জার্মানিকে কাতারের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের মধ্যে কয়েক দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গতকাল বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক যৌথ সংবাদ বিবৃতিতে তিনি এ কথা বলেন।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনআমির আশা প্রকাশ করেন, তাঁদের এই আলোচনা দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ ও সমন্বয় জোরদার করবে, যা উভয় দেশের জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।
অর্থনীতি, জ্বালানি ও প্রযুক্তিতে সহযোগিতা

বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে কাতারের আমির জানান, আলোচনায় অর্থনীতি, বিনিয়োগ, জ্বালানি, শিল্প, প্রযুক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জার্মানিতে কাতারের দীর্ঘমেয়াদি বিনিয়োগ দেশটির শক্তিশালী অর্থনীতি ও শিল্প দক্ষতার প্রতি দোহার আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কাতারের উন্নয়ন প্রকল্পগুলোতে জার্মান কোম্পানিগুলোর অবদান দুই দেশের অংশীদারিত্বের গভীরতা প্রমাণ করে।
আমির বলেন, জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা পারস্পরিক আস্থা ও অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত, যা জ্বালানি সরবরাহের নিরাপত্তা ও বাজারের স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখছে। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি ও উন্নত শিল্প খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের সুযোগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকারগুলো বাস্তবায়নে কৌশলগত সংলাপের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

আঞ্চলিক পরিস্থিতি ও ফিলিস্তিন ইস্যু
বৈঠকে মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আমির। এ সময় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।
আলোচনায় ফিলিস্তিন ইস্যু এবং অঞ্চলটির মানবিক পরিস্থিতিও উঠে আসে। উভয় নেতা বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, মানবিক সহায়তা পৌঁছানো সহজ করা এবং উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আমন্ত্রণ ও উষ্ণ অভ্যর্থনার জন্য জার্মান চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়ে জার্মানি ও এর জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন কাতারের আমির।
জার্মান চ্যান্সেলরের বক্তব্য ও ভবিষ্যৎ চুক্তি
অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস গত ফেব্রুয়ারিতে তাঁর দোহা সফরের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ওই সফরে হওয়া সমঝোতাগুলোর ভিত্তিতেই গতকালের আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করবে।
কাতার ও জার্মানিকে শক্তিশালী অংশীদার হিসেবে অভিহিত করে চ্যান্সেলর মের্ৎস জানান, দুই দেশ একটি সমন্বিত অংশীদারিত্ব গড়ে তুলতে কাজ করছে এবং বেশ কয়েকটি ক্ষেত্রে এর বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে। বিভিন্ন খাতে বেশ কিছু চুক্তি সই হওয়ার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
বিভিন্ন সংঘাতপূর্ণ পক্ষের মধ্যে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে জার্মান চ্যান্সেলর বলেন, সংশ্লিষ্ট উদ্যোগগুলো নিয়ে দুই দেশের কূটনৈতিক দলগুলো সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অস্থিতিশীল সময়ে শক্তিশালী ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উল্লেখ করে তিনি বলেন, কাতার ও জার্মানি তেমনই একটি সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উভয় দেশ আরও বেশি অর্জন করতে পারবে।
যৌথ সংবাদ বিবৃতিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি, আমিরের সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্য এবং জার্মানির বেশ কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।


