রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ইউনাইটেড নামে একটি সিএনজি পাম্পের সামনে বাসের ধাক্কায় মাসুম মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কাতারগামী দুই প্রবাসীসহ অটোরিকশাটির তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনবুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক চালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন কাতারগামী যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১), আলামিন (৩০) এবং তাদের বিদায় জানাতে আসা স্বজন মো. বশির (৩৩)। আহত দুই প্রবাসীর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। তারা তিনজনই বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন বশিরের স্ত্রী নুপুর জানান, বুধবার বেলা সাড়ে ১১টার ফ্লাইটে রুবেল ও আলামিনের কাতার যাওয়ার কথা ছিল। এ উদ্দেশ্যে সকালে তারা শনির আখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনে থেকে একটি অটোরিকশায় করে মূল সড়কের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল তাদের। তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে সঙ্গে যাচ্ছিলেন বশিরও।
নুপুর আরও জানান, অটোরিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে পৌঁছালে একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে এবং চালকসহ চারজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন এবং খবর পেয়ে স্বজনরা দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত তিনজনকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।