জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের মিনিস্টার-প্রেসিডেন্ট হেনড্রিক ভুস্টের সঙ্গে শনিবার ড্রাখেনবুর্গ প্রাসাদে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিল্প ও গবেষণা খাতে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে কাতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনবৈঠকের শুরুতে আমির এই সফরে আনন্দ প্রকাশ করেন এবং উষ্ণ অভ্যর্থনার জন্য হেনড্রিক ভুস্টকে ধন্যবাদ জানান। কাতার ও নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করে তোলা ক্রমবর্ধমান সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
শিল্প, গবেষণা ও বিনিয়োগে অংশীদারিত্ব
বৈঠকে কাতারের আমির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে জার্মানির এই অঙ্গরাজ্যটির শিল্প ও গবেষণা খাতের দক্ষতা কাজে লাগিয়ে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, হেনড্রিক ভুস্ট বলেন, কাতারের আমিরের এই সফর দুই পক্ষের মধ্যকার পারস্পরিক আস্থার গভীরতা এবং শক্তিশালী অংশীদারিত্বের গুরুত্বকে প্রতিফলিত করে। আমিরের নেতৃত্বে কাতারের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানের প্রশংসা করে তিনি জার্মানি এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার অর্থনীতিতে কাতারি বিনিয়োগের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
উপস্থিত শীর্ষ কর্মকর্তাবৃন্দ
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন খাতে সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি, স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (লেখউইয়া)-এর কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি, আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি এবং আমিরের সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
জার্মান পক্ষের প্রতিনিধিত্ব করেন ডেপুটি মিনিস্টার-প্রেসিডেন্ট এবং অর্থনৈতিক বিষয়, শিল্প, জলবায়ু সুরক্ষা ও জ্বালানিমন্ত্রী মোনা নয়বাউর, ফেডারেল, ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয় এবং গণমাধ্যমমন্ত্রী নাথানায়েল লিমিনস্কিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বৈঠক শেষে আমির এবং তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে হেনড্রিক ভুস্টের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন কাতারের আমির।