লন্ডনে সংযুক্ত আরব আমিরাতের কসমেটিক চিকিৎসক ও ব্যবসায়ী ডা. সুয়াদ লুতফির বাড়ির সামনে মাত্র ১০ সেকেন্ডে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুই চোর তাঁর কাছ থেকে প্রায় ১০ লাখ ডলার (৩৬ লাখ ৭০ হাজার দিরহাম) মূল্যের বিলাসবহুল হ্যান্ডব্যাগ, গয়না ও দামি ঘড়ি ছিনিয়ে নিয়ে পালিয়েছে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনস্থানীয় সময় সম্প্রতি এ ঘটনা ঘটে। ডা. সুয়াদ বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় দুই সন্দেহভাজন তাঁর ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, তাদের একজন নিজেকে তাঁর ভক্ত পরিচয় দিয়ে ছবি তোলার অনুরোধ করে কথাবার্তায় ব্যস্ত রাখে। এ সুযোগে অন্যজন গাড়ির দরজা খুলে মূল্যবান জিনিসপত্রসহ ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
ডা. সুয়াদ লুতফি জানান, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বিলাসবহুল হার্মেস হ্যান্ডব্যাগ, কার্টিয়ের ও ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের গয়না এবং কার্টিয়ের প্যানথের আজুরে ঘড়ি। এসব সামগ্রীর আনুমানিক মোট মূল্য প্রায় ১০ লাখ ডলার।
ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁর ধারণা, এটি ছিল পরিকল্পিত ছিনতাই। দুই সন্দেহভাজন নিজেদের মধ্যে সমন্বয় করে খুব দ্রুত ঘটনাটি ঘটায়। ফলে প্রতিক্রিয়া জানানোর সুযোগও পাননি তিনি।
ছিনতাইয়ের ধরন দেখে প্রশ্ন উঠেছে, অপরাধীরা আগে থেকেই তাঁর গতিবিধির ওপর নজর রাখছিল কি না। একজনের কথায় তাঁকে ব্যস্ত রাখা এবং অন্যজনের দ্রুত ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা পরিকল্পিতভাবে তাঁকে লক্ষ্যবস্তু করার সন্দেহ আরও বাড়িয়েছে।
এদিকে, ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ও বিলাসবহুল জীবনযাপনের ছবি প্রকাশের নিরাপত্তাঝুঁকি নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের তথ্য, অবস্থান, দৈনন্দিন চলাফেরা এবং দামি জিনিসপত্রের ছবি প্রকাশের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবেই অপরাধীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যেতে পারে।
তবে ডা. সুয়াদকে আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।