১৮ অক্টোবর ২০২৬

আপত্তিকর ভিডিও প্রকাশের পর যা করলেন মেহজাবীন

প্রকাশ: রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
আপত্তিকর ভিডিও প্রকাশের পর যা করলেন মেহজাবীন

একটি বেসরকারি চ্যানেলে সামাজিক মাধ্যম ফেসবুক পেজ হ্যাক হওয়ার পর প্রকাশিত কিছু ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করলেও বিতর্ক থামেনি। এমন পরিস্থিতিতে ভিডিও প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়েও কথা বলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের কাজ, ব্যক্তিজীবনের দারুণ মুহূর্তসহ ভ্রমণের ছবি-ভিডিও শেয়ার করতে পছন্দ করেন মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি নিয়মিত ফেসবুক-ইনস্টাগ্রামে এসব পোস্ট করে থাকেন তিনি। সেই সুবাদে অভিনেত্রীকে অনুসরণ করে থাকেন এক কোটি ৬০ লাখের বেশি ভক্ত-অনুরাগী। এর মধ্যে নিয়মিত ফেসবুকে এক কোটি এবং ইনস্টাগ্রামে ৫৮ লাখ অনুসরণ করে থাকেন। যারা নিয়মিত তার পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে থাকেন।

এবার বিশাল সেই ভক্ত-অনুরাগীর জন্য ফেসবুকে মন্তব্যের ঘর সীমিত করে দিলেন অভিনেত্রী। এখন আর কেউ চাইলেই তার পোস্টে যখন-তখন কেউ কমেন্ট করতে পারবেন না। তার সর্বশেষ ফেসবুকে পোস্ট করা দুটি পোস্টে এমনই চিত্র দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে পড়ে। তাকে নিয়ে সেই ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়লে ব্যথিত হন তিনি। এবং প্রশ্ন তোলেন সমাজের বিভিন্ন ধরনের মানুষের মানসিকতা ও সচেতনতা নিয়ে।

সেই পোস্টে মেহজাবীন বলেন, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়— এটি একটি অপরাধ। তিনি আরও বলেন, যখন একই কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আরও বড় একটি সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। তখন প্রশ্ন জাগে— সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?

তাই এবার মন্তব্যের ঘর সীমিত করে দিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ৫৭ হাজারের বেশি রিঅ্যাকশন পড়া সেই পোস্টটির মন্তব্যের ঘরও বন্ধ করে দেন তিনি। সবশেষ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মেহজাবীন কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন। সেই পোস্টও সীমিত করা হয়েছে। সেখানে শুধু সীমিতসংখ্যক ভক্ত-অনুরাগী মন্তব্য করতে পারবেন।

এআই দিয়ে বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি: মিডিয়া হাউজের দায়মুক্তি নিয়ে প্রশ্ন

প্রকাশ: রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
এআই দিয়ে বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি: মিডিয়া হাউজের দায়মুক্তি নিয়ে প্রশ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্প্রতি বাংলাদেশি দুই তারকার চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

মূলত একটি বেসরকারি টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর সেখানে প্রকাশিত এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিও দেখেই ধারণা করা যাচ্ছিল, সেগুলো এআই দিয়ে বানানো।

পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে। তবে এরপরও বিষয়টি নিয়ে বিতর্ক থামছেই না।

ছড়িয়ে পড়া ভিডিও ও তা প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে সম্প্রতি মুখ খোলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার এ বিষয়ে ফেসবুক লাইভে নিজের ক্ষোভ উগরে দিলেন সেই বিকৃত ভিডিওর আরেক শিকার চিত্রনায়িকা পরীমনি।

সেই টিভি চ্যানেলটির উদ্দেশে এই অভিনেত্রী বলেন, শুধু ‘ক্ষমা চাইলেই’ এরকম ঘটনায় দায়মুক্তি হয় না। তিনি জানান, এই বিকৃত ভিডিও অনেক আগের। তবে এবার ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে শুধুই ‘সরি’ বলা যথেষ্ট নয়।

সেই বিকৃত ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নেটিজেনদের একাংশ যে নোংরামি করেছে, তাদেরও কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ওই ফেসবুক লাইভে টিভি চ্যানেলটির প্রতিক্রিয়া প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাতামাতি করা নেটিজেনদেরও একহাত নেন অভিনেত্রী। তাদের খোঁচা দিয়ে পরী বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

অভিনেত্রী আরও বলেন, ‘দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে- পরীমনির লিংক আছে আমার কাছে। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!’

তবে পরে লাইভটি নিজের পেজ থেকে মুছে ফেলেন পরীমনি। শনিবার (১৭ অক্টোবর) সকালে লাইভটি সরিয়ে ফেলার পর এ নিয়ে একটি স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। সকালে দেওয়া পোস্টে পরী লেখেন, ‘ওপস সরি, ডিলিট করে দিয়েছি। শুভ সকাল।’

দোহা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬: নারী নির্মাতা ও বৈচিত্র্যময় গল্পের চমক

প্রকাশ: শনিবার, অক্টোবর ১০, ২০২৬

দোহা ফিল্ম ফেস্টিভ্যাল (DFF) আন্তর্জাতিক ফিচার ফিল্ম প্রতিযোগিতা ২০২৬-এর জন্য মনোনীত ১৫টি চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আরব বিশ্ব, এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকা অঞ্চল থেকে আসা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সাহসী, বৈচিত্র্যময় ও স্বতন্ত্র নির্মাণশৈলী স্থান পেয়েছে এবারের সংক্ষিপ্ত তালিকায়।

মনোনীত ১৫টি চলচ্চিত্রের মধ্যে ১১টি চলচ্চিত্রই দোহা ফিল্ম ইনস্টিটিউটের (DFI) অনুদান প্রোগ্রামের সহায়তায় নির্মিত হয়েছে। এর মধ্যে সাতটি চলচ্চিত্র পরিচালনা করেছেন নারী পরিচালকরা। কম প্রতিনিধিত্বশীল বা পিছিয়ে পড়া অঞ্চলের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের অপ্রকাশিত গল্পগুলোকে বিশ্বমঞ্চে তুলে আনার প্রতিশ্রুতি হিসেবেই এই ছবিগুলোকে নির্বাচন করা হয়েছে।

ফাতেমা হাসান আল-রুমাইহির বার্তা:

দোহা ফিল্ম ইনস্টিটিউটের সিইও এবং উৎসব পরিচালক ফাতেমা হাসান আল-রুমাইহি বলেন, "সীমানা পেরিয়ে মানুষের মাঝে সংযোগ তৈরি করার এক অদ্ভুত শক্তি রয়েছে চলচ্চিত্রের। ভৌগোলিক দূরত্ব ও পার্থক্য যেখানে দূরত্ব তৈরি করে, চলচ্চিত্র সেখানে মানুষকে একসূত্রে গাঁথে। দোহা ফিল্ম ফেস্টিভ্যাল মূলত সেই সব নির্মাতাদের একটি নিজস্ব ঠিকানা দেওয়ার জন্যই তৈরি হয়েছে, যারা গতানুগতিক ধারার বাইরে গিয়ে অদেখা ও আনকোরা গল্পগুলো পর্দায় ফুটিয়ে তোলেন।"

তিনি আরও যোগ করেন যে, নির্বাচিত এই ১৫টি চলচ্চিত্র নির্মাতাদের সাহস, কল্পনাশক্তি এবং সময়ের তাগিদ প্রকাশ করে। এই শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ চলচ্চিত্রগুলো বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায় দোহা অংশ হতে পেরে গর্বিত।

পুরস্কার ও বিচারক প্যানেল:

আন্তর্জাতিক ফিচার ফিল্ম প্রতিযোগিতা ক্যাটাগরিতে মনোনীত কথাসাহিত্য নির্ভর (Narrative) এবং তথ্যচিত্রগুলো (Documentary) মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (MENA) অঞ্চলে প্রথমবারের মতো প্রিমিয়ার হবে। আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের পাঁচজন খ্যাতিমান পেশাদারের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড নিম্নলিখিত পুরস্কারগুলো প্রদান করবেন:

সেরা ফিকশন/ন্যারেটিভ পুরস্কার: ৭৫,০০০ মার্কিন ডলার

সেরা তথ্যচিত্র পুরস্কার: ৫০,০০০ মার্কিন ডলার

সেরা শৈল্পিক কৃতিত্ব পুরস্কার: ৪৫,০০০ মার্কিন ডলার

সেরা অভিনয় পুরস্কার: ১৫,০০০ মার্কিন ডলার

এছাড়াও, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (FIPRESCI) তিন সদস্যের এক পৃথক জুরি বোর্ড নিয়ে এবারের উৎসবে যোগ দিচ্ছে। প্রতিযোগিতায় সেরা ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখা চলচ্চিত্রটিকে তারা বিশেষ পুরস্কারে ভূষিত করবে।

উৎসবের সময়সূচি:

আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দোহায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বর্ণাঢ্য চলচ্চিত্র উৎসব। যেখানে বিশ্বজুড়ে স্বাধীন চলচ্চিত্রের মূলধারার সাথে যুক্ত নির্মাতা, দর্শক এবং ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এক প্ল্যাটফর্মে সমবেত হবেন।

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৬
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর

ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নিজ বাসভবনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন এই বর্ষীয়ান অভিনেতা। দ্রুত তাকে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দীর্ঘ ৪৫ মিনিট যাবৎ সিপিআর দিয়ে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। তবে সমস্ত চেষ্টা ব্যর্থ করে ভোর ৫:২০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ড. শেখর সালকার গণমাধ্যমকে জানান, ‘টানা ৪৫ মিনিট সিপিআর দেওয়ার পরও তার কোনো সাড়া মেলেনি। একটি মেডিকো-লিগ্যাল কেস (MLC) দায়ের করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

আপত্তিকর ভিডিও ভাইরাল, মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পাভেল

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল, মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পাভেল

আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা সাইদুর রহমান পাভেল। তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি আপত্তিকর ভিডিও।
ভিডিওটি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন এই অভিনেতা।

ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী সম্পর্কে পাভেল জানান, তিনি তার বান্ধবী।

তবে তাদের সম্পর্ককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের আলোচনা হচ্ছে, সেটির সঙ্গে বাস্তবতার মিল নেই বলে জানিয়েছেন অভিনেতা।

পাভেলের কথায়, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। এর বাইরে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।

ভাইরাল ভিডিওটি নিয়ে নানা ধরনের আলোচনা তৈরি হলেও পাভেলের বক্তব্যে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। তার দাবি, ওই নারীর সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্ব ও ব্যক্তিগত পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা ধরনের মন্তব্য ও আলোচনা তৈরি হয়। পাভেলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তবে ভিডিওটি ঘিরে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন পাভেল। বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয় করছেন তিনি।

ফাঁসতে পারেন জয়া, চঞ্চল ও শাওনসহ ৯০ জন, দুদকে অনুসন্ধানের আবেদন

প্রকাশ: সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
ফাঁসতে পারেন জয়া, চঞ্চল ও শাওনসহ ৯০ জন, দুদকে অনুসন্ধানের আবেদন

বিগত আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট হয়ে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানের আবেদন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘রাষ্ট্র সংলাপ ফোরামের’ সভাপতি আলম আয়াসের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা দুদক চেয়ারম্যান বরাবর আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাপ্রাপ্ত গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ ও শিক্ষাবিদ রয়েছেন। গত ১৭ বছরে সরকারি সুনজরে থেকে তারা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

সংগঠনটির দাবি, এসব ব্যক্তির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অর্জিত অর্থের একটি অংশ রাষ্ট্রকে অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িতদের কাছে সরবরাহ করা হচ্ছে। তাই সংশ্লিষ্টদের সম্পদের উৎস যাচাই, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং তদন্ত করে দুদক আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, আবেদনটি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুদক সচিব।

আবেদনে বিনোদন অঙ্গনের তালিকায় সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, জায়েদ খান, তারানা হালিম, প্রযোজক খোরশেদ আলম খসরু, নিপুণ আক্তার, তানভিন সুইটি, মাহিয়া মাহি, ভাবনা, স্বাগতা, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক ও পরিচালক বজলুর রশিদ চৌধুরীসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

এ ছাড়া গণমাধ্যম অঙ্গনে নাইমুল ইসলাম খান, সুভাষ সিংহ রায়, সৈয়দ ইশতিয়াক রেজা, নাসিমা খান মন্টি ও আশরাফুল আলম খোকন এবং ক্রীড়া অঙ্গনে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, কাজী নাবিল আহমেদ ও আরিফ খান জয়সহ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।