কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে এক উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী বার্নের বার্নেরহফে আয়োজিত এই বৈঠকে উভয় নেতা কাতার ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, গবেষণা ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকের শুরুতে সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন কাতারের আমির ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, আমিরের এই সফর দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও সুদৃঢ় করবে। দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির প্রশংসা করে তিনি সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন।

জবাবে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সুইজারল্যান্ড সফরে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য সুইস প্রেসিডেন্ট, সরকার ও জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
এর আগে আমির বার্নের ফেডারেল প্যালেসে সুইজারল্যান্ডের ফেডারেল অ্যাসেম্বলি পরিদর্শন করেন, যেখানে প্রেসিডেন্ট পারমেলিন তাঁকে স্বাগত জানান। ফেডারেল কাউন্সিল এবং ফেডারেল অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেন, কাতার ও সুইজারল্যান্ডের অংশীদারিত্ব পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত, যা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে রাজনৈতিক সংলাপ এবং বাণিজ্য, বিনিয়োগ ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে ক্রমেই বিকশিত হয়েছে।

ভাষণকালে আমির উভয় দেশের প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর মধ্যে, বিশেষ করে জ্ঞানভিত্তিক অর্থনীতি, জ্বালানি ও স্বাস্থ্যসেবা খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক বৈচিত্র্য এবং স্থায়িত্বের যে কাঠামো প্রদান করে, সুইজারল্যান্ডের সাথে সহযোগিতা সেই লক্ষ্যগুলো অর্জনে সহায়ক হবে।
আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে আমির জোর দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য সংলাপ, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা অপরিহার্য। উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডের মতো অংশীদারদের সাথে মিলে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন তাঁর বক্তব্যে কাতারের আমিরের এই সফরকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন, কারণ এটিই সুইজারল্যান্ডে আমিরের প্রথম রাষ্ট্রীয় সফর। তিনি ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (EFTA) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির ভিত্তিতে অর্থনৈতিক, আর্থিক ও বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।

পাশাপাশি মধ্যস্থতা ও সংঘাত নিরসনে কাতারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ২০২৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে কাজ এগিয়ে নেওয়ার গুরুত্ব উল্লেখ করেন। সুইজারল্যান্ডের সভাপতিত্বকালে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় অংশীদার রাষ্ট্র হিসেবে কাতারের যোগদানকেও তিনি স্বাগত জানান।
বৈঠকে কাতারের পক্ষে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি, আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি, অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারি, জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি আল-থানিসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সুইজারল্যান্ডের পক্ষে ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস, অর্থমন্ত্রী কারিন কেলার-সাটার এবং পরিবেশ, পরিবহন, জ্বালানি ও যোগাযোগমন্ত্রী আলবার্ট রোস্তিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
