সাত বছর বয়সী কন্যাসন্তানের মা হয়েও বিশ্বসুন্দরীর মুকুট জিতে নতুন ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে তিনিই প্রথম মা, যিনি প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসেরার খেতাব অর্জন করলেন। তাঁর এই জয় সৌন্দর্য প্রতিযোগিতার প্রচলিত ধারণায় নতুন মাত্রা যোগ করেছে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনমঙ্গলবার রাতে পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। এতে বিশ্বের ১১৫ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন ২৭ বছর বয়সী জেনিফার। মেক্সিকোর সাবেক মিস ইউনিভার্স ফাতিমা বশের কাছ থেকে হীরাখচিত বিজয়মুকুট গ্রহণ করেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা ঘরে তুলল পুয়ের্তো রিকো।
জেনিফারের এই অর্জনের পেছনে রয়েছে প্রতিযোগিতার নিয়ম পরিবর্তনের ইতিহাসও। ২০২২ সালে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বিবাহিত নারী ও মায়েদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেয়। এর পর ২০২৩ সালে প্রথম মা হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন গুয়াতেমালার মিশেল কোন। তবে এবারই প্রথম কোনো মা সরাসরি বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন।
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বড় কোনো আসরে অভিজ্ঞতা ছিল না জেনিফারের। গত ২৫ জুন সান সেবাস্তিয়ানের প্রতিনিধি হিসেবে ৩৪ প্রতিযোগীকে হারিয়ে মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো নির্বাচিত হন তিনি। ওই প্রতিযোগিতায় সেরা ক্যাটওয়াক, উজ্জ্বল ত্বক ও সেরা হাসির পুরস্কারও অর্জন করেন।
তবে মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতার বাইরেও রয়েছে জেনিফারের আলাদা পরিচয়। ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজ করছেন তিনি। বর্তমানে প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে ক্ষতিকর আচরণ প্রতিরোধ এবং সুস্থ সামাজিক পরিবেশ তৈরিতে কাজ করছেন এই বিশ্বসুন্দরী।
শিক্ষাজীবনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অর্জন। মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রির পাশাপাশি মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। ট্রমা মোকাবিলা, শিশু সুরক্ষা, পারিবারিক সহিংসতা এবং আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয়েও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন জেনিফার।
ছোটবেলায় পেশাদার ভলিবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। মাত্র ছয় বছর বয়স থেকেই এ স্বপ্ন লালন করলেও ডান কাঁধে অস্ত্রোপচারের কারণে তা আর পূরণ হয়নি। অবসর সময়ে বই পড়ার পাশাপাশি পুয়ের্তো রিকোর শিশু ডায়াবেটিস সমিতির স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেন তিনি।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রশ্নোত্তরেও নিজের চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন জেনিফার। বর্তমান সময়ে একজন নেতার সবচেয়ে বেশি কী প্রয়োজন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নেতাদের নিজেদের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে। একই সঙ্গে যাঁদের প্রতিনিধিত্ব করছেন, তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিক মূল্যবোধ ধরে রাখার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। জেনিফারের মতে, এআই দায়িত্বশীলভাবে ব্যবহার করা জরুরি। তবে মানুষের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখার মূল্যবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস এবং তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি। চতুর্থ রানারআপের অবস্থান অর্জন করেছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
সূত্র: ওপেন ম্যাগাজিন
