মার্কিন ডলারের টানা উত্থান থামা এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। এর ফলে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর আবার ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতুর বাজার।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনশুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৭০ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়। এর আগে গত বুধবার স্বর্ণের দাম ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
এদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচারস মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৬৯ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।
সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, কয়েক দিনের দরপতনের পর ক্রেতারা আবার বাজারে ফিরেছেন। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলো স্থিতিশীল হওয়ায় স্বর্ণের বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।
তিনি বলেন, শেয়ারবাজারে দরপতনের সময় অনেক বিনিয়োগকারী নগদ অর্থের জোগান দিতে এবং অন্যান্য খাতের লোকসান সামাল দিতে স্বর্ণ বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। তবে স্বর্ণের দাম দ্রুত ৫ হাজার ডলারে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। বরং প্রতি আউন্স ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে ২২ মাসের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর মার্কিন ডলারের দামে কিছুটা পতন হয়েছে। ডলারের মান কমলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে কেনাবেচা হওয়া স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে স্বর্ণের চাহিদা ও দাম বাড়তে পারে।
অন্যদিকে, মাসজুড়ে বড় ধরনের অস্থিরতার পর শেয়ারবাজারেও স্থিতিশীলতা ফিরেছে। যুক্তরাষ্ট্রে ছুটির আমেজের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমেছে।
এদিকে গত বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতি প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। একই সময়ে অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতিও বেড়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে সুদের হার বাড়াতে পারে বলে ধারণা জোরালো হয়েছে।
সাধারণত সুদের হার বাড়লে সুদ পাওয়া যায় এমন বিকল্প বিনিয়োগের আকর্ষণ বাড়ে। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমে যায়।
এদিকে চলতি সপ্তাহে এশিয়ার প্রধান বাজারগুলোয় স্বর্ণের চাহিদা বেড়েছে। ভারতে অলংকার ও বিনিয়োগের জন্য স্বর্ণ কেনা বেড়েছে। অন্যদিকে চীনে খুচরা পর্যায়ে জোরালো কেনাকাটার কারণে স্থানীয় বাজারে স্বর্ণের অতিরিক্ত মূল্য বা প্রিমিয়ামও চাঙা রয়েছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৪ দশমিক ২৫ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬০ দশমিক ৮২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১৩ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে।
এই তিনটি ধাতুই চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধির পথে রয়েছে।