশের মোট বৈদেশিক ঋণ বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ।

গত ৫ নভেম্বর প্রকাশিত বিশ্বব্যাংকের ‘আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রায় তিন গুণ হয়েছে। ২০১৫ সালে এই ঋণের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

দেশটির ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার ভিত্তিতে মোট বৈদেশিক ঋণ ভাগ করে মাথাপিছু ৬৪৬ ডলারের হিসাব পাওয়া গেছে। তবে এর অর্থ এই নয় যে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগতভাবে এই পরিমাণ ঋণ রয়েছে। এটি দেশের মোট বৈদেশিক দায়ের একটি গড় হিসাব।

২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের মধ্যে সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণ ছিল ৮৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। এ ছাড়া বেসরকারি খাতের অ-গ্যারান্টিযুক্ত ঋণ ছিল ৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার এবং স্বল্পমেয়াদি ঋণ ১৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণের মধ্যে বহুপাক্ষিক ঋণদাতাদের পাওনা ৫১ দশমিক ১৪ বিলিয়ন ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো প্রতিষ্ঠান রয়েছে। দ্বিপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ ৩২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এ ছাড়া বেসরকারি ঋণদাতাদের পাওনা ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

বহুপাক্ষিক ঋণদাতাদের মধ্যে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) পাওনা সবচেয়ে বেশি, ২২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। এডিবির পাওনা ১৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার এবং অন্যান্য বহুপাক্ষিক ঋণদাতার পাওনা ১০ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

দ্বিপাক্ষিক ঋণদাতাদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় পাওনাদার জাপান। দেশটির কাছে বাংলাদেশের ঋণ ১২ দশমিক ৭২ বিলিয়ন ডলার। এরপর রয়েছে রাশিয়া, যার পাওনা ৯ দশমিক ০২ বিলিয়ন ডলার। অন্যান্য দ্বিপাক্ষিক ঋণদাতার কাছে বাংলাদেশের ঋণ ১০ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ মোট রপ্তানি আয়ের ২১০ শতাংশে দাঁড়িয়েছে। ২০১৫ সালের তুলনায় এই হার বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। একই সময়ে মোট জাতীয় আয়ের (জিএনআই) তুলনায় বৈদেশিক ঋণের অনুপাত ৫ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৪ শতাংশ হয়েছে।

তবে ঋণ পরিশোধের ক্ষেত্রে কয়েকটি সূচকে কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে। রপ্তানি আয়ের তুলনায় ঋণ পরিশোধের অনুপাত ৩ দশমিক ১ শতাংশ কমে ১৬ শতাংশে নেমেছে। অন্যদিকে মোট জাতীয় আয়ের বিপরীতে ঋণ পরিশোধের হার ৩ দশমিক ৮ শতাংশ কমে ২ শতাংশ হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

দক্ষিণ এশিয়ার গড়ের চেয়ে বেশি বাংলাদেশের মাথাপিছু ঋণ

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৯৫৫ বিলিয়ন ডলার। এসব দেশের মোট জনসংখ্যা ১৬৯ কোটি ২০ লাখ ধরে হিসাব করলে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৬৪ ডলার। সে হিসাবে বাংলাদেশের মাথাপিছু ঋণ আঞ্চলিক গড়ের চেয়ে বেশি।

এই হিসাবের আওতায় রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দেশগুলোর সম্মিলিত বৈদেশিক ঋণ বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মোট জাতীয় আয়ের ২১ শতাংশের সমান ছিল তাদের সম্মিলিত বৈদেশিক ঋণ। আর রপ্তানি আয়ের ১০ শতাংশ ব্যয় হয়েছে ঋণ পরিশোধে।

দেশগুলোর মধ্যে বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ ভারত ও নেপালের চেয়ে বেশি। ভারতে এই পরিমাণ প্রায় ৫২২ ডলার এবং নেপালে ৪০১ ডলার। তবে শ্রীলঙ্কায় মাথাপিছু ঋণ প্রায় ২ হাজার ৬৪৫ ডলার, ভুটানে ৪ হাজার ২১৮ ডলার এবং মালদ্বীপে ৮ হাজার ৯৫৭ ডলার।

আঞ্চলিক মোট বৈদেশিক ঋণের সবচেয়ে বড় অংশ ভারতের। দেশটির ঋণের পরিমাণ ৭৬৩ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এরপর রয়েছে বাংলাদেশ, ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কা, ৫৭ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।

প্রতিবেদনে পাকিস্তানকে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালে দেশটির মোট বৈদেশিক ঋণ ছিল ১৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলার। ২৫ কোটি ৫২ লাখ জনসংখ্যার ভিত্তিতে দেশটির মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৫২৯ ডলার।

একই আঞ্চলিক শ্রেণিতে থাকা আফগানিস্তানের বৈদেশিক ঋণ ছিল ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি। দেশটির নিবন্ধিত জনসংখ্যা ৪ কোটি ৩৮ লাখ।

উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক ঋণ ছাড়াল ৯ লাখ ৪০ হাজার কোটি ডলার

বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২৫ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মোট বৈদেশিক ঋণ ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২১ সালের পর এটিই এক বছরে ঋণ বৃদ্ধির সর্বোচ্চ হার।

এ সময়ে এসব দেশ ঋণের আসল ও সুদ বাবদ মোট ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পরিশোধ করেছে। টানা পাঁচ বছর ধরে ঋণ পরিশোধের ব্যয় বাড়ার ধারাবাহিকতা বজায় রয়েছে।

বিশ্বব্যাংক গ্রুপের প্রধান পরিসংখ্যানবিদ ও উন্নয়ন তথ্য বিভাগের পরিচালক হাইশান ফু বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বেসরকারি খাতের ঋণপ্রবাহ ফিরে আসা ইতিবাচক। তবে এসব দেশকে একদিকে বেশি ঋণ নিতে হচ্ছে, অন্যদিকে পরিশোধও করতে হচ্ছে বেশি। ফলে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য পর্যাপ্ত সম্পদ অবশিষ্ট থাকছে না।

বিশ্বব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার যোগ্য দেশগুলোর ঋণের বোঝা আরও দ্রুত বেড়েছে। ২০২৫ সালে এসব দেশের বৈদেশিক ঋণ ৮ দশমিক ১ শতাংশ বেড়ে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

শাহজালালে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য আটক

প্রকাশ: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
শাহজালালে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বাড়ছে। এ ধরনের চোরাচালানের মাধ্যমে শুল্ক-কর ফাঁকির ঝুঁকি মোকাবিলায় নজরদারি ও অভিযান জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করেছে সংস্থাটি। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এনবিআর জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তার ব্যাগেজ থেকে কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধও আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে পাওয়া যায় ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস।

প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটক পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই ফ্লাইটে আসা যাত্রী উম্মা হানির ব্যাগেজে পাওয়া যায় ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান। ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।

এনবিআর জানায়, সাম্প্রতিক সময়ে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার ঘটনা চোরাচালানের নতুন ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। প্রতিটি চালানের পরিমাণ তুলনামূলক কম হলেও সম্মিলিতভাবে এসব চালানের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে।