সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আইনগত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে তুরস্ক। শনিবার দেশটির সরকারি গেজেটে এ সংক্রান্ত আইন প্রকাশের মধ্য দিয়ে অনুমোদন প্রক্রিয়া শেষ হয়।
গত ১৩ নভেম্বর তারিখে জারি করা আইনটি গেজেটে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন পায়।
গত ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
চুক্তির মূল লক্ষ্য তিন দেশের মধ্যে সামরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদার করা। এর মাধ্যমে পারস্পরিক নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।
এদিকে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তবে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যৌথ কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সচিবালয়ে অনুমোদনের চূড়ান্ত দলিল জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তথ্যসূত্র : আল-জাজিরা