মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর নির্ধারণ করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৬ সালের ১৮ নভেম্বর জারিকৃত নতুন ট্রাফিক আইন (২০২৬ সালের ১৯ নম্বর আইন) অনুযায়ী এই বয়সসীমা কার্যকর করা হয়েছে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনসরকারি গেজেটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন থেকে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স অথবা শিক্ষানবিশ (লার্নার) পারমিটের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। এর পাশাপাশি আইনে নির্ধারিত অন্যান্য শর্তাবলিও পূরণ করতে হবে। কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে রাইড শেয়ারিং ও ডেলিভারি পেশায় যুক্ত কর্মীদের জন্য এই নতুন নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সড়ক নিরাপত্তা ও নতুন ট্রাফিক আইনের লক্ষ্য
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের ১৯ নম্বর আইনের অধীনে প্রণীত এই নতুন ট্রাফিক আইন সড়ক ব্যবহার নিয়ন্ত্রণ, ট্রাফিক নিরাপত্তা জোরদার এবং জানমাল রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইনি মাইলফলক।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পরিবহন ব্যবস্থা, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তি এবং আইন প্রয়োগের পদ্ধতির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নতুন এই আইনে চালক ও সংশ্লিষ্টদের বিভিন্ন দায়িত্ব ও বাধ্যবাধকতা সুনির্দিষ্ট করা হয়েছে।
গত ১৮ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন এই আইনের প্রধান ধারা, উদ্দেশ্য, আইনি ও বাস্তবায়ন সংক্রান্ত দিকগুলো তুলে ধরেন। একই সঙ্গে আইনটি কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তার জন্য পরিকল্পিত গণমাধ্যম ও জনসচেতনতামূলক প্রচারণার বিষয়েও বিস্তারিত জানানো হয়।