বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মীদের মরদেহ দেশে ফেরত আনতে সরকারি খরচে সহায়তা দিয়ে থাকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর বিদেশ গমনের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
রোববার (১৫ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী রেমিট্যান্স যোদ্ধাদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে মূলত তিনটি ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, প্রথমত, নিয়োগের শর্ত অনুযায়ী নিয়োগকর্তার অধীনে কর্মরত অবস্থায় কোনো কর্মী মৃত্যুবরণ করলে নিয়োগকর্তার অর্থায়নে তার মরদেহ দেশে পাঠানো হয়।
দ্বিতীয়ত, বিএমইটির (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বৈধভাবে বিদেশে যাওয়া কোনো কর্মী মৃত্যুবরণ করলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে সরকারি খরচে তার মরদেহ দেশে আনা হয়।
লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ আর্থিক সহায়তা প্রদান:
মৃত সকল প্রবাসী কর্মীর লাশ দেশে আসার পর মৃতের পরিবারকে বিমানবন্দর হতে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকার চেক প্রদান করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র:
লাশ পরিবহন ও দাফন বাবদ চেক প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক পরিবারের ওয়ারিশ সনদ।
এক্ষেত্রে ওয়েবসাইটে www.wewb.gov.bd প্রদত্ত নমুনাকপি অনুসরণযোগ্য;
ওয়ারিশ সনদে উল্লিখিত পরিবার কর্তৃক মনোনীত ব্যক্তির ১ কপি ছবি।
ওয়ারিশ সনদে উল্লিখিত পরিবার কর্তৃক মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ফটোকপি।
যার নামে চেক প্রদান করা হবে তিনি ব্যতিত অন্য কোনো ব্যক্তি চেক গ্রহণকারী হলে তাঁরও ১ কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ফটোকপি।
শর্তাবলী:
ওয়ারিশ সনদে উল্লিখিত মনোনীত পরিবারের সদস্যর নামে চেক প্রদান করা হবে।
মৃত কর্মী বিবাহিত হলে চেক প্রদানের ক্ষেত্রে মৃতের স্ত্রী/স্বামী/সন্তান/পিতা/মাতা ক্ষেত্রমতে বৈধ ওয়ারিশ চেক পাবেন।
লাশ দেশে আসার ০৩ (তিন) মাসের মধ্যে কোনো কারণে মৃতের পরিবার চেক গ্রহণ করতে ব্যর্থ হলে উক্ত সময়ের পরে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হবে না।