বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর। কৃষি খাতে পাঁচ হাজার বাংলাদেশি শ্রমিক নিয়োগের উদ্যোগ নিয়েছে ওমান। এ লক্ষ্যে দেশটির কৃষি সংস্থা ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ) ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে।
ওএএর বরাত দিয়ে বৃহস্পতিবার ওমান ডেইলি অবজার্ভারের প্রতিবেদন বলছে, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনের ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় নিবন্ধিত খামার মালিকরা বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসার আবেদন করতে পারবেন।
ওএএ জানিয়েছে, আবেদন প্রক্রিয়াটি শুধু আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্য উন্মুক্ত। আবেদনকারীদের বার্ষিক সদস্যপদ ফি হিসেবে ২৫ ওমানি রিয়াল পরিশোধ করতে হবে।
এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে কৃষি হোল্ডিং সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং চাষকৃত ফসল ও জমির বিস্তারিত তথ্যসংবলিত ২০২৬-২৭ মৌসুমের কৃষি চাষ ফরমের ফটোকপি জমা দিতে হবে।
সংস্থাটি জানিয়েছে, আগামী **৯ থেকে ২০ আগস্ট** পর্যন্ত সরকারি কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইবরির আল মুরতাফায় অবস্থিত ওএএর কার্যালয়ে আবেদন গ্রহণ করা হবে। অসম্পূর্ণ আবেদন বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জমা দেওয়া আবেদন বিবেচনায় নেওয়া হবে না।
ওমানের কৃষি সনদ প্রদানকারী কার্যালয়ের এক কর্মকর্তা ওমান ডেইলি অবজার্ভারকে জানান, বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য অনুমোদিত পাঁচ হাজার শ্রমিকের কোটা ওমানজুড়ে নিবন্ধিত কৃষি অ্যাসোসিয়েশনগুলোর সদস্যদের জন্য সংরক্ষিত। এই কোটা বিভিন্ন কৃষি অ্যাসোসিয়েশনের মধ্যে বণ্টন করা হবে। প্রতিটি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জন বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের সুযোগ পাবে।