পৃথিবীর অভ্যন্তরের ভূতাত্ত্বিক শক্তিগুলো ওমানকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দান করলেও তার প্রতিবেশী আরব দেশগুলোর মতো বিপুল তেল ও গ্যাসের ভান্ডার দেয়নি। তবুও আজকের এই সময়ে—যখন পারস্য উপসাগরীয় অঞ্চল যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক দোলাচলে ঝুলে আছে—তখন দেশটির ভৌগোলিক অবস্থানই এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনউপসাগরীয় এই রাষ্ট্রটি ইরানের সাথে হরমুজ প্রণালীর অংশীদার হলেও—ওমানের উপকূলরেখার অধিকাংশই এই প্রণালীর বাইরে অবস্থিত। এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের কঠোর নিয়ন্ত্রণ যখন প্রতিবেশী দেশগুলোর গলা টিপে ধরছে, তখন ভারত মহাসাগরের তীরে অবস্থিত নিজস্ব বন্দরগুলো ব্যবহার করে ওমান যতটা সম্ভব নিজস্ব হাইড্রোকার্বন (তেল ও গ্যাস) নির্বিঘ্নে রপ্তানি করার সুযোগ পাচ্ছে।
উপসাগরীয় আরব রাজতন্ত্রগুলোর মধ্যে ওমানের অর্থনীতিই এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। চলতি বছরে দেশটির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে শক্তিশালী ৪.৫ শতাংশে। এর বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রাক্কলন করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বাড়বে মাত্র ০.২ শতাংশ; আর সৌদি আরবের অর্থনীতি ৩.৩ শতাংশ এবং কাতারের অর্থনীতি ১৪.৫ শতাংশ সংকুচিত হবে।
ওমানি অর্থনৈতিক ও ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান 'দ্য ফার্ম'-এর বিশ্লেষক আদহাম আল সাইদ বলেন, "এখানে সৌভাগ্যের বিষয় যেমন আছে, তেমনি একই সাথে রয়েছে সুপরিকল্পিত প্রস্তুতি।" তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে ওমান সরকার তার আর্থিক খাতে ব্যাপক সংস্কার এনেছে—যার ফলে বাজেট ঘাটতি কাটিয়ে উদ্বৃত্ত তৈরি হয়েছে এবং সরকারি ঋণ ২০২০ সালের জিডিপির ৬৮ শতাংশ থেকে কমে চলতি বছরে প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে।
এ ছাড়া দেশটি বন্দর ও সড়ক অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগ করেছে, যা এখন উপসাগরীয় দেশগুলোর পণ্য আমদানির জন্য গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে কাজ করছে। গত আগস্ট পর্যন্ত এক বছরে ওমানি বন্দরগুলোতে সামুদ্রিক জাহাজ চলাচল ২৮ শতাংশ বেড়েছে।
বন্দরসংলগ্ন বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো হাইড্রোকার্বনের ওপর নির্ভরতা কমিয়ে ওমানের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের ধীরগতিকে ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এসব অঞ্চলে গ্রিন হাইড্রোজেন (ওমানে প্রচুর সূর্যালোক ও বায়ুপ্রবাহ রয়েছে), ইস্পাত এবং পেট্রোকেমিক্যাল কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এমনকি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি মহাকাশ বন্দর (স্পেসপোর্ট) নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
গুরুত্বপূর্ণ সমুদ্রপথের বাইরে অবস্থানের কৌশলগত সুবিধা
মধ্যপ্রাচ্যের প্রধান সামুদ্রিক সংকটপূর্ণ পথগুলোর (চোক পয়েন্ট) মধ্যে লোহিত সাগরে ইয়েমেনের হুথি বাহিনীর হুমকির মুখে থাকা বাব-আল-মান্দেব প্রণালীও রয়েছে। কিন্তু এর বাইরে ওমানের অবস্থান দেশটির সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো ওমানের দুকম তেল টার্মিনাল পর্যন্ত একটি নতুন পাইপলাইন নির্মাণের কথা ভাবছে। অন্যদিকে, ওমানের সোহার বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির মধ্যে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য 'হাফিত রেল' প্রকল্পের পরীক্ষামূলক চলাচল ২০২৭ সালের শেষ নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে।
এটি আমিরাতের বিদ্যমান রেল ব্যবস্থার সাথে যুক্ত হবে এবং পরবর্তীতে ২০৩০ সালের মধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি সদস্য রাষ্ট্রকে সংযুক্তকারী বৃহত্তর রেল নেটওয়ার্কের অংশ হয়ে উঠবে।
ওমানিরা মনে করেন, তাঁদের রাজনৈতিক নিরপেক্ষতাই এই অঞ্চলের যুদ্ধগুলোর সবচেয়ে ভয়াবহ পরিণতি থেকে দেশটিকে রক্ষা করছে। ওমান মার্কিন বাহিনীকে তার বন্দরগুলো ব্যবহারের অনুমতি দিলেও—দেশে কোনো বড় বিদেশি সামরিক ঘাঁটি রাখতে দেয়নি। একই সাথে ইরানের সাথেও দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
এই অবস্থানই ওমানকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এবং হুথিদের সাথেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের সুযোগ করে দিয়েছে। তবে নিরপেক্ষতা মানেই সম্পূর্ণ সুরক্ষা বা দায়মুক্তি নয়—চলতি বছরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশপথে অভিযানের সময়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ওমানেও আঘাত হেনেছিল। অবশ্য অন্যান্য উপসাগরীয় দেশের তুলনায় এধরনের আক্রমণতার তীব্রতা কমই ছিল ওমানে।
নিরপেক্ষতার ঝুঁকি ও ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
তবুও ওমানের আকাশে কালো মেঘ এখনো ঘুরপাক খাচ্ছে। প্রথমত, আঞ্চলিক সংঘাতের কারণে দেশটির তেল-বহির্ভূত খাতের প্রবৃদ্ধি গত বছরের ৩.১ শতাংশ থেকে কমে চলতি বছরে ১.৪ শতাংশে নেমে এসেছে। পর্যটন খাত থেকে আয় কমে গেছে এবং দীর্ঘস্থায়ী আঞ্চলিক অস্থিতিশীলতা বিদেশি বিনিয়োগকারীদেরও শঙ্কিত করে তুলতে পারে। বিশ্লেষক ড. আল সাইদ বলেন, "এখানে আমি কাউকেই বিজয়ী দেখছি না। দীর্ঘমেয়াদী ক্ষতির বিনিময়ে স্বল্পমেয়াদী লাভ কারও স্বার্থেই ভালো নয়।"
ওমানের রাজনৈতিক ভারসাম্য রক্ষার এই কৌশল বেশ ঝুঁকিপূর্ণও বটে। মাস্কট দাবি করে, ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য কোনো অস্তিত্বগত হুমকি নয় এবং দেশটিকে বিচ্ছিন্ন না করে বরং আঞ্চলিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা উচিত। ওমান একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সাথে উপসাগরীয় দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক পুনর্মূল্যায়নের পক্ষে কথা বলছে।
কিন্তু অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের অভিযোগ, ওমান ইরান ও হুথিদের প্রতি অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাচ্ছে। মার্কিন অলাভজনক শিক্ষামূলক সংস্থা সেজ ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স'-এর এলানা ডেলোজিয়ার বলেন, "কিছু দেশ তো ওমানের এই নিরপেক্ষতার ধরনকে প্রকৃত নিরপেক্ষতা বলেই মনে করে না।"
হরমুজ প্রণালী নিয়ে ওমানের অস্পষ্ট অবস্থানও অস্বস্তি তৈরি করছে। ইরান কার্যত এই জলপথের ওপর নিয়ন্ত্রণ এবং জাহাজ চলাচলের ওপর টোল বা মাশুল আদায়ের অধিকার দাবি করছে—যা আরব রাষ্ট্রগুলো ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই প্রত্যাখ্যান করেছে। এই পরিস্থিতিতে ওমান সামুদ্রিক সেবা, নৌচলাচল সহায়ক ব্যবস্থা রক্ষণাবেক্ষণ এবং তেল নিঃসরণ মোকাবিলার জন্য "স্বেচ্ছামূলক" অর্থ প্রদানের একটি ধারণা প্রস্তাব করেছে। তবে এ ধরনের আধা-সমাধান কাউকেই খুশি করতে পারবে না বলে মনে করা হচ্ছে।
আপাতত ইরানিদের নজর এড়িয়ে চলতে চাওয়া জাহাজগুলো মার্কিন যুদ্ধবিমানের আংশিক সুরক্ষায় ওমানের জলসীমা দিয়ে চলাচল করছে। কিন্তু এরপরও কিছু জাহাজ হামলার শিকার হচ্ছে এবং অধিকাংশ সময় সেই বিপর্যয় সামাল দিতে হচ্ছে ওমানকেই।
গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "ওমান যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে আমরা তাদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ করব।" অর্থাৎ, ট্রাম্পের ক্ষমতাসীন থাকা অবস্থায় ওমান এখনো পুরোপুরি বিপদমুক্ত নয়।