ওমানের ঘরোয়া হকি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের জাতীয় দলের তিন খেলোয়াড়। তারা হলেন বিপ্লব কুজুর, আমিরুল ইসলাম ও রাকিবুল ইসলাম রকি। দেশটির আল ইত্তিহাদ হকি ক্লাবের হয়ে ৫৬তম হিজ ম্যাজেস্টি’স হকি কাপ ২০২৬-এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তারা।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনআগামী ৮ থেকে ২৩ ডিসেম্বর ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। তিন বাংলাদেশি খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি ও ছাড়পত্র চেয়েছে আল ইত্তিহাদ হকি ক্লাব।
গত ২২ নভেম্বর পাঠানো এক চিঠিতে ক্লাবটির সাধারণ সম্পাদক কাইস বিন গানিম আল-মারহুন তিন খেলোয়াড়কে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ হকি ফেডারেশনের সহযোগিতা কামনা করেন তিনি।
চুক্তি অনুযায়ী, ওমানে অবস্থানকালে তিন খেলোয়াড়ের বিমান যাতায়াত, আবাসন ও খাবারের সম্পূর্ণ দায়িত্ব নেবে আল ইত্তিহাদ হকি ক্লাব। ৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির হয়ে মাঠে নামার কথা রয়েছে তাদের।
এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘হ্যাঁ। ওমানের ওই ক্লাবটি বিপ্লব, রকি আর আমিরুলকে খেলতে দেওয়ার অনুমতি চেয়ে ফেডারেশনে চিঠি দিয়েছে। আমরা অবশ্যই তাদের অনুমতি দেবো।’
ফেডারেশনের ইতিবাচক অবস্থানের ফলে ওমানের এই টুর্নামেন্টে বাংলাদেশের তিন খেলোয়াড়ের অংশগ্রহণের পথ অনেকটাই সহজ হয়েছে। আন্তর্জাতিক ক্লাব হকিতে নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার পাশাপাশি বিদেশের মাটিতে অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ পাবেন তারা।