হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি (৬৪৩ ভরি) সোনার পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ২৪ ক্যারেটের সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনশনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন। এরপর তাদের মধ্যে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়।
পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর বস্তুগুলো সোনার পেস্ট বলে শনাক্ত করা হয়। এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা এনে অন্য দুইজনসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তারা।
এপিবিএনের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম চলছে।
অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে সোনা চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি সোনাসহ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি বলেন, চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিস্তারিত তদন্ত চলছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।