Friday, 20 November 2026
গালফ বাংলা

কাতারের সংস্কৃতিমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
কাতারের সংস্কৃতিমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা
টপ স্টোরিজ

দেশ-বিদেশের প্রকাশক, লেখক, সাহিত্যিক, গবেষক ও বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা।

বুধবার (১৮ নভেম্বর)কুয়েতের মিশরেফ এলাকার কুয়েত আন্তর্জাতিক ফেয়ারগ্রাউন্ডের ৫, ৬ ও ৭ নম্বর হলে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর প্রতিনিধি হিসেবে মেলার উদ্বোধন করেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ওমর আল-ওমর।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের সংস্কৃতিমন্ত্রী শেখ আবদুর রহমান বিন হামাদ আল-থানি। এবারের মেলায় কাতার ‘অতিথি রাষ্ট্র’ হিসেবে অংশ নিয়েছে এ ছাড়া কুয়েতের সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিন্তাবিদ ড. খলিফা আল-ওয়াকায়ানকে এবারের বইমেলার ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে মনোনীত করা হয়েছে।

ন্যাশনাল কাউন্সিল ফর কালচার, আর্টস অ্যান্ড লেটার্সের আয়োজনে এবারের বইমেলায় ৩৪টি দেশের ৫৯২টি প্রকাশনা সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় শিশুদের জন্য রয়েছে ৪২ হাজারের বেশি বই। পাশাপাশি ২০২৬ সালে প্রকাশিত ২২ হাজারেরও বেশি নতুন বইসহ সব মিলিয়ে ২ লাখ ৪৮ হাজারের বেশি শিরোনামের বই প্রদর্শিত হচ্ছে।

নতুন বইয়ের সন্ধান, জ্ঞানচর্চা এবং আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে প্রতিদিনই মেলায় ভিড় করছেন বিভিন্ন বয়সী পাঠক ও দর্শনার্থীরা।

এবারের বইমেলায় উপসাগরীয় দেশ কাতারকে ‘সম্মানিত অতিথি দেশ’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্য দিয়ে কুয়েত ও কাতারের ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকরা

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ওমর আল-ওমর বলেন, কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনা দেশের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্ব ও অঙ্গীকারের প্রতিফলন।

রাষ্ট্রীয় নেতৃত্বের এই সহযোগিতা কুয়েতের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সাহিত্য ও সংস্কৃতির পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের যুগেও বইয়ের আবেদন ও গুরুত্ব অপরিসীম। একটি সৃজনশীল, জ্ঞানভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গঠনে সাহিত্য, সংস্কৃতি এবং বইপড়ার অভ্যাসের বিকল্প নেই।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। কারণ বই মানুষের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটায় এবং একটি আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সব মিলিয়ে ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন নয়, বরং দেশ-বিদেশের সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান ও সৃজনশীলতার এক আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

নতুন প্রজন্মের পাঠক তৈরি, প্রকাশনা শিল্পের বিকাশ এবং বিভিন্ন দেশের সাংস্কৃতিক বন্ধন জোরদারে এবারের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র গড়ছে জিসিসি

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র গড়ছে জিসিসি
গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই সংবাদ সম্মেলন করছেন। ফাইল ছবি: এএফপি
টপ স্টোরিজ

ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে সংশয় বাড়ায় সদস্য দেশগুলোর সামরিক সমন্বয় জোরদার করতে নতুন যৌথ অগ্রবর্তী কমান্ড কেন্দ্র গড়ার অনুমোদন দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডেল ইস্ট আই এ খবর জানিয়েছে।

কেন্দ্রটি কুয়েতে নির্মিত হবে। ইরান ও তেহরানপন্থী ইরাকি মিলিশিয়াদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সয়েছে দেশটি। মঙ্গলবার এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি বলেন, কেন্দ্রে উপযুক্ত বাহিনী মোতায়েন করা হবে। তবে এর বাইরে বিস্তারিত জানাননি তিনি।

ছয় উপসাগরীয় দেশের এই জোট ২০০০ সালে যৌথ প্রতিরক্ষা চুক্তি করে। সেখানে বলা হয়, একটি সদস্যের ওপর হামলা সবার ওপর হামলা। তবে জিসিসির আত্মরক্ষার অঙ্গীকার ন্যাটো জোটের মতো অটুট নয়।

জিসিসির যৌথ সামরিক কমান্ড কাঠামোর অভাব পূরণের চেষ্টা হিসেবে এ পদক্ষেপকে দেখা যেতে পারে। বিভিন্ন ফ্রন্ট থেকে সদস্যদের ওপর হামলায় সংগঠনটি সাড়া দিতে ব্যর্থ হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার সময়ও জিসিসি সাড়া দেয়নি। সৌদি আরবে হুথিদের ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়ও সংগঠনটির সাড়া মেলেনি।

কুয়েতে কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত এর বাস্তব কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলতে পারে। উপসাগরের বাঁকে অবস্থানের কারণে যুদ্ধের সময় ইরান ও ইরাকি মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় দেশটি বিশেষভাবে ঝুঁকিতে ছিল।

যুদ্ধের আগে কুয়েতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা ছিল, যা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের চেয়ে বেশি। দেশটিতে ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটি নামে দুটি বড় ঘাঁটি রয়েছে, যেগুলোতে ইরান তীব্র হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্র নিজের ঘাঁটি রক্ষা করতে পারেনি, সেখানে জিসিসি কীভাবে একটি কমান্ড কেন্দ্র রক্ষা করবে, তা স্পষ্ট নয়।

নিরাপত্তার জন্য বাইরের অংশীদারদের দিকে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো। হুথি হামলার মধ্যে সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মক্কা চুক্তি সক্রিয় করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করেছে।

অর্ধশতকের বেশি সময় ধরে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তাদাতা যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের ফলে সেই সম্পর্ক প্রশ্নের মুখে পড়েছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল, কিন্তু তাতে সাড়া মেলেনি। এর জবাবে মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায় ইরান। কিছু উপসাগরীয় বিশ্লেষকের মতে, নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনার উপস্থিতি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

কুয়েতে শিক্ষার্থীদের কাছে গোপনে ই-সিগারেট বিক্রি: ৫ বাংলাদেশী গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
কুয়েতে শিক্ষার্থীদের কাছে গোপনে ই-সিগারেট বিক্রি: ৫ বাংলাদেশী গ্রেপ্তার
টপ স্টোরিজ

কুয়েতের সাদ আল-আবদুল্লাহ এলাকায় স্কুলের শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্ক কিশোরদের কাছে বেআইনিভাবে ই-সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রির অভিযোগে ৫ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ‘অ্যারাব টাইমস’ জানায়, অভিযুক্তরা একটি আবাসিক ভবনে অবৈধ ও অননুমোদিত মুদি দোকান (বাকালা) পরিচালনা করছিলেন। তারা টেলিফোনে ও হোম ডেলিভারি অর্ডারের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে গোপনে ই-সিগারেট সরবরাহ ও বেচাকেনা করতেন।

ওত পেতে হাতেনাতে আটক ও বিপুল পরিমাণ মালামাল জব্দনিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রাথমিক তথ্যের ভিত্তিতে নজরদারি জোরদার করে এবং এক শিক্ষার্থীর কাছে ই-সিগারেট হস্তান্তরের সময় প্রথম অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত বাসস্থানে অভিযান চালিয়ে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে ওই বাসা থেকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়:

ই-সিগারেটের বড় বাক্স: ১৩টি

ই-সিগারেটের ছোট বাক্স: ২৩টি

তামাকপণ্যের ছোট প্যাকেট: ২১৯টি

নগদ অর্থ: বিক্রির ১,৭২২ কুয়েতি দিনার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্র গঠন করে অবৈধভাবে এই ব্যবসা পরিচালনা এবং দায়িত্ব ভাগ করে পণ্য বিক্রির কথা স্বীকার করেছেন। আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবাসীদের জন্য কুয়েত প্রশাসনের বার্তা ও সতর্কতাকুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, অপ্রাপ্তবয়স্ক ও তরুণ প্রজন্মের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ বাণিজ্যিক কার্যকলাপ বন্ধে আইন প্রয়োগকারী সংস্থার এমন অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

উপসাগরীয় দেশগুলোতে অবৈধ ব্যবসা পরিচালনা, লাইসেন্সহীন বাকালা চালানো এবং স্কুলগামী শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বা মাদকদ্রব্য বিক্রি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। সামান্য আর্থিক প্রলোভনে পড়ে এ জাতীয় আইনি জটিলতায় না জড়াতে এবং প্রবাস জীবনের ভবিষ্যৎ ঝুঁকিতে না ফেলতে প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হচ্ছে।

(তথ্যসূত্র: কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় / Arab Times)

কুয়েতে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে নৃশংসভাবে হত্যা: বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
কুয়েতে পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে নৃশংসভাবে হত্যা: বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড
টপ স্টোরিজ

বিরোধের জেরে বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত।

কুয়েতের পাবলিক প্রসিকিউশনের তথ্যের বরাতে আজ বুধবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল দেশটির আদালত এ রায় দেন।

ওই ব্যক্তিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

কৌঁসুলিরা জানান, নিহত ব্যক্তি আসামির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন এবং বারবার অনুরোধ করা সত্ত্বেও সেগুলো ডিলিট করতে অস্বীকৃতি জানান।

আসামি আদালতকে জানান, তার বন্ধু তার স্ত্রীর সম্মতি ছাড়াই তাদের বাড়িতে বেড়াতে গিয়ে ছবিগুলো তুলেছিলেন।

তার স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার পর তিনি বন্ধুকে বারবার ছবিগুলো ডিলিট করার অনুরোধ করেন।

আসামি বলেন, তার বন্ধু আগের ছবিগুলোও ডিলিট করেননি, বরং পরে আরও ছবি পোস্ট করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার টানপোড়েন বেড়ে যায়।

তিনি আদালতকে বলেন, এই বিরোধের জেরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন।

কৌঁসুলিরা জানান, আসামি একটি ছুরি দিয়ে হত্যার পরিকল্পনা করেন এবং তার বন্ধু কর্মস্থলের ভেতরে আছেন নিশ্চিত হওয়ার পর বাইরে কাছাকাছি জায়গায় অপেক্ষা করতে থাকেন।

ভুক্তভোগী বাইরে বেরিয়ে এলে আসামি তার ওপর হামলা চালান এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বারবার ছুরিকাঘাত করেন।

আদালতের কার্যক্রম চলাকালে আসামি অভিযোগ স্বীকার করে নেন।

নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ

প্রকাশ: সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
নিয়মিত বেতন পরিশোধ না করায় কুয়েতে ৮৮৪৯ কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ
টপ স্টোরিজ

কর্মীদের নিয়মিত বেতন পরিশোধ না করাসহ বিভিন্ন আর্থিক জটিলতায় জড়িত থাকার দায়ে পাঁচ বা ততোধিক শ্রমিক রয়েছে—এমন ৮ হাজার ৮৪৯টি প্রতিষ্ঠানের ফাইল আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করেছে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (প্যাম)।

একই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত থাকা ৩৯ হাজার ৫৫৯টি প্রতিষ্ঠান সরকারি নীতিমালা মেনে সময়মতো বেতন পরিশোধ করায় সেগুলোকে নিয়মনিষ্ঠ বা কমপ্লায়েন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের বরাতে জানা যায়, প্যামের ডিজিটাল মজুরি পর্যবেক্ষণ বা ওয়েজ-পেমেন্ট মনিটরিং সিস্টেমে বর্তমানে সর্বমোট নিবন্ধিত ফাইলের সংখ্যা ১ লাখ ২৫২টি। এর মধ্যে পাঁচজনের কম কর্মী রয়েছে এমন ক্ষুদ্র ব্যবসা বা নিয়োগকর্তাদের ফাইলের সংখ্যা ৫১ হাজার ৮৪৪টি।

অন্যদিকে পাঁচ বা তার বেশি কর্মী রয়েছে এমন মাঝারি ও বৃহৎ প্রতিষ্ঠানের মোট ফাইল সংখ্যা ৪৮ হাজার ৪০৮টি; যার মধ্যে থেকেই ৮ হাজার ৮৪৯টি প্রতিষ্ঠানের ফাইলে বেতন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

এদিকে কর্মীদের বেতন থেকে অর্থ কাটার বিষয়ে কঠোর অবস্থান নিয়ে সর্বোচ্চ ১৩টি সুনির্দিষ্ট ও বৈধ কারণ নির্ধারণ করে দিয়েছে প্যাম।

এগুলোর মধ্যে রয়েছে দেশে বা বিদেশে কাটানো অবৈতনিক ছুটি (আনপেইড লিভ), সন্তান প্রতিপালনের ছুটি (চাইল্ডকেয়ার লিভ), অসুস্থতাজনিত ছুটি (সিক লিভ), আংশিক বেতনভুক্ত ছুটি, সাময়িক বরখাস্ত বা সাসপেনশন, কর্মক্ষেত্র থেকে অনুমতি ছাড়া প্রস্থান, কাজ করতে অস্বীকৃতি জানানো এবং নোটিশ ছাড়া অনুপস্থিতিসহ কর্মীদের পেশাগত মর্যাদাসংক্রান্ত অন্যান্য বৈধ কারণ।

নতুন নীতিমালা অনুযায়ী, কোনো কর্মীর বেতন থেকে অর্থ কর্তন করতে হলে সেই পদক্ষেপের আইনগত যৌক্তিকতা প্রমাণের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক ও বৈধ নথিপত্র কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া কর্মীদের আর্থিক সুরক্ষায় সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়ে প্যাম স্পষ্ট করেছে, কোনো অবস্থাতেই এক মাসে কোনো কর্মীর মূল বেতনের ২৫ শতাংশের বেশি অর্থ কাটা যাবে না। এই সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কর্তনের ক্ষেত্রেও কর্তনের বৈধতা নিশ্চিতকারী সুনির্দিষ্ট নথিপত্র সংযুক্ত করা আবশ্যক।

হরমুজ প্রণালিতে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
হরমুজ প্রণালিতে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা
টপ স্টোরিজ

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে একটি কুয়েতি পতাকাবাহী তেলবাহী ট্যাংকার। ‘এমটি আল দাসমা’ নামের ট্যাংকারটিতে ২১ জন ভারতীয় নাবিক ছিলেন।

এই ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজে থাকা সব নাবিকই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় বুধবার (২১ অক্টোবর) ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে ট্যাংকারটিতে। ওমানের বুখা থেকে প্রায় ১১ সামুদ্রিক মাইল পশ্চিমে ঘটনাটি ঘটেছে বলে ট্র্যাক করে যুক্তরাজ্যের সামরিক নজরদারি সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

কুয়েতি সংবাদমাধ্যম ‘টাইমস কুয়েত’-এর বরাত দিয়ে জানা গেছে, হামলার পরপরই ট্যাংকারটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে দ্রুত উদ্যোগ নিয়ে জাহাজের ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার পর থেকে জাহাজটি ওই স্থানেই অবস্থান করছে এবং ক্রুদের সবাই নিরাপদে রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতের নৌমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, ‘২১ অক্টোবর ২১ জন ভারতীয় নাবিককে বহনকারী কুয়েতি পতাকাবাহী তেল ট্যাংকার এমটি আল দাসমা হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি অজ্ঞাত প্রজেক্টাইল দ্বারা আক্রান্ত হয়। আমাদের ২১ জন ভারতীয় ক্রু সদস্যসহ জাহাজে থাকা অন্য সব ক্রুই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।’

সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা আন্তর্জাতিক নৌ চলাচলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।