কাতারে চলমান শেখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি পবিত্র কুরআন প্রতিযোগিতার ‘আউয়াল আল-আওয়ায়েল’ বা ‘সেরাদের সেরা’ পর্বের ফাইনালে উঠেছেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণ উসামা মাওলানা মুহাম্মদ। বাংলাদেশের সিলেট জেলায় শাহপরান থানায় খাদিমপাড়া এলাকায় তাঁর বাড়ি। উসামার বাবা মাওলানা শিহাবুদ্দীন কয়েক বছর বছর আগে কাতারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি কাতারে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
এ বছরের প্রতিযোগিতায় গতকাল ঘোষিত আয়োজক কমিটির ঘোষিত চূড়ান্ত ১০ প্রতিযোগীর তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন উসামা।
এবারের প্রতিযোগিতায় বিজয়ীর জন্য রয়েছে ১০ লাখ কাতারি রিয়াল পুরস্কার। আগামী বৃহস্পতিবার, ১৯ নভেম্বর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। উসামার নতুন সাফল্যের প্রত্যাশায় অপেক্ষা করছেন কাতারের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।
১৪ বছর বয়সেই প্রথম হওয়ার অর্জন
উসামার জন্য কাতারের পবিত্র কুরআনের প্রতিযোগিতায় সাফল্য নতুন নয়। ২০২২ সালে মাত্র ১৪ বছর বয়সে শেখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি পবিত্র কুরআন প্রতিযোগিতার তিনটি শাখার একটিতে প্রথম হয়েছিলেন তিনি। সেসময় তিনি পেয়েছিলেন ১ লাখ রিয়াল পুরস্কার।
আধুনিক কাতারের প্রতিষ্ঠাতা শেখ জাসেম বিন মুহাম্মদ আল থানির নামে প্রতিবছর সরকারি উদ্যোগে জাতীয় পর্যায়ে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আগের সেই অর্জনের পর এবার ‘সেরাদের সেরা’ পর্বের ফাইনালে জায়গা করে নিয়েছেন উসামা। তবে চূড়ান্ত বিজয়ী এখনো ঘোষণা করা হয়নি; এবার শীর্ষ পুরস্কার কার হাতে উঠবে, তা জানা যাবে ১৯ নভেম্বর।
ফাইনালে পাঁচ দেশের প্রতিনিধিত্ব
চূড়ান্ত পর্বে বাংলাদেশের পাশাপাশি মিসর, লিবিয়া, নাইজার ও চাদের প্রতিযোগীরা জায়গা পেয়েছেন। আয়োজক কমিটি মোট ১০ জনের নাম ঘোষণা করেছে। ফাইনালে সবচেয়ে বেশি প্রতিযোগী রয়েছেন লিবিয়ার—চারজন। মিসরের রয়েছেন তিনজন। বাংলাদেশ, নাইজার ও চাদ থেকে একজন করে প্রতিযোগী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছেন।
এই তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন উসামা। ২০২২ সালের বিভাগীয় সাফল্যের পর তাঁর এবারের সেরা দশে জায়গা পাওয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।
চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া ১০ প্রতিযোগী
আয়োজক কমিটির ঘোষিত তালিকায় রয়েছেন:
- আহমদ ইউসরি মুহাম্মদ: মিসর।
- আহমদ মুহাম্মদ সালেহ: মিসর।
- আহমদ হুসাইন উসমান: লিবিয়া।
- উসামা মাওলানা মুহাম্মদ: বাংলাদেশ।
- জামালুদ্দিন আবদুস সালাম: লিবিয়া।
- আবদুল ফাত্তাহ আবদুল হামিদ: মিসর।
- উবায়দুল্লাহ বুবকর আঙ্গু: নাইজার।
- আবদুর রহমান আবদুল জলিল: লিবিয়া।
- আবদুল হামিদ জুমা: লিবিয়া।
- মুহাম্মদ আদম মুহাম্মদ: চাদ।
উসামা ইতোমধ্যে চূড়ান্ত দশে নিজের জায়গা নিশ্চিত করেছেন। এখন অপেক্ষা ফল ঘোষণার—আগের বিভাগীয় শিরোপার সঙ্গে এবার ১০ লাখ রিয়ালের পুরস্কারও যোগ করতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে তাঁর সাফল্যপ্রত্যাশীরা।