প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা তুলে ধরার প্রত্যয়ে কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুই পর্বের আয়োজনে ছিল ইতিহাসভিত্তিক আলোচনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে সকালে প্রথম পর্বের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। কোরআন থেকে তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসির। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় বাংলাদেশ স্কুল মিলনায়তনে শুরু হয় দ্বিতীয় পর্ব। এতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ। মুখ্য আলোচক ছিলেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য ও গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গভর্নিং বডির সদস্য এ কে এম আমিনুল হক, গভর্নিং বডির সদস্য মো. মাহমুদুল হাসান, অভিভাবক-শিক্ষক সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবু সাঈদসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
আলোচনা সভায় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ ও মুখ্য আলোচক অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। এছাড়া বক্তব্য রাখেন আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ, কমিউনিটি ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রাশেদ চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আবু শামা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফিয়া আনজুম ও একাদশ শ্রেণির শিক্ষার্থী রেজোয়ান।
বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, সিপাহী-জনতার সম্মিলিত ভূমিকা এবং জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, সেদিনের সিপাহী-জনতার বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে আনার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনৈতিক ধারার সূচনা ঘটে বলে বক্তারা উল্লেখ করেন। তাঁদের মতে, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঐতিহাসিক এই দিবসের বিশেষ গুরুত্ব রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক পরিবেশিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথিরা।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় সংগীত, নৃত্য ও গানে প্রাণবন্ত হয়ে ওঠে মিলনায়তন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদ। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি পুরো আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা।
বাংলাদেশ স্কুলের বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিনের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে উপভোগ্য ও স্মরণীয়।
প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি এবং জাতীয় চেতনা, ঐক্য ও দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি তাৎপর্যপূর্ণ প্রয়াস হিসেবে প্রতিফলিত হয়।
