২৫ আগস্ট ২০২৬

২০২৭ সালে কবে রোজা ও ঈদ? জানাল সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: সোমবার, আগস্ট ২৪, ২০২৬
২০২৭ সালে কবে রোজা ও ঈদ? জানাল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। ঈদুল ফিতর পালিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ, আর ঈদুল আজহা ১৬ বা ১৭ মে। তবে এসব ধর্মীয় দিবসের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের সঙ্গে বাস্তব তারিখে কিছুটা পার্থক্য হতে পারে।

হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়। নতুন চাঁদ দেখার ভিত্তিতেই মাসের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতে প্রতি মাসে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করে দেশটির চাঁদ দেখা কমিটি। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী রমজান, ঈদসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার রমজান মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। তবে ৬ ফেব্রুয়ারি, অর্থাৎ ২৯ শাবান সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে চাঁদ দেখা সম্ভব হওয়ার সম্ভাবনা কম। কারণ ওই সময় চাঁদ সূর্যের আগে অস্ত যেতে পারে অথবা সূর্যাস্তের পর চাঁদ ও সূর্যের সংযোগ ঘটতে পারে।

এ কারণে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

হিজরি শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালিত হয়। তাই রমজান মাস ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর ঈদের তারিখ নির্ভর করবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে, ২০২৭ সালের ৮ মার্চ সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সেদিন চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হবে। আর ৮ মার্চ চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে ক্ষেত্রে ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর হতে পারে।

অর্থাৎ, ২০২৭ সালে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর ৯ অথবা ১০ মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন ৯ জিলহজ পবিত্র আরাফার দিন।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাবে, ২০২৭ সালের ৬ মে বৃহস্পতিবার অথবা ৭ মে শুক্রবার জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ঈদুল আজহা ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার বাস্তব ফলাফলের ওপর নির্ভর করে ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

নতুন ইসলামি বছর শুরু হতে পারে ৫ থেকে ৭ জুন। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। এ মাসের প্রথম দিন থেকেই নতুন ইসলামি বছরের সূচনা হয়।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, জিলহজ মাস ৭ মে শুরু হলে এবং ২৯ দিনে শেষ হলে ৫ জুন শনিবার থেকে মুহররম মাস শুরু হতে পারে। আর জিলহজ ৩০ দিনে পূর্ণ হলে মুহররম শুরু হতে পারে ৬ জুন রোববার।

অন্যদিকে, জিলহজ মাস ৮ মে শুরু হলে এবং ২৯ দিনে শেষ হলে ৬ জুন শনিবার মুহররমের প্রথম দিন হতে পারে। সে ক্ষেত্রে জিলহজ ৩০ দিনে পূর্ণ হলে নতুন ইসলামি বছর শুরু হবে ৭ জুন।

তবে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও মুহররমের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের

প্রকাশ: বুধবার, আগস্ট ১৯, ২০২৬
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের

পারস্য উপসাগরে নৌ চলাচলের পথ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য ইরানকে অভিযুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয় পর্যবেক্ষণ করেছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত করা ক্ষেপণাস্ত্র দুটির একটি সংযুক্ত আরব আমিরাতের আঞ্চলিক পানিসীমার বাইরে এবং অন্যটি পানিসীমার অভ্যন্তরে গিয়ে পড়ে। পরবর্তীতে পরিচালিত এক মূল্যায়নে তারা জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি মূলত সমুদ্র নৌ চলাচলকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল এবং পরবর্তীতে সেগুলো সাগরে গিয়ে আছড়ে পড়ে।

ঘটনার প্রাথমিক ঘোষণার কিছু আগে আমিরাত কর্তৃপক্ষ মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে নাগরিকদের সতর্কবার্তা দেয়। তবে পরিস্থিতি পর্যালোচনার পর দ্রুতই সেই সতর্কবার্তা তুলে নেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতের এসব অভিযোগ ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আমিরাতের দিকে কোনও ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা নিশ্চিতভাবে অস্বীকার করেন।

ইসমাইল বাঘাই বলেন, সংযুক্ত আরব আমিরাতের এমন অভিযোগ প্রতিবেশীসুলভ আচরণের মূলনীতির পরিপন্থী। এটি আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিশ্বাস সুদৃঢ় করা এবং অস্থিতিশীলতা রোধে চলমান প্রচেষ্টাকে বিঘ্নিত করবে। একই সঙ্গে ইরানকে কেন্দ্র করে এই ধরনের ‘ভিত্তিহীন অভিযোগ’ আনা থেকে বিরত থাকতে আঞ্চলিক সরকারগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার সম্পর্কে নতুন টানাপোড়েন শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

প্রকাশ: বুধবার, আগস্ট ১৯, ২০২৬
আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে গিয়ে পড়েছে বলে জানানো হয়েছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে।

মন্ত্রণালয় বলেছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি দেশের আঞ্চলিক জলসীমার বাইরে গিয়ে পড়ে, আর দ্বিতীয়টি আঞ্চলিক জলসীমার ভেতরে পড়ে।

এর আগে ইউএইর জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দিয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে এমন যেকোনো হুমকির বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ইউএইসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে আসা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত এবং বিপুলসংখ্যক ধ্বংস করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরব আমিরাতে ছুটি ঘোষণা

প্রকাশ: রবিবার, আগস্ট ০৯, ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরব আমিরাতে ছুটি ঘোষণা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।

আগামী ২৮ আগস্ট (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে।

যেসব প্রতিষ্ঠানে শনিবার ও রোববার সাপ্তাহিক ছুটি থাকে, সেখানকার কর্মীরা শুক্রবারে এই ছুটি যুক্ত হওয়ায় টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন।

তবে শারজাহর সরকারি কর্মীদের ক্ষেত্রে ছুটির হিসাব কিছুটা ভিন্ন, কারণ সেখানে আগে থেকেই শুক্রবার সাপ্তাহিক ছুটির আওতায় রয়েছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। তৎকালীন আরবের ‘আইয়ামে জাহেলিয়াত’ অর্থাৎ ঘোর সামাজিক অনাচার, বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ডের মধ্য থেকে মানবজাতিকে আলোর পথ দেখাতে একই দিনে ধরাধামে আগমন ঘটেছিল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর।

মহানবীর জীবন ও আদর্শ শান্তি, সততা ও মানবতার প্রতীক হওয়ায় বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপিত হয়।

আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে 'ইরানের হামলা'

প্রকাশ: রবিবার, আগস্ট ০৯, ২০২৬
আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে 'ইরানের হামলা'

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। আমিরাত এই ঘটনাকে শত্রুভাবাপন্ন ইরানি হামলা ও জলদস্যুতা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, হরমুজ প্রণালি পার হওয়ার সময় এডনকের জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ট্যাংকারটির নাম বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণও প্রকাশ করা হয়নি।

যদিও এখনও ইরান এ হামলার দায় স্বীকার করেনি। এ বিষয়ে তেহরানের কোনো মন্তব্যও করেনি।

চলমান মার্কিন-ইসরায়েল ও ইরান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটিতে নৌ-চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা অবাধ নৌ-চলাচল সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পরিপন্থী।

তারা ইরানের রেভল্যুশনারি গার্ডসের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হরমুজ প্রণালিকে অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে এবং অবিলম্বে এই পথ সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যে, তেহরানের শত্রুদের সাথে সম্পৃক্ত বা তাদের নির্দেশনা অমান্যকারী যেকোনো জাহাজের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আবুধাবির রাষ্ট্রীয় তেল কোম্পানি এডনক জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় তাদের মোট ১৫টি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

এসব হামলায় এখন পর্যন্ত একজন ক্রু সদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান এডনক বর্তমানে চরম প্রতিকূল ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

সূত্র: রয়টার্স

উচ্চ সতর্কতার মধ্যে দুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ

প্রকাশ: বুধবার, আগস্ট ০৫, ২০২৬
উচ্চ সতর্কতার মধ্যে দুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) ভোরে শহরের দক্ষিণাঞ্চলীয় বন্দর এবং জেবেল আলি শিল্পাঞ্চলে এসব বিস্ফোরণ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর আমিরাতি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে দুবাইয়ে।

বিস্ফোরণের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি আমিরাত কর্তৃপক্ষ।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের ভিডিও ধারণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কয়েকটি ইরাকি সংবাদমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ছাড়া আমিরাতের সরকারি বা মূলধারার সংবাদমাধ্যমও বিস্ফোরণের কারণ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

নাসার তাপীয় উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পাশের একটি গুদাম এলাকায় আগুনের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, গুদামটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো।

এসব বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে আবাসিক এলাকার কাছাকাছি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পুরো সময়জুড়েই উচ্চ সতর্কতায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হওয়ায় অতীতেও ইরানের প্রতিশোধমূলক হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেশটির নাম আলোচনায় এসেছে।