বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা পতনের প্রভাব পড়েছে কাতারসহ পুরো উপসাগরীয় অঞ্চলের বাজারে। দাম কমে আসায় কাতারের প্রবাসী ও স্থানীয় ক্রেতাদের মধ্যেও স্বর্ণ কেনার আগ্রহ বেড়েছে। বিশেষ করে ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কা এড়াতে অনেকেই অগ্রিম বুকিং দিয়ে বর্তমান নির্ধারিত দামে স্বর্ণ কেনার প্রকল্পগুলোর দিকে ঝুঁকছেন।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনআন্তর্জাতিক বাজারে শুক্রবার (২০ নভেম্বর) টানা পঞ্চম দিনের মতো স্বর্ণের দাম কমে প্রতি আউন্স প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে দরপতন হয়েছে প্রায় ৯ শতাংশ, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। এর ফলে স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সামঞ্জস্য থাকায় কাতারের বাজারেও স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। কাতারি রিয়ালের (QAR) হিসাব অনুযায়ী, শুক্রবার দেশটির বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি কমে প্রায় ৪২৯ থেকে ৪৩০ রিয়ালে নেমে এসেছে। পাশাপাশি ২২ ক্যারেট স্বর্ণ প্রায় ৩৯৭ রিয়াল এবং ১৮ ক্যারেট স্বর্ণ প্রায় ৩২৬ রিয়ালে বিক্রি হচ্ছে। (প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও ২৪ ক্যারেট স্বর্ণ ৪৪৪.২৫ দিরহাম থেকে কমে ৪৩২.৫০ দিরহামে নেমেছে)।
দাম কমার এই সুযোগে ক্রেতাদের আকৃষ্ট করতে কাতার ও মধ্যপ্রাচ্যে কার্যরত স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়ের জন্য বর্তমান দর ধরে রাখার বিশেষ সুযোগ দিচ্ছে।
কাতার ও উপসাগরীয় অঞ্চলে জনপ্রিয় ব্র্যান্ড মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গ্রাহকদের জন্য দুই ধরনের অগ্রিম বুকিং সুবিধা চালু রেখেছে:
মোট মূল্যের ৫০ শতাংশ অগ্রিম জমা দিলে ৩ মাস পর্যন্ত বর্তমান নির্ধারিত দর ধরে রাখা যায়।
১০০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধ করলে ৬ মাস পর্যন্ত সেই দাম অপরিবর্তিত রাখার সুযোগ পাওয়া যায়।
প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ জানান, অগ্রিম বুকিং দিলে দাম বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। তবে বুকিংয়ের পর বাজারে স্বর্ণের দাম আরও কমে গেলে ক্রেতারা কেনার সময়কার প্রচলিত কম দামেই স্বর্ণ নিতে পারবেন।
বাজার সংশ্লিষ্টরা জানান, কাতারে বসবাসরত প্রবাসীসহ যাঁদের সামনে বিয়ের কেনাকাটার মতো নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তাঁরাই মূলত অগ্রিম বুকিংয়ের সুবিধা বেশি নিচ্ছেন। তবে বিনিয়োগের উদ্দেশ্যে যাঁরা স্বর্ণের বার বা কয়েন কিনতে আগ্রহী, তাঁদের অনেকেই আরও দরপতনের আশায় বাজার পর্যবেক্ষণ করছেন।